আবার সংকটে লেবানন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননে সাদ হারিরির জাতীয় ঐকমত্যের মন্ত্রিসভা টিকল মাত্র ১৪ মাস। তবে টেকা পর্যন্তই। ওই মন্ত্রিসভা কখনো সুস্থিরভাবে কাজ করতে পারেনি। হিজবুল্লাহ ও তাদের সমর্থক দলের মন্ত্রীরা পদত্যাগ করায় সরকার শেষ পর্যন্ত ভেঙেই গেল। নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। একটা ফয়সালা হয়তো হয়েও যাবে। কিন্তু যে বিরোধের কারণে এই পরিস্থিতি, তা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ এ দেশটি নতুন, গভীরতর রাজনৈতিক সংকটের আবর্তে নিক্ষিপ্ত হতে পারে। অতীতের মতো ধ্বংসাত্মক গৃহযুদ্ধের আশঙ্কাও কেউ কেউ উড়িয়ে দেননি।হিজবুল্লাহর দাবি, হারিরি ও তাঁর মিত্রদের স্পেশাল ট্রাইব্যুনাল ফর লেবাননকে (এসটিএল) অস্বীকার করতে হবে। সেটা প্রধানমন্ত্রী হারিরির জন্য অন্তত দুই কারণে কঠিন। হত্যার বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপার তো আছেই। দ্বিতীয়ত, নিহত রফিক হারিরি ছিলেন তাঁর বাবা। এসটিএল সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডের জন্য হিজবুল্লাহর কয়েকজন সদস্যকে অভিযুক্ত করতে যাচ্ছে বলে কিছুদিন আগে প্রথম আভাস পাওয়া যায়। সংগঠনটি তখন থেকেই এ নিয়ে তাদের আপত্তি জানিয়ে আসছিল। সমস্যা সমাধানে আরব কূটনৈতিক উদ্যোগকে সময় দিতে নতুন প্রধানমন্ত্রী পদে মনোনয়ন অন্তত এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। দামেস্কে বৈঠকে বসা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, কাতারের আমির হামাদ বিন খলিফা আল থানি ও তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়িপ এরদোগান লেবাননি প্রেসিডেন্ট মাইকেল সুলেইমানের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ওই তিন নেতা লেবানন সরকারের পতন ও রফিক হারিরি হত্যাকাণ্ডের তদন্তে গঠিত জাতিসংঘের ট্রাইব্যুনাল সম্পর্কে আলোচনার জন্য দামেস্কে বৈঠক করেছেন। এদিকে জাতিসংঘের স্পেশাল ট্রাইব্যুনাল ফর লেবাননের (এসটিএল) কৌঁসুলিরা জানিয়েছেন, তাঁরা ‘প্রাক-বিচার’ বিচারকের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। ওই বিচারক অভিযোগপত্র পর্যালোচনা করে দেখবেন। এই মূল্যায়নে কয়েক মাস পর্যন্ত লেগে যেতে পারে। অভিযোগপত্রের বিষয়বস্তু গোপন থাকবে বলে জানান তাঁরা। নিয়ম অনুযায়ী, নতুন সরকার গঠনের জন্য পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন প্রেসিডেন্ট মাইকেল সুলেইমান। এটা অনেকটাই নিশ্চিত যে সাদ হারিরির মিত্ররা তাঁকেই আবার প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করবেন।লেবাননের বিষয় নিয়ে সিরিয়া আরব বিশ্বের অন্যতম নেতা সৌদি আরবের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। লেবাননের প্রধান রাজনৈতিক শক্তিগুলো সৌদি আরব ও সিরিয়ার এ উদ্যোগকে সমর্থন করছে। একে তারা ‘এস-এস’ (সৌদি-সিরিয়া) উদ্যোগ হিসেবে অভিহিত করছে। অনেকেই আশঙ্কা করছেন, জাতিসংঘ তদন্ত দলের অভিযোগপত্র দাখিলের পর লেবাননে ২০০৮ সালের মতো সুন্নি-শিয়া উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। ২০০৮ সালে হিজবুল্লাহর যোদ্ধারা পশ্চিম বৈরুত দখল করে নিয়ে হারিরিপন্থীদের গুঁড়িয়ে দিয়েছিল। বিশ্লেষকেরা মনে করছেন, এসটিএল অভিযোগপত্র দাখিলের পর সত্যিকারের সংকট শুরু হবে।জানা গেছে, ট্রাইব্যুনালের মামলাকে কালিমালিপ্ত করার জন্য ক্ষেত্র প্রস্তুত করে রেখেছে হিজবুল্লাহ। খবর পাওয়া গেছে, টেলিফোন কথোপকথনের রেকর্ডের ওপর ভিত্তি করে ওই অভিযোগপত্র তৈরি করা হচ্ছে। হিজবুল্লাহ হয়তো একেকটি দুর্বলতা হিসেবেই তুলে ধরবে। সব মিলিয়ে লেবাননের নিরাপত্তা বাহিনীর সদস্যরা হিজবুল্লাহর মতো একটি প্রভাবশালী দলের সদস্যদের ধরে বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবেন—এই চিন্তা এখনো অনেক দূরের বলেই মনে হচ্ছে।