আবার বিজয় রাইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় রাইডের চেনা দৃশ্য। ছবি: বিডিসাইক্লিস্টস
বিজয় রাইডের চেনা দৃশ্য। ছবি: বিডিসাইক্লিস্টস

কুয়াশার চাদর সরিয়ে উঁকিঝুঁকি দিচ্ছে সূর্য। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ তখন লোকে লোকারণ্য। প্রত্যেকের সঙ্গে একটি সাইকেল। িফনিক্স, হিরো থেকে শুরু করে হাল জামানার মাউনটেন বাইক, রোড বাইক—সবই পথে নামানো হয়েছে। আট বছরের শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, মাঝবয়সী, বয়োবৃদ্ধ, চাকরিজীবী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, অভিনেতা কে নেই সেখানে!
বাংলাদেশে সাইকেলপ্রেমীদের বৃহত্তম এই উৎসবে যোগ দিতে দূর-দূরান্ত থেকে সাইক্লিস্টরা আসেন। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট থেকেও আসেন অনেকে। কেউ নতুন সাইকেল কিনে রাইডে আসেন। কেউ ধুলার আস্তর সরিয়ে পুরোনো সাইকেলটা নতুনের মতো চকচকে করে নিয়ে আসেন। সবার উদ্দেশ্য একটাই—বিজয় দিবসে রাজধানীর রাস্তায় সাইকেল চালানো। বাংলাদেশে সাইক্লিস্টদের অন্যতম সংগঠন বিডিসাইক্লিস্টস-এর নাম দিয়েছে ‘বিজয় রাইড’।
লাল-সবুজ জামা গায়ে, কেউ সাইকেলে পতাকা ঝুলিয়ে, কেউবা বাহারি রঙের জামা গায়ে, হরেক রকমের বেলুন নিয়ে আসেন। রাইডে বাদ্য-বাজনার আয়োজন থাকে। সকাল আটটার দিকে শুরু হয় রাইড। ধীরগতিতে চলতে থাকে সাইকেলগুলো। রাজধানীর বিভিন্ন পথ বেয়ে দেড়-দুই ঘণ্টা ধরে চলে এই রাইড। ২০১৩ সালে পাঁচ হাজার সাইক্লিস্টস যোগ দিয়েছিলেন বিজয় রাইডে। গেলবার লোক হয়েছিল আট হাজার। এফডিসির সামনে থেকে গুলশান শুটিং কমপ্লেক্স পর্যন্ত রাস্তার এক লেনজুড়ে শুধু সাইকেলই ছিল।
বিজয়ের জয়গান, বিজয় দিবসকে উদ্যাপন, তথা সব সাইক্লিস্ট একত্র হওয়ার লক্ষ্যেই বিজয় রাইডের উদ্দেশ্য, জানালেন বিডিসাইক্লিস্টসের মডারেটর ফুয়াদ আহসান চৌধুরী। স্বাধীনতা দিবসেও এমনি রাইডের আয়োজন করেন তাঁরা।
এবারও আসন্ন বিজয় দিবসে রাজধানী চষে বেড়াবেন সাইকেলপ্রেমীরা। যেকোনো বয়সী নারী-পুরুষ যোগ দিতে পারেন এই উৎসবে। এ জন্য হৃদয়ে উচ্ছ্বাস আর সঙ্গে একখানা সাইকেল থাকলেই যথেষ্ট।