আবার রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ আবার জন্মেছেন। একালে আবার না এলে অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকতে হতো ঠাকুর সাহেবের। তাঁর প্রথম আমলে স্যাটেলাইট টিভি ছিল না, এখন ডানে চ্যানেল, বাঁয়ে চ্যানেল। সামনে-পেছনে, এদিক-ওদিক হাউমাউখাউ করছে চ্যানেল আর চ্যানেল। এবারের রবীন্দ্রনাথ সময়ের দাবি বেশ বুঝে গেছেন, তাই সংগীত রচনায় তেমন সময় নষ্ট করছেন না। দুই হাতে নাটক লিখলে ফায়দা বেশি। পারলে ১০ আঙুলে ১০টা লেখা যায় কি না, দুই পায়ে যদি লেখা যায় ষোলোকলা পূর্ণ হতো।আহ্লাদে আটখানা হয়ে তাঁর নাট্যরচনা চলছে, চলবে অপ্রতিরোধ্য গতিতে। ছাইপাশ হলেও বিশেষ ক্ষতি নেই। নামের একটা দাম তৈরি হয়ে আছে, অতএব কেউ টুঁ শব্দ করবে, এমন সম্ভাবনা শূন্য। বাণিজ্য, স্বার্থরক্ষা এখন প্রথম ও প্রধান কর্তব্য। অতএব এগুলোকে জঞ্জাল বলে কেউ নিজের পায়ে কুড়াল মারবে না। কেউ লিখবে না এই ‘রবীন্দ্রনাথ গোল্লায় গিয়াছেন’। হিসাব এখন অন্য রকম।প্রথম জন্মে ঠাকুর বাণিজ্যস্বার্থ বোঝেননি। সেকালে না বুঝেও চলেছে ঠিকঠাক। একালের কথা আলাদা। এখন সাপ ফণা তুলে দাঁড়ালেও বুদ্ধিমান হাতের লাঠি লুকিয়ে রাখে। সাপ মরবে লাঠি ভাঙবে না—এসব পুরোনো ধারণা। ফণা তোলা সাপকে ইশারায় শত্রুর দিকে ঘুরিয়ে দেওয়া স্মার্ট মানুষের পরিচয়। যাকগে, সাপ ঢুকল মাথায়, বের হলো মাছি।খোলা কাঁঠালের ওপর ভনভন করা মাছির মতো তাকে সদাসর্বদা ঘিরে থাকে মানুষজন। তারা বলে বলেই চলেছে, নাটক নির্দেশনায় নেমে পড়ুন বস। ‘বস’ শব্দটা তাঁর কানে নতুন। বেশ চনমনে লাগে শুনতে। উৎসাহ জাগে। মাছিদের যুক্তি হলো—হু হু করে পাঠকসংখ্যা বেড়ে যাবে। যদি তা-ই হয়, আপত্তি কেন?বিশিষ্ট অনুরাগী প্রকাশকদের কানে ওই বার্তা পৌঁছে গেল। তাঁরাও সমস্বরে মৌমাছির মতো গুনগুন করে বলেন, নেমে পড়ুন বস, নেমে পড়ুন। এখনই উপযুক্ত সময়। ডিসেম্বর-জানুয়ারি তারপর ফেব্রুয়ারিতে বইমেলা। টিভি পর্দায় কয় মাস নিয়মিত হাজির থাকলে বইমেলা বিক্রির জোয়ারে উত্তাল হয়ে যাবে।এক বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কর্ণধার টিভি টক শোতে বলেছিলেন, পয়সা দিয়ে মানুষ যা কেনে সবই পণ্য, লেখাও তা-ই। পৃথিবী এখন বিশাল কেনাবেচার এক বাজার। এ বাজারে পণ্যের অভাব নেই। কোন পণ্যটি ক্রেতা কিনবে, সে নির্দেশনা দেওয়া বিজ্ঞাপনের কাজ। পণ্য ও ক্রেতার মাঝখানের দূরত্ব ঘোচায় বিজ্ঞাপন। যুগটা যোগাযোগের অর্থাৎ কমিউনিকেশনের। আরও আগড়ম-বাগড়ম অনেক কথাই হয়েছিল। এই অনুষ্ঠান ঠাকুর সাহেবের সঙ্গে বসে দেখেছিলেন প্রিয় এক প্রকাশক। ইউরেকা ইউরেকা বলে লাফিয়ে ওঠেন তিনি। তিন দিন পর সেই বিজ্ঞাপন-বিশেষজ্ঞকে নিয়ে বাসায় হাজির।বস, চিনেছেন? সেদিনের টক শোর তিনি। সেই যে বলেছিলেন, পয়সা দিয়ে মানুষ যা কেনে সবই পণ্য, লেখাও তা-ই। অর্থাৎ বস, পষ্টাপষ্টি কথা দাঁড়ায়, আপনি পণ্যের উৎপাদক, আমি বিক্রেতা। উভয়েরই উদ্দেশ্য অভিন্ন—বাণিজ্য।কথা কেড়ে নেন বিশেষজ্ঞ, বিজ্ঞাপন ছাড়া, যোগাযোগ ছাড়া পণ্যের, বাণিজ্যের প্রসার হয় না। গদগদ হয়ে এও জানালেন, তিনি ঠাকুর সাহেবের ভক্ত-অনুরক্ত। আসছে বইমেলায় তাঁর কৃতিত্বের প্রদর্শন করে দেখাবেন তিনি, যা হবে পৃথিবীতে প্রথম।হয়েছিল। হুলস্থুল কাণ্ড ঘটিয়ে ফেলেছিল সে আর প্রকাশক মিলে। সেই মিলিত বুদ্ধির প্রশংসা না করে পারা যায়? সাতটি উটের বহর নিয়ে ভক্তের দল আসে ঠাকুর সাহেবের গলায় মালা পরাতে। আয়োজনমাফিক সব হলো। মেলা উত্তাল। উটের ভারে কাত হয়ে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষ গড়িয়ে গড়িয়ে এল আয়োজক-প্রকাশকের স্টলের সামনে। উট দেখতে আসে দলে দলে, রবীন্দ্রনাথের সঙ্গে হাত মিলিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ কেউ হেলায় হারায় না। ঠেলাঠেলি ধাক্কাধাক্কিও হলো ব্যাপক। কী খুশি মানুষের মনে! রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছে অনেকে, তিনি যে বেঁচে আছেন জানা ছিল না। কারও কারও গলায় অনুযোগের সুর, আপনি বইমেলায় নিয়মিত আসেন না কেন?কারও মনে প্রশ্ন জাগেনি, উট কেন? পুরো জাতি টিভি-পর্দায় উৎসুক হয়ে দেখে মানুষের মাথা ডিঙিয়ে বইমেলায় জাবর কাটছে বোকা চেহারার সাতটা উট।পরদিন খবরের কাগজের সামনের পাতায় বাড়তি আয়োজনে দেখা যায়, উটদের মাঝখানে হাস্যমুখে সদ্য প্রকাশিত শেষের কবিতা হাতে দাঁড়িয়ে লেখক। তার নিচে বক্সে বিশেষভাবে মুদ্রিত বিস্তারিত সংবাদ। শিরোনাম ‘উট, শেষের কবিতা ও রবীন্দ্রনাথ—এই ছিল গতকাল মেলার প্রধান আকর্ষণ।’উটেরা রবীন্দ্রনাথের টানে সদলবলে গিয়েছে বইমেলায়। শেষের কবিতা শুঁকে আনন্দ প্রকাশ করেছে। একটি উট তো রবীন্দ্রনাথ ঠাকুর সাহেবের অটোগ্রাফ দেওয়া একখানা শেষের কবিতা কামড়ে ধরে ছিনিয়ে নিয়ে গলা উঁচু করে দাঁড়িয়ে থেকেছে। কিছুতেই ফেরত দেয়নি। এ ধরনের খবর পর্দায়, ছাপায়, মুখে মুখে ছড়িয়ে গেল আগুনের চেয়েও দ্রুত বেগে। প্রকাশকের পরিকল্পনা সার্থক। শেষের কবিতা নয়, রবীন্দ্রনাথ নয়, রাজস্থানী কয়েকটি বুড়ো উট একেবারে ষোলোকলা পূর্ণ করে দিল। উটের রেশ কাটতে না কাটতে শেষের কবিতা নিঃশেষ।মনে মনে হাসেন ঠাকুর সাহেব। প্রথম যখন এটি লিখেছিলেন সাড়া কম পড়েনি, তবে বিক্রির সংখ্যা এবারের ধারেকাছেও নয়। এবার প্রকাশক তাঁকে নয় মাস বালিহাঁস, হরিণের মাংস, শ্যাম্পেন ও হুইস্কির জোগান দিয়ে প্রায় রোজ-জিকিরের মতো অনুরোধ করেছেন শেষের কবিতা আবার লিখুন ‘বস’, ও বই চিরকাল নাক-উঁচু মানুষেরা পড়ে এসেছে, এবার আসুন না, তাকে সর্বজনীন করি। যেকালে শেষের কবিতা লেখা হয়েছিল, তা সেকালের উপযুক্ত ছিল। প্রকাশকের নিরবধি প্রস্তাব শেষের কবিতা লেখা হোক পুনর্বার; লেখা হোক বর্তমানের জনপ্রিয় ‘খাইতেছি, যাইতেছি, করতেছি, বলতেছি’ ভাষায়।ঠাকুর সাহেব আর কত দিন তাঁর খেয়ে তাঁর অনুরোধ শুনেও না শোনার ভান করে থাকবেন? শেষের কবিতা লিখলেন আবার। উটমুগ্ধ পাঠকেরা হুমড়ি খেয়ে পড়ে, চতুর্দিকে শোরগোল, ধাক্কাধাক্কি, হইহই, কইকই?রাস্তাজুড়ে ডানে, বাঁয়ে, মেলার মাথার ওপর বড় বড় রঙিন ব্যানার ঝুলে আছে। লেখা তাতে, ‘এই প্রথম একুশের বইমেলায় রবীন্দ্রনাথ ঠাকুর সাহেবের শেষের কবিতা জনপ্রিয় বাংলা ভাষায়।’ টেলিভিশন, খবরের কাগজ, মুখে মুখে আলোচনায় মুড়ি-মুড়কির মতো শেষ হয়ে গেল বর্তমানের শেষের কবিতা। ঠাকুর সাহেব বিজ্ঞাপন-বিশেষজ্ঞের দক্ষতায় তুষ্ট, প্রকাশকের দূরদর্শিতায় দারুণ মুগ্ধ। এতকাল লোকটাকে তিনি তোষামোদকারীই ভাবতেন। কাবু করার জন্য অনেকবার ভরদুপুরে তাঁর কাছে হরিণের মাংস, জলপাইয়ের আচার চেয়েছেন, লোকটা কখনো ব্যর্থ হয়নি। তাঁকে ভালো জোগানদার হিসেবে বিবেচনা করেছেন ঠাকুর সাহেব, কিন্তু কখনোই ভাবেননি, ওই মানুষের বুদ্ধিতে পুরোনো লেখার এমন বাজার পাওয়ানো সম্ভব।ঠাকুর সাহেবের আরও কয়েকটি উপন্যাস জনপ্রিয় বাংলা ভাষায় নতুনরূপে প্রকাশিত হোক, এটা প্রকাশকের বিনীত ইচ্ছা। এমন ইচ্ছায় এখন আর আপত্তি জানানোর উপায় কী? বুদ্ধিমানের কথা মেনে চললে ঠকার আশঙ্কা নেই। প্রকাশক এখন যেমন বলেন, অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করবেন ঠাকুর সাহেব। প্রকাশকের আবদার, পাঁচ-ছয় ফর্মার ওপরে কোনো লেখা লিখবেন না ঠাকুর সাহেব, তাতে আপনার-আমার উভয়ের লস, দুজনেরই লোকসান। সর্বদিকে মগজ খোলা ওই প্রকাশকের।নতুন রবীন্দ্রনাথ নতুনই, তবে পেছনে একবার জন্মেছিলেন বলে কি না, মাঝেমধ্যে কোনো কোনো বিষয়ে ভাবনা এলে মনে চিনচিন ব্যথা অনুভব করেন। এখন কোনো সাহিত্য সভা, সাহিত্য আলোচনার আড্ডা তেমন হয় না। অভাব অনুভব করেন বলে নিজের খরচে, নিজ বাড়িতে নিয়মিত তেমন আড্ডার আয়োজন করে মনে আনন্দ পেতে চেয়েছিলেন। ঘনিষ্ঠ দু-চারজন অধ্যাপক, প্রকাশক তিনজন, সম্পাদক ছয়জন, সাংবাদিক, টিভির কয়েকজন অভিনয়শিল্পী, তরুণ কয়েকজন সাহিত্যকর্মী, টিভি চ্যানেলের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, বেশ কজন মঞ্চকর্মী, টেলিফোন কোম্পানির জনা দুই কর্তাব্যক্তি, বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন, বহুজাতিক কোম্পানিতে দায়িত্বশীল পদে থাকা কজনা—সবাইকে নিয়ে সে আড্ডার আয়োজন প্রথম দিকে খুব জমেছিল, কিন্তু দুটো অস্বস্তি মাথা তুলে দাঁড়ায় শুরুতেই। এক. লেখকদের বিরাটাকারে আমন্ত্রণ জানানো হলেও তাঁদের খুবই ক্ষুদ্রাকৃতির উপস্থিতি। দুই. আড্ডার প্রকৃত উদ্দেশ্য সাহিত্য আলোচনা হলেও সবাই চলে যায় অন্য পথে। তলানির মতো সাহিত্য পড়ে থাকে নিচে। আলোচনা ঘোরে, পাক খায়, জমে ওঠে পরনিন্দা-পরচর্চা। ঠাকুর সাহেব খুবই বেদনা অনুভব করেন মনে। সিদ্ধান্ত নিলেন, অনুষঙ্গ বাদ দিয়ে দেবেন। খাদ্যতালিকায় যা যা আছে থাকবে, পানীয়ের তালিকা বদলে ফেলবেন। গরম তেলে বেগুন ছাড়লে যেমন ছ্যাঁত্ শব্দে লাফিয়ে ওঠে, তেমনই লাফিয়ে ওঠেন দুজন প্রকাশক। ঠাকুর সাহেব অমন সিদ্ধান্ত নিলে আম যাবে, ছালাও যাবে। আম ও ছালার বিষয়টি বোঝেননি নতুন রবীন্দ্রনাথ। বুঝিয়ে বললেন তাঁরা। মিনারেল ওয়াটার আড্ডা আলোচনায় অনুষঙ্গ হতে পারে না। খাদ্যতালিকায় অদলবদল হলে কারও কিছু যাবে আসবে না। কিন্তু পানীয়ের তালিকা বদলে ফেললে সব পণ্ড হয়ে যাবে। দেখা যাবে, সবার ব্যস্ততা হঠাৎ অন্যদিকে বেড়ে গেছে। ঠাকুর সাহেবের ড্রয়িংরুমে মাছিরাও সময় দিচ্ছে না।কিন্তু...বলে ইতস্তত করেছিলেন ঠাকুর সাহেব। সে কিন্তুকে দীর্ঘ হতে দেননি আড্ডায় গুরুত্বপূর্ণ দুই ফুর্তিবাজ ব্যবসায়ী। তাঁরা ইশারায় কিছু যেন বোঝাতে চেয়েছেন। ঠাকুর সাহেবের দুই কানে তিন প্রকাশক ফিসফিস করে সে ইশারা পরিষ্কার করে দিয়েছেন।নতুন রবীন্দ্রনাথের ঘরে এখন আম ও ছালা দুটোই আছে। সাহিত্য আলোচনা না হোক, ঠাকুর সাহেবের একালের লেখা থেকে পাঠ এবং প্রশংসাসূচক আলোচনা আড্ডার একটা অংশজুড়ে থাকতেই হবে। অলিখিত এমন একটা নিয়ম সবাই মেনে চলেন। এই নৈতিকতাটুকু না থাকলে চলে? যার পয়সায় খাওয়া, পান করা, যার ঘরে ঠান্ডায় বসে নিত্য ভোগ-উপভোগ, তাঁর প্রতি এ সামান্য সৌজন্য না দেখালে অনাচার হয়।পরচর্চা, পরনিন্দা এত যে আনন্দমিশ্রিত, তা জানা ছিল না বর্তমান রবীন্দ্রনাথের। এখন চর্চায় চর্চায় সামান্য আসক্তি জন্মেছে। সামান্য গা ম্যাজম্যাজ অনুভব করলেই তিনি আড্ডা ডেকে বসেন। চলে হা-হা হি-হির প্রবাহ বিরামহীন। চলে এলোপাতাড়ি, যাকে মনে আসে তার গোষ্ঠী উদ্ধার। শুধু আস্ত থাকে মাত্র একজন, রবীন্দ্রনাথ। নতুন কালের ঠাকুর সাহেব বা ‘বস’-এর গলায় সব সদয় প্রশস্তি মালা হয়ে ঝুলে থাকে সর্বদা।সবশেষেওপরতলায় আসল রবীন্দ্রনাথ ধবধবে সোফায় আলখাল্লা পরে বসে থেকে সব দেখেন। ঈশ্বর তাঁকে প্রশ্ন করেন, আবার তোমার সোনার বাংলায় যেতে চাও? প্রশ্নের মুখে কবিগুরু নিজের একটা ইচ্ছা ব্যক্ত করেন। সোনার বাংলায় বারবার জন্মাতে মন চায় প্রভু; কিন্তু পুনর্জন্মের সুবিধা-অসুবিধা কি এই পরকালে বসে দেখা সম্ভব? নিশ্চয়, বললেন প্রভু। তিনি পৃথিবীর দিকে ফুঁ দিলেন। মুহূর্তে মেঘের দলাদলি গলাগলি ভেদ করে ফুঁ গেল পৃথিবীতে, সঙ্গে সঙ্গে দেখা গেল নতুন রবীন্দ্রনাথকে। ১০ সেকেন্ডে ঘটে গেল কয়েক বছরের ঘটনা। শেষ দৃশ্যে ঠাকুর সাহেবের ড্রয়িংরুমে এক মাতাল অধ্যাপক খুবই আবেগাপ্লুত গলায় উচ্চারণ করলেন, পৃথিবীতে আপনি ছাড়া বাকি সবাই অপদার্থ, ঠাকুর সাহেব।ব্যস, ম্যালা হয়েছে, ওপরতলায় কান চাপলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বর হাসেন মিটিমিটি। কবিগুরুর প্রশ্ন, আমি কি কোনো ভয়ংকর অন্যায় করেছি কখনো?ঈশ্বর তবুও হাসেন। কবিগুরুর শেষ প্রশ্ন, হে ঈশ্বর, আপনি তো মানুষকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছেন, বলেছেন মানুষ শ্রেষ্ঠ। হাত তুলে থামালেন ঈশ্বর, আমি তো তা-ই ভেবেছি। কিন্তু তুমি তো লিখে এসেছো অন্য কথা। যত দূর মনে পড়ে, তুমি লিখেছিলে, ‘সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি।’