আবার মুখোমুখি আব্বাস-নেতানিয়াহু
দেড় বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো আবার সরাসরি শান্তি আলোচনা শুরু করতে রাজি হয়েছে ফিলিস্তিন ও ইসরায়েল। এ আলোচনার মাধ্যমে এক বছরের মধ্যে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র। কিন্তু সত্যিই কি তা হবে, এ প্রশ্ন সবার। অনেক রাজনৈতিক ভাষ্যকারই অভিজ্ঞতার আলোকে আশাবাদী হতে পারছেন না।তবে আলোচনার ফল যা-ই হোক, আপাতত দুই পক্ষকে সংলাপের টেবিলে ফিরিয়ে আনতে পারাটাকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রাজনৈতিক সফলতা হিসেবেই দেখা হচ্ছে।দুই পক্ষকে সরাসরি শান্তি আলোচনায় বসতে রাজি করাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জর্জ মিশেলকে। ওবামা প্রশাসনের নিরন্তর ‘শাটল ডিপ্লোম্যাসিতে’ শেষ পর্যন্ত দুই পক্ষ সরাসরি আলোচনায় বসতে রাজি হয়।আগামী ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে এই শান্তি আলোচনা শুরু হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, এবারের শান্তি আলোচনা নিয়ে তারা ‘খুবই আশাবাদী’। কয়েকটি কারণে সরাসরি আলোচনার বিষয়টি আটকে ছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বরাবরই বলে আসছিলেন, তিনি আলোচনার টেবিলে ফিরতে প্রস্তুত, কিন্তু কোনো পূর্বশর্ত থাকতে পারবে না।কিন্তু আলোচনার আগে কয়েকটি বিষয়ে নিশ্চয়তা দাবি করে আসছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তাঁর দাবি, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা হবে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে। আর ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ সম্পূর্ণ বন্ধ করতে হবে।আগামী ২৬ সেপ্টেম্বরের আগে আলোচনা শুরুর জন্য ওয়াশিংটনের দিক থেকে চাপ ছিল। কারণ পশ্চিম তীরে ইসরায়েলিদের বসতি নির্মাণে ১০ মাসের স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে ২৬ তারিখে। ইসরায়েল পুরোমাত্রায় বসতি নির্মাণকাজ শুরু করলে, তা শান্তি-প্রচেষ্টার প্রতি বড় ধরনের আঘাত হতে পারে।কে কী চায়: নেতানিয়াহু বলেছেন, তিনি ফিলিস্তিন রাষ্ট্র সমর্থন করবেন, কিন্তু তা অবশ্যই অসামরিক হতে হবে। ইসরায়েলকে অবশ্যই ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। পবিত্র নগর জেরুজালেম হবে ইসরায়েলের রাজধানী। এটি বিভক্ত করা যাবে না। অন্যদিকে ফিলিস্তিনিরাও জেরুজালেমকে রাজধানী করতে চায়। নেতানিয়াহুর এই অবস্থান তাঁর পূর্বসূরি এহুদ ওলমার্টের অবস্থানের চেয়েও কঠোর। কিন্তু এটা কি নিছক দরকষাকষির জন্য প্রাথমিক অবস্থান, না এ থেকে তিনি নড়বেনই না, তা এখনো পরিষ্কার নয়।ফিলিস্তিনিদের চূড়ান্ত চাওয়া একটি স্বাধীন রাষ্ট্র। যে রাষ্ট্রের রাজধানী হবে আরব-অধ্যুষিত পূর্ব জেরুজালেম। তারা চায়, ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা হবে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে। তবে ফিলিস্তিনিরা আংশিক ভূমি বিনিময়ে রাজি। বর্তমানে ইসরায়েলের সীমানার ভেতর রয়েছে এমন কিছু জায়গার বিনিময়ে কিছু ইসরায়েলি বসতির ওপর দাবি ছেড়ে দিতে রাজি ফিলিস্তিনিরা।বসতি, জেরুজালেম ও ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের সীমানার মতো স্পর্শকাতর বিষয়ে এখনো বড় মতপার্থক্য থেকে যাওয়ায় হোয়াইট হাউস যতই আশাবাদী হোক, খুব বেশি ভরসা পান না বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, ইসরায়েলিরা অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ না করলে আলোচনা ফলপ্রসূ হবে না। অনেকের মতে, আসন্ন আলোচনায় একটি বড় ধরনের ঐকমত্যের সম্ভাবনা ক্ষীণ। আলোচনার সফলতার ব্যাপারে সংশয় রয়েছে ইসরায়েলি রাজনীতিকদের মধ্যেও। আলোচনার আগেই হতাশার সুর দেশটির মধ্য ও বামপন্থীদের মধ্যে। তাঁদের মতে, বসতি স্থাপন ও জেরুজালেমের মতো কঠিন প্রশ্নের ক্ষেত্রে কট্টরপন্থী সরকার নমনীয় ভূমিকা না নিলে এবারের আলোচনায়ও তেমন কোনো ফল পাওয়া যাবে না।অধিকৃত এলাকায় ইসরায়েলের বসতি নির্মাণকে শান্তি-প্রক্রিয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে। প্রধান ফিলিস্তিনি আলোচক সায়েব এরাকাত এ প্রসঙ্গে বলেছেন, ইসরায়েলিদের সামনে দুটো পথ। একটি বসতি স্থাপন, অন্যটি শান্তি। এরাকাত বলেন, তাঁরা আশাবাদী যে ইসরায়েলিরা শান্তির পথই বেছে নেবে। অধিকৃত এলাকায় নতুন বসতি নির্মাণ শুরু হলে ফিলিস্তিনিরা শান্তি আলোচনা থেকে সরে আসবে বলে সাবধান করে দেন তিনি।শান্তি-প্রক্রিয়ায় সমস্যার বিষয়টি স্বীকার করেন হিলারি ক্লিনটনও। হিলারি বলেন, সমস্যা অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকতে পারে। কিন্তু সামনে এগিয়ে যাওয়ার জন্য কঠিন সময়ের ভেতরও কাজ করে যেতে হবে। দুই পক্ষকে সরাসরি আলোচনায় বসতে রাজি করানোকে এখনই সফলতা হিসেবে দেখতে রাজি নন অনেক বিশ্লেষক। ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ব্রুকিং ইনস্টিটিউশনের রাষ্ট্রবিজ্ঞানী টমাস মান বলেন, সরাসরি শান্তি আলোচনা আবার শুরুর বিষয়টি এখনই সত্যিকারের অর্জন হিসেবে ঘোষণা করাটা আগাম বলা হয়ে যাবে। তিনি বলেন, অসম্ভব কঠিন পরিস্থিতি মোকাবিলায় এটা ছোট, তবে প্রয়োজনীয় পদক্ষেপ।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন ওয়াল্টের সুর আরও কঠোর। বিদেশি নীতিবিষয়ক একটি ওয়েবসাইটে তিনি আলোচনার এই প্রক্রিয়াকে নিছক একটা বিভ্রম হিসেবে বর্ণনা করেছেন।সর্বশেষ আলোচনা: ২০০৮ সালের ডিসেম্বরে ফিলিস্তিনশাসিত গাজায় বড় ধরনের ইসরায়েলি সেনা অভিযান শুরুর পর ওলমার্ট সরকার ও ফিলিস্তিনিদের মধ্যে সরাসরি শান্তি আলোচনা ভেস্তে যায়।এর আগে সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য বৈঠকে মানচিত্র বিনিময় করেছিল দুই পক্ষ। কিন্তু তারা কোনো সমাধানে পৌঁছতে ব্যর্থ হয়। ওলমার্ট বলেছিলেন, ফিলিস্তিনিদের এ পর্যন্ত যত প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে তাঁরটিই সবচেয়ে উদার।আব্বাসের দল জানায়, তারা যে মানচিত্র দিয়েছে, তাতে ইসরায়েলের অভ্যন্তরের কিছু ভূমির বিনিময়ে পশ্চিম তীরের ১ দশমিক ৯ শতাংশ ভূমি ইসরায়েলিদের নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল।দুই নেতার অবস্থা: নেতানিয়াহুর পক্ষে ছাড় দেওয়ার সুযোগ খুবই কম। কারণ ডানপন্থীরাসহ তাঁর জোটের দলগুলো এতটাই কট্টর অবস্থানে রয়েছে যে জেরুজালেম প্রশ্নে কথা বলতেও নারাজ।অন্যদিকে, মাহমুদ আব্বাসের অবস্থান বেশ দুর্বল। তাঁর ক্ষমতায় থাকার মেয়াদ শেষ। নির্বাচনের সময় পার হয়ে গেছে। কিন্তু ফাতাহ দলের অন্তঃকোন্দল ও ফাতাহ-হামাস বিরোধের কারণে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না। ১৫ লাখ ফিলিস্তিনির আবাসস্থল গাজার নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের সঙ্গে আলোচনার কট্টর বিরোধী। আব্বাস যদি ইসরায়েলিদের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানও হামাসের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়ার সম্ভাবনাই বেশি। তবে হামাসের কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন, গণভোটের আয়োজন করা হলে তাঁরা সম্ভাব্য চুক্তি মেনে নেবেন।আলোচনা ব্যর্থ হলে কী হবে: ২০১১ সালের মাঝামাঝি সময়ের মধ্যে একটি কার্যকর রাষ্ট্রের জন্য অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার কাজ করছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফায়েদ। গুঞ্জন রয়েছে, এই প্রক্রিয়ার ফলে ফিলিস্তিনিরা একতরফা স্বাধীনতার ঘোষণা দিয়ে দিতে পারে। অবশ্য মাহমুদ আব্বাস তা নাকচ করে দিয়েছেন। কিন্তু এর সম্ভাবনাটা ইসরায়েলিদের জন্য অস্বস্তিকর বিষয় হিসেবেই রয়ে গেছে। তা ছাড়া রাজনৈতিক-প্রক্রিয়ার ব্যর্থতা সহিংসতা ডেকে আনতে পারে—সে আশঙ্কা তো রয়েছেই।