আবার বেপরোয়া জামায়াত-শিবির
সরকারের মেয়াদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আবার বেপরোয়া হয়ে উঠছে জামায়াত-শিবির। ঝটিকা মিছিল থেকে বোমাবাজি, যানবাহন ও দোকানপাট ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার মতো সহিংস-সন্ত্রাসী কর্মকাণ্ডে মেতে উঠেছে তারা। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ছোবল থেকে রক্ষা পাচ্ছেন না নগরসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের পথচারী, এমনকি স্কুলপড়ুয়া শিশুরাও। শিবিরের কর্মীদের এ রকম তৎপরতার কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শিবিরের কর্মীরা জামিনে বেরিয়ে আসার ঘটনায় চিন্তিত হয়ে পড়েছে পুলিশও।জামায়াত-শিবিরের হামলা মোকাবিলায় ব্যস্ত হয়ে পড়েছে পুলিশ। হামলা ঠেকাতে গিয়ে তারাও আক্রমণের শিকার হচ্ছে। গত রোববার সকালে নগরের বাদুড়তলা এলাকায় পুলিশের তিন সদস্যকে বেদম পিটুনি দেন শিবিরের কর্মীরা। একজনকে নর্দমায় ফেলে প্রহার করা হয়। ভেঙে দেওয়া হয় পুলিশের একটি রাইফেল। বোমাবাজি করে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। রোববারের ঘটনার রেশ না কাটতেই গত মঙ্গলবার কাজীর দেউড়ি এবং আসকারদীঘি পাড় এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন শিবিরের কর্মীরা। ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের কারণে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানের সন্ধানে ছোটাছুটি করে। পরে পুলিশ এলে শিবিরের কর্মীরা পালিয়ে যান। গত সপ্তাহে উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডেও একের পর এক গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান তাঁরা। গত রোববার দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় শিবিরের কর্মীরা ব্যাপক গাড়ি ভাঙচুর করেছে। সেখানে জামায়াত-শিবির আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। এদিকে সাতকানিয়া-লোহাগাড়া এলাকার জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর পক্ষে একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অভিযানের পরিকল্পনা ওই কর্মকর্তা ফাঁস করে দেন, ফলে ওই এলাকায় জামায়াত-শিবিরের নাশকতা থামানো যাচ্ছে না।এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার বলেন, ‘একজন কর্মকর্তার সন্দেহজনক গতিবিধি সম্পর্কে আমাদের কাছে কিছু তথ্য আছে। সেগুলো আমরা খতিয়ে দেখছি।’ জানা গেছে, একের পর এক নাশকতার ঘটনা মোকাবিলায় পুলিশ প্রশাসন তাদের কৌশলে পরিবর্তন এনেছে। জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের টহল দলের সদস্য চার-পাঁচজন থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। কারণ প্রাথমিকভাবে যেকোনো নাশকতা মোকাবিলার জন্য পুলিশের ১০ সদস্যই যথেষ্ট। পরিস্থিতি বুঝে ঘটনাস্থলে আরও পুলিশ পাঠানোর প্রস্তুতিও আমাদের রয়েছে।’ নাশকতায় জড়িত শিবিরের কর্মীরা গ্রেপ্তারের পর আদালত থেকে জামিন নিয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এ বিষয়ে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজ আহমেদ বলেন, ‘বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত শিবিরের অনেক কর্মীকে আমি গ্রেপ্তার করেছি। তাঁদের মধ্যে অনেক আসামি দ্রুত সময়ের মধ্যে জামিনে মুক্ত হয়ে আবার বোমাবাজি, ভাঙচুর এবং পুলিশের ওপর হামলা চালাচ্ছেন।’ মহানগর আদালতের সরকারি কৌঁসুলি কামাল উদ্দিন আহাম্মদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ভয়ংকর সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলায় আসামিদের জামিন পাওয়া উচিত নয়। কারণ এতে সন্ত্রাসী ঘটনা বাড়বে। জানমালের ক্ষতি হবে।’