আবার শরতের বিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

আজ আবার শরতের বিকেল। সেই নীল আকাশ। বহুরূপী মেঘ। সাদা মেঘ, কালো মেঘ, ছাইরঙা মেঘ। প্রাইভেট কার এখন বুড়িগঙ্গার ওপর। আমিই চালাচ্ছি। পাশে একটা উপহারের প্যাকেট। মনে পড়ছে গত দুইটা শরতের কথা।

জনির সঙ্গে পরিচয় বছর দুই আগে। আমার এক বন্ধুর বাসা বুড়িগঙ্গার ওপারে। প্রতিবছর মধ্য ভাদ্রে নৌকাবাইচ হয়। আমরা দল বেঁধে যাই বাইচ দেখতে। গিয়ে উঠি জনিদের বাসায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের ছেলে জনি। বাইচের জন্য দুই হাতে টাকা ঢেলে নৌকা ভাসিয়েছে জলে। এক দিনেই সম্পর্ক ‘দোস্ত’ আর ‘তুই’তে গড়ায়। আমরা তুমুল করতালিতে জনিদের পক্ষে স্লোগান দিতে থাকি। প্রতিযোগিতা হয় আর জনিদের নৌকা বিপুল বিক্রমে ফেটে চৌচির হয়ে যায়। ধুন্ধুমার মারামারির পর দেখি সন্ধ্যায় জনি ঢাকা মেডিকেল কলেজে। নাক দিয়ে গলগল রক্ত পড়ছে। সারা রাত হাসপাতালে ছিলাম আমি, আমরা। যেদিন ছুটি হয় সেদিন দেখি অতি আপন একটা বন্ধু পেয়ে গেছি।

যোগাযোগ ছিল। আবার গত শরতে নিমন্ত্রণ আসে বন্ধুত্বের ‘বর্ষপূর্তি’ উদ্‌যাপনের। এইবার অবশ্য নৌকাবাইচ নেই। তার বদলে নৌকাভ্রমণ। বুড়িগঙ্গা যেখানে ভেঙে ছড়িয়ে গেছে, ছোট ছোট খাল, খালের তীর ঘেঁষে কাশফুলের ঢেউ, ওপরে মেঘলা আকাশ, জলে নৌকা, সেখানে আমরা রাত কাটাব। বিকেলে আমরা বেরিয়ে পড়ি। জনি আসবে একটু পরে। বারবিকিউ পার্টি করব। জনি এল রাত ১১টায়। আমাকে হাত ধরে বলল, ‘দোস্ত, এদিকে আয়। কথা আছে।’

আমরা দুজন খালে পা ডুবিয়ে বসে আছি। আকাশে চাঁদটা মেঘের আড়াল থেকে বের হওয়ার যুদ্ধ করছে। কাশগুলো হেলছে, দুলছে।

‘কী কথা, দোস্ত?’

‘তোরা শহরের ছেলেরা প্রেম করিস?’

‘শহরে কি মেয়ে নেই? করব না কেন?’

‘প্রেমে পড়লে পাগলা হস?’

‘কিরে পাগলা, তোর কেসটা কী?’

‘পাগল হইছি।’

‘মেয়েটা কে?’

‘সুমি?’

‘কোন সুমি?’

‘তুই চিনবি না।’

‘তোকে ভালোবাসে?’

‘বাসে তো।’

‘তো সমস্যা কী?’

‘ওর বিয়ে।’

‘কবে?’

‘কাল গায়েহলুদ হয়ে গেছে। আজ ছেলের হলুদ। কাল বিয়ে।’

‘তুই বাধা দিসনি? পালিয়ে যেতে পারতি। তুই না মেম্বারের ছেলে, ভয় কিসের?’

‘ও চেয়ারম্যানের মেয়ে।’

‘সেরেছে! এখন কী করবি?’

‘এখন না। রাত তিনটায় যাব। সুমি রেডি থাকবে। তোর গাড়িটা লাগবে। তুই ড্রাইভ করবি।’

‘ও রাজি আছে?’

‘আছে তো।’

আমি চমকে উঠি। কল্পনায় দেখি এইবার ঢাকা মেডিকেলে আমি শুয়ে আছি। মাথায় ব্যান্ডেজ। একজন নার্স মোটা সুই হাতে এগিয়ে আসছে। আমি চিৎকার করে উঠি।

দুই

আজ আবার শরতের বিকেল। সেই নীল আকাশ। বহুরূপী মেঘ। বুড়িগঙ্গার ওপর আমি গাড়ি চালাচ্ছি। পাশে একটা উপহারের প্যাকেট। ছোট শিশুর জন্য জামা আর খেলনা। জনি পাগলা আর সুমির ঘর আলো করে একটা ছেলে এসেছে।