আবার সংকটে তিউনিসিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাবশালী বিরোধীদলীয় নেতা শুকরি বেলায়েদের হত্যাকাণ্ড ভালোই বিপাকে ফেলেছে তিউনিসিয়ার সরকারকে। উদ্ভূত পরিস্থিতিতে সরকার ভেঙে দিয়ে একটি নির্দলীয় সরকার গঠনের চেষ্টা সফল হচ্ছে না। দুই বছর আগে গণবিপ্লবের মুখে দীর্ঘদিনের স্বৈরশাসক জয়নুল আবেদীন বেন আলী ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সবচেয়ে বড় সংকটে পড়েছে দেশটি। বেলায়েদের হত্যাকাণ্ড এক বছর ধরে দেশ চালিয়ে আসা ইসলামপন্থী দল নাহদার সরকারকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। দেশব্যাপী ব্যাপক প্রতিবাদের ঝড় উঠলে প্রধানমন্ত্রী হামাদি জেবালি ওই হত্যাকাণ্ডের নিন্দা করেন। তিনি একে আখ্যা দেন ‘গোটা রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসবাদী তর‌্যাপরতা’ হিসেবে। দলীয় সংশ্লিষ্টতাহীন যোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন সরকার গঠনের অঙ্গীকার করেছিলেন তিনি। বর্তমানে নাহদা তিনদলীয় একটি জোটের নেতৃত্ব দিচ্ছে। হামাদি জেবালি সাংবিধানিক পরিষদকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সংবিধান রচনার কাজ দ্রুত শেষ করে নতুন নির্বাচনের প্রস্তুতি নিতে। প্রধানমন্ত্রী জেবালি (যিনি নাহদার মহাসচিব) যা-ই বলুন, এ মুহূর্তে এটা স্পষ্ট নয় যে তাঁর দল আসলে কতটা ক্ষমতা ছাড়তে প্রস্তুত। ধর্মনিরপেক্ষ বিরোধীরা সম্পূর্ণ ‘নতুন সরকার’ গঠনের দাবি জানিয়েছে। সমমনা দলগুলোকে নিয়ে একজোট হতে চাইছে তারা। কয়েক মাস ধরেই তিউনিসিয়ার ইসলামপন্থী ও ধর্মনিরপেক্ষতার সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। অনেকে মনে করেন, তিউনিসিয়ার এত দিনের তুলনামূলকভাবে উদার সমাজের ধীরে ধীরে ইসলামীকরণ হচ্ছে। এদের অনেকেই বেলায়েদের হত্যাকাণ্ডের জন্য নাহদা দলকেই দায়ী করেছেন। অভিযোগ রয়েছে, সম্প্রতি ইসলামপন্থীরা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এলাকায় এলাকায় গঠিত ‘বিপ্লব সুরক্ষা কমিটি’ বিরোধী দলগুলোকে ভয়ভীতি দেখাচ্ছে। স্বৈরশাসক বেন আলীর সময় রাজবন্দী ছিলেন—নাহদার এমন অনেক সদস্য এ কমিটিতে রয়েছেন। নাহদার বিরুদ্ধে অন্য কিছু ছোটখাটো উগ্রপন্থী ইসলামি দল ও সংগঠনকে আশকারা দেওয়ার অভিযোগও উঠেছে। সাম্প্রতিক সময়ে নানা ধরনের অসহিষ্ণুতামূলক ঘটনা ঘটিয়েছে ওই সংগঠনগুলো। এর মধ্যে রয়েছে দেশবাসী ব্যাপকভাবে শ্রদ্ধা করে এমন কিছু বহু পুরোনো মাজারে হামলা। সংগঠনগুলো বলছে, এগুলো অনৈসলামিক। ২০১১ সালের বিপ্লবের পর থেকে অন্তত ৪০টি মাজারে আগুন ধরিয়ে বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ইসলামি বিশ্বের অন্য অনেক অঞ্চলের মতো উত্তর আফ্রিকাজুড়ে স্থানীয় অনেক পীর-ফকিরকে সম্মান করা হয়। এদের অনেকের শিকড় সেই ইসলাম-পূর্ব বারবার সংস্কৃতিতে। উনবিংশ শতকের তিউনিসিয়ায় সংস্কারপন্থী ইসলামি তাত্ত্বিকেরা এসব কুসংস্কার বলে নাকচ করে দেন। মুসলিম ব্রাদারহুডের সঙ্গে ঘনিষ্ঠ সংগঠন নাহদা বলে থাকে, তারা ‘তিউনিসিয়ার আরব ও ইসলামি পরিচয়’ তুলে ধরতে চায়। আবার জনমতের চাপে দেশের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ও জাতিগত ঐতিহ্যকে অস্বীকারও করতে পারছে না।শুকরি বেলায়েদের হত্যাকাণ্ড তিউনিসিয়ার রাজনৈতিক অঙ্গন নাটকীয়ভাবে উত্তপ্ত করে তুলেছে। নাহদা কিছুদিন ধরে দুই ধরনের কথাবার্তা বলছে। দলটির জনপ্রিয়তা ক্রমে কমছে। অনেকেরই আশঙ্কা, দেশটি অস্থিতিশীলতার আবর্তে নিক্ষিপ্ত হতে পারে। অথচ মনে করা হয়েছিল, যেসব আরব দেশে ‘বসন্তের বিপ্লব’ হয়েছে, তার মধ্যে তিউনিসিয়ার ভবিষ্যর‌্যাই সবচেয়ে উজ্জ্বল।(সর্বশেষ খবর: সরকার গঠনে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন প্র্রধানমন্ত্রী হামাদি জেবালি) দাউদ ইসলাম