আবার মমতাকে বিজেপির টোপ
দুর্নীতির পাঁকে আটকে পড়ে জনপ্রিয়তা ভালোই হারিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউপিএ। ফলে সর্বভারতীয় রাজনীতিতে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কদর বেড়েছে। তার মানে এই নয় যে দলটি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়ার মতো অবস্থানে রয়েছে। ভারতের প্রভাবশালী টিভি চ্যানেল এনডিটিভি সম্প্রতি এক সমীক্ষায় আভাস দিয়েছে, এই মুহূর্তে লোকসভার অন্তর্বর্তী নির্বাচন হলে কোনো দল বা জোটই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তবে আসনসংখ্যার দিক থেকে এগিয়ে যাবে বিজেপি বা তাদের জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ। এর আগে বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানিও এই বলে ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী সাধারণ নির্বাচনে কংগ্রেস বা বিজেপির কেউ প্রধানমন্ত্রী না হলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।নিশ্চিত জয়ের সুবাস এনে না দিলেও এনডিটিভির সমীক্ষা বিজেপি শিবিরে খুশির বার্তা ছড়িয়েছে। একটু খতিয়ে দেখা যাক কী বার্তা দিয়েছে এনটিডিটিভির সমীক্ষা।সমীক্ষায় বলা হয়েছে, আগামী নির্বাচনে ৫৪৫টি আসনের লোকসভায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ২০৭টি আসন। ২০০৯ সালের সর্বশেষ নির্বাচনে তারা পেয়েছিল মাত্র ১৫৯টি আসন। বিজেপি এককভাবে পেতে পারে ১৪৩টি আসন। গত নির্বাচনে বিজেপি একা পেয়েছিল ১১৬টি আসন।পক্ষান্তরে, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএর আসনসংখ্যা কমে দাঁড়াতে পারে ১৮৫-তে। গত নির্বাচনে তারা পেয়েছিল ২৬২টি আসন। আর কংগ্রেস এককভাবে পেতে পারে ১২৭টি আসন; যেখানে গত নির্বাচনে পেয়েছিল ২০৬টি।সমীক্ষার ফল বলছে, তৃতীয় স্থানে থাকতে পারে উত্তর প্রদেশের মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি। তারা পেতে পারে ৩৩টি আসন। এরপর মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ২৭, সংযুক্ত জনতা দল ২৫, বাম দল ২৫, অন্ধ্র প্রদেশে ওয়াইএসআর কংগ্রেস ২১, ওডিশার বিজু জনতা দল ১৬, তামিলনাড়ুর কুমারী জয়ললিতার এআইএডিএমকে ১৭ এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি পেতে পারে ১৫টি আসন।পর্যবেক্ষকেরা মনে করছেন, এনডিটিভির এই সমীক্ষার ফল চাঙা করে তুলবে বিজেপিকে। তাদের অনেক নেতা তো মনে করেন, ২০১৪ সালের নির্বাচনে তাঁরা জিততেই চলেছেন। এই নির্বাচনে তাঁদের প্রধান অস্ত্র হবে কংগ্রেসের দুর্নীতি। আর সেই অস্ত্র যথেষ্ট কার্যকর হওয়ারই কথা। মমতার তৃণমূল কংগ্রেস এনডিটিভির সমীক্ষার ফলাফলে খুশি। এতটাই খুশি যে ধন্যবাদও জানিয়েছে এনডিটিভিকে। এনডিটিভির হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২৭টিতে জিতবে তৃণমূল। তবে দলটির এক শীর্ষ নেতা বলেছেন, ২৭টি নয়, ৪১টি আসনেই জিতবে তৃণমূল।বিজেপি ভাবছে, একা সংখ্যাগরিষ্ঠতা না পেলে অন্যান্য দলের সমর্থন নিয়ে সরকার গড়ার উদ্যোগ নেবে। এবার তারা প্রধান টার্গেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে। বিজেপি জানে, সরকার গড়তে গেলে অন্যতম প্রধান আঞ্চলিক দল মমতার সমর্থন অপরিহার্য। আর কংগ্রেসের সঙ্গে মমতার রয়েছে ঠান্ডা যুদ্ধ। সেই যুদ্ধকে হাতিয়ার করে নতুন লক্ষ্য নিয়ে এগোতে শুরু করেছে বিজেপি। এখন থেকেই মমতার সঙ্গে খাতিরের চেষ্টা শুরু করে দিয়েছে দলটি। বিজেপির মুখপাত্র শাহনেওয়াজ হুসেন গত সপ্তাহে কলকাতায় এক সংবাদ সম্মেলনে মমতাকে ইউপিএ সরকার ত্যাগের ডাক দেন। স্পষ্টতই তৃণমূলপ্রধানকে খুশি করার চেষ্টায় শাহনেওয়াজ হুসেন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশজুড়ে রয়েছে এক উজ্জ্বল ভাবমূর্তি। নিজস্ব ভাবমূর্তিকে অটুট রাখতেই তাঁর উচিত ইউপিএ থেকে বেরিয়ে আসা।শাহনেওয়াজ হুসেনের ডাকে অবশ্য এখনো সাড়া দেননি মমতা। তবে দেবেন না, তা মনে করার কোনো কারণ নেই। আগেও মমতা হিন্দুত্ববাদী বিজেপির সঙ্গে আঁতাত করে নির্বাচনে লড়েছেন; এমনকি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও যোগ দিয়েছেন। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। সংখ্যালঘু মুসলিম সম্প্র্রদায় মমতার গুরুত্বপূর্ণ ভোট-ব্যাংক। তিনি হয়তো এবার চাইবেন না বিজেপিকে সমর্থন করে সেই ভোট-ব্যাংকে ফাটল ধরাতে। এর আগে বিজেপির সঙ্গে একযোগে লড়ে রাজ্যের ৪২টি আসনের মধ্যে তিনি পেয়েছিলেন মাত্র একটি। তা-ও তাঁর নিজের আসনটি মাত্র। কিন্তু ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে শেষ কথা বলেও কিছু নেই। তাই আগামী নির্বাচনের পর ‘পশ্চিমবঙ্গের স্বার্থে’ মমতা এনডিএকে সরকার গড়তে সমর্থন দিলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। অমর সাহা, কলকাতা