আবারও বিদ্রোহ আর অস্থিতিশীলতার মুখে পড়েছে আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক—সিএআর)। মাস খানেক আগে উত্তরাঞ্চলে সরকারবিরোধী অভিযান শুরু করার পর দেশজুড়ে বেশ কয়েকটি শহর নিয়ন্ত্রণে নিয়েছে তারা। সম্প্রতি দামারা শহরে এসে অগ্রাভিযান থামিয়েছে। জায়গাটা রাজধানী বাংগুই থেকে মাত্র এক ঘণ্টার গাড়ির দূরত্বে। প্রতিবেশীদের আপ্রাণ চেষ্টায় শেষ পর্যন্ত দুইপক্ষ পাশের দেশ গ্যাবনে আলোচনায় বসেছে। কিন্তু শেষ পর্যন্ত কী হবে এখনই কিছু বলা যায় না।নির্বাচনের পর একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করা নিয়ে আলোচনা হবে গ্যাবনের রাজধানী লিব্রেভিলের সংলাপে। তবে শান্তিচুক্তির পূর্বশর্ত হিসেবে বিদ্রোহীরা প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজের পদত্যাগ দাবি করছে। দেশটির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আফ্রিকান ইউনিয়ন (এইউ) মধ্যস্থতার জন্য এগিয়ে এসেছে। তবে এর বাইরের দুনিয়ার প্রায় কারোরই মাথাব্যথা দেখা যাচ্ছে না হতদরিদ্র এই দেশটি নিয়ে। ফ্রান্সের কাছ থেকে ১৯৬০ সালে স্বাধীনতা লাভের পর থেকে অভ্যুত্থান ও বিদ্রোহ লেগেই আছে সিএআরে। বিদ্রোহীরা বিভিন্ন উপদলের সমন্বয়ে ‘সেলেকা’ নামে একটি জোট গঠন করেছে। স্থানীয় স্যাংগো ভাষায় সেলেকা কথার অর্থই জোট। বিদ্রোহীদের অভিযোগ, প্রেসিডেন্ট বোজিজে ২০০৭ ও ২০০৮ সালের শান্তি চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। ওই শর্তে বিদ্রোহীদের সরকারে অন্তর্ভুক্তি ও তাদের সেনাদের জাতীয় সেনাবাহিনীতে আত্তীকরণের কথা ছিল।অল্প দিনের এক গৃহযুদ্ধ পর্বের পর ২০০৩ সালে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট বোজিজে। তবে ২০০৫ ও ২০১১ সালে দুই দফা নির্বাচনে জেতার পরও তাঁর ক্ষমতার ভিত কখনোই তেমন শক্ত হতে পারেনি। হবেই বা কী করে! একের পর এক বিদ্রোহ, অরাজকতা আর চাদ, সুদান ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর গোলযোগের প্রভাব সামলাতে হয়েছে তাঁকে। উগান্ডার জোসেফ কোনির নির্মম লর্ডস রেজিস্ট্যান্স আর্মি মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের দক্ষিণ-পূর্ব প্রান্তে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।অতীতে একসময় ফ্রান্স তার এই সাবেক উপনিবেশের ওপর নজর রাখত। নেপথ্যে থেকে কলকাঠি নাড়া ছাড়াও সময়ে সময়ে নিজের সেনা মোতায়েন করে শান্তি-শৃঙ্খলা রক্ষা করত। রাজধানী বাংগুইয়ের কাছে একটি ঘাঁটিতে ৫০০ ফরাসি সেনা আছে এখন। এ ছাড়া দেশটিতে বাস করে হাজার খানেক বেসামরিক ফরাসি নাগরিক। তবে এটা স্পষ্ট যে ফ্রান্সের সমাজতন্ত্রী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবার হস্তক্ষেপে মোটেই আগ্রহী নন। ফ্রান্সের আরেক সাবেক উপনিবেশ পশ্চিম আফ্রিকার মালির সংকট আরও অনেক বেশি গুরুতর। মালির উত্তর অংশ এখন তুয়ারেগ বিদ্রোহী ও ইসলামপন্থীদের দখলে। এই ইসলামপন্থীদের সঙ্গে আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখার যোগাযোগ রয়েছে। এ নিয়ে মালির প্রতিবেশী দেশগুলো উদ্বিগ্ন। ফ্রান্স চাইছে, আফ্রিকার দেশগুলোর যৌথ বাহিনী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উত্তর মালিতে হস্তক্ষেপ করুক। মালির ঝামেলা কত দিন চলে তা ভেবেই ফ্রান্সের ঘুম হারাম। সিএআর তার জন্য বোঝার ওপর শাকের আঁটি হবে।স্থলবেষ্টিত দেশ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের ৪৫ লাখ মানুষের বেশির ভাগই প্রান্তিক চাষি। যথেষ্ট পরিমাণ মূল্যবান কাঠ, সোনা, ইউরেনিয়াম ও হীরার মজুদ থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতা দেশটির উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান মার্সার তাদের সম্প্রতি প্রকাশিত বিশ্বের বড় নগরগুলোর জীবনযাত্রার মানবিষয়ক সমীক্ষায় বাংগুইকে ২২০তম স্থানে রেখেছে, যা বাগদাদের সামান্য আগে। ইসরাত জাহান