বহদ্দারহাট মোড়ের ফুটপাত আবার হকারদের দখলে চলে গেছে। কাঁচাবাজার থেকে চান্দগাঁও আবাসিক এলাকার একাংশের ফুটপাতে পসরা সাজিয়ে বসেন হকাররা। বেচাকেনা চলে সকাল থেকে রাত পর্যন্ত। পথ চলতে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। আশপাশের ব্যবসায়ীরা জানান, বহদ্দারহাট মোড়ে উড়ালসড়কের নির্মাণকাজ চলার কারণে সড়কের অবস্থা বেহাল। প্রায় সময় লেগে থাকছে যানজট। অন্যদিকে ফুটপাতের ওপর হকাররা বসায় ওই সড়ক দিয়ে চলাচলকারীরা পড়েছেন বেকায়দায়। পথচারীদের ফুটপাত ছেড়ে ভাঙা সড়কের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে।গত সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, বহদ্দারহাট কাঁচাবাজারসংলগ্ন মসজিদের সামনে থেকে শুরু করে চান্দগাঁও আবাসিক এলাকার প্রবেশমুখ পর্যন্ত ফুটপাত হকারদের দখলে। ফুটপাত দখল করে বসেছে ফলমূল, পত্রিকা ও ম্যাগাজিন, তৈজসপত্র, নকল চাবি তৈরি এবং জুতা সেলাইয়ের অসংখ্য ভ্রাম্যমাণ দোকান। কিছু ফল ও পত্রিকা বিক্রেতা ফুটপাতের ওপর ছাউনি দিয়ে অনেকটা স্থায়ীভাবে গেড়ে বসেছেন। চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা মোকাম্মেল হক জানান, তিনি বহদ্দারহাট কাঁচাবাজার থেকে বাজার করাসহ সব সময় এই পথ দিয়ে যাতায়াত করেন। চলাচলে তাঁর প্রতিদিনই সমস্যা হচ্ছে বলে তিনি জানালেন। মোকাম্মেল বলেন, ‘দুই বছর ধরে বহদ্দারহাট ফ্লাইওভারের কাজের কারণে কষ্টের মধ্যে আছি। তার ওপর এখন হাঁটাচলার পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অথচ এসব দেখার যেন কেউই নেই।’ জানা গেছে, প্রায় এক বছর আগে ফুটপাতে থাকা সব অবৈধ দোকান ও হকারদের উচ্ছেদ করে দেওয়া হয়। কিন্তু বছর ঘুরতে না-ঘুরতেই আবার সেখানে অবৈধ দোকান বসিয়েছেন তাঁরা। বহদ্দারহাট মোড় এলাকার হক সুপার মার্কেটের ব্যবসায়ী মো. ওবায়দুল কাদের বলেন, প্রথমে এসব ভ্রাম্যমাণ বিক্রেতারা অস্থায়ীভাবে বেচাবিক্রি করেন। পরে এক সময় স্থায়ীভাবে দোকান বসিয়ে ফেলেন। অবশ্য ফুটপাতে বসা এসব ব্যবসায়ীর দাবি, তাঁরা সিটি করপোরেশন ইজারাগ্রহীতাকে প্রতিদিন কিছু ভাড়া দিয়ে ফুটপাতের ওপর ব্যবসা করছেন। ফল বিক্রেতা মো. শামসু মিয়া প্রথম আলোকে বলেন, সাত-আট মাস হলো এখানে এসেছি। প্রতিদিন দোকানভাড়া হিসেবে ৮০ থেকে ১০০ টাকা দিয়ে থাকি। ফুটপাতে অবৈধভাবে বসে কেন ব্যবসা করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘কী করব? পেট তো চালাতে হবে। উঠিয়ে দিলে চলে যাই। পরে আবার আসি। আমরা ফুটপাতে থাকলে তো লোকজনের সুবিধা বেশি। তাঁরা ফলমূল কিনে বাসায় ফিরতে পারেন।’ এ প্রসঙ্গে জানতে চাইলে বহদ্দারহাট কাঁচাবাজারের ইজারাগ্রহীতা বদিউল আলম ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার কথা অস্বীকার করে বলেন, ‘ভাড়া আদায় করি কাঁচাবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে। ফুটপাত থেকে কোনো ভাড়া আদায় করি না।’ ফুটপাত হকারদের দখলে চলে যাওয়া প্রসঙ্গে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান বলেন, ‘ফুটপাত দেখভালের দায়িত্ব সিটি করপোরেশনের। কিন্তু উচ্ছেদের দায়িত্ব পুলিশ প্রশাসনের। ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা কাকে ভাড়া দেন তা জানি না। তবে সিটি করপোরেশনের কোনো লোক এই ভাড়া তোলেন না। কারণ ফুটপাতের ওপর দোকান বসানোই অবৈধ।’ এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মিরাজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘তিন-চার দিন আগেই বহদ্দারহাটের ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এইসব ভ্রাম্যমাণ দোকানদারদের উচ্ছেদ করে পুলিশ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার এসে ফুটপাতে বসে। নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা স্থায়ীভাবে উচ্ছেদের ব্যবস্থা নিচ্ছি।’