আবার হবে তো দেখা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পুনর্মিলনী উৎ​স​েব আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পুনর্মিলনী উৎ​স​েব আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা

আমাদের বন্ধু সত্যব্রত খাস্তগীর। করতলের রেখা দেখে ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে। নিজের ভাগ্য সম্পর্কে জানতে মেয়েরা স্বেচ্ছায় তাঁর দিকে হাত বাড়িয়ে দিত। মেয়েদের কোমল হাতের স্পর্শ নিয়ে নিবিষ্ট মনে যখন সে তাদের ভাগ্যের মানচিত্র দেখতে ব্যস্ত থাকত, তখন তার সতীর্থরা হিংসায় যেন মরে যেত। এ তো সেই আশির দশকের গোড়ার দিকের কথা। যখন সত্যব্রত বাংলা বিভাগের ছাত্র। এরপর কয়েকটা যুগ পেরিয়ে গেছে। ২০১৫ সালের ২৭ মার্চ সকাল নয়টা। সত্যব্রত ক্যাম্পাসে যাওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অভিমুখী ডেমু ট্রেনটাতে চেপে বসল। তখন চারদিকে হইচই। ব্যান্ড দলের বাদ্যের আওয়াজে বটতলী রেলস্টেশনটা যেন দুলে দুলে উঠছিল। আর তারই তালে তালে নাচছিল ক্যাম্পাস অভিমুখী কিছু উচ্ছল মানুষ। ট্রেনজুড়ে উৎসবের আমেজ। তারুণ্যের উচ্ছ্বাস। দেখে মনে হচ্ছে না এঁরা সবাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে একেকজন প্রতিষ্ঠিত মানুষ। নিজের বর্তমানকে ভুলে ওঁরা যেন অলৌকিক সময়যন্ত্রের কৌশলে স্মৃতির হাত ধরে আবার ছাত্রজীবনে ফিরে এসেছেন। ফিরে পাওয়া সময়কে নিয়ে তাঁরা মশগুল। সত্যব্রত যখন তার ডেমু ট্রেনের একটি সিটে বসে বন্ধুদের এই উল্লাস দেখছিল, তখন সে জানত না তার জন্য আজও কিছু কোমল হাতের স্পর্শ অপেক্ষা করে আছে। সেই ছাত্র জীবনের মতো তাকে আজও হাত দেখে বলে দিতে হবে ভবিষ্যৎকেমন।
বাংলা সম্মিলনের ক্যাম্পাসে পুনর্মিলনীর শুরুটা যেমন স্বপ্নের মতো ছিল, তেমনি পুরো দিনটাই কেটেছে সে রকম ঘোরের ভেতর। ডেমু ট্রেন থেকে নেমে বাংলা সম্মিলনের ব্যানারসহ শোভাযাত্রা করে শুক্রবারের নির্জন ক্যাম্পাসটাকে মাতিয়ে ওরা প্রথমেই গেল নিজেদের বিভাগে। সেখানে তাঁদের জন্য অপেক্ষা করছিলেন বিভাগীয় প্রধান নুরুল আমিন। তাঁর উষ্ণ আতিথেয়তায়, আপ্যায়নেই যেন বোঝা গেল পুরো দিনটি কেমন কাটবে।
বাংলা বিভাগের আপ্যায়ন ও বিভাগীয় প্রধানের সঙ্গে ইচ্ছেমতো ফটোসেশন সাঙ্গ করে গাছের ছায়ায় হেঁটে হেঁটে সবাই গেলেন বাণিজ্য অনুষদের মিলনায়তনে। দিনের বাকিটা সময় ওখানেই কেটেছে নাচে-গানে, স্মৃতিচারণায়, আড্ডায়, কথামালায়, আবৃত্তি আর খাওয়া–দাওয়ায়। মঞ্চের পেছনে বাংলা সম্মিলনের ব্যানার, আর প্রথামতো চেয়ার–টেবিল থাকলেও আনুষ্ঠানিকতার কোনো ছাপ ছিল না অনুষ্ঠানজুড়ে। আড্ডার মেজাজে অনেকেই বলেছেন তঁাদের ক্যাম্পাস জীবনের সুখ–দুঃখ, আনন্দ–বেদনার নানা কথা। তাদের কথার মধ্যে হাসির খোরাকও ছিল প্রচুর। তবে সবচেয়ে বেশি জমে উঠেছিল গানের পর্ব। প্রায় সব গানেই তালে–বেতালে নেচে তোলপাড় করেছে সবাই। সত্যব্রত যখন ভূপেন হাজারিকার গণজাগরণের গান গেয়ে উঠল তখনই শুরু নাচ। সবাই যে যার নিজের আসন থেকে উঠে গিয়ে মঞ্চের সামনে খালি জায়গায় এসে জড়ো হয়ে পরস্পরের হাত ধরে নাচতে শুরু করে। এমনি করে বিশ্বজিৎ চৌধুরীর কণ্ঠে যখন ‘ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই’ শুনছিলাম তখন মনেই হয়নি যে তিনি আসলে একজন অপেশাদার গায়ক। কবি ময়ুখ চৌধুরী যখন সুরেলা কণ্ঠে জনপ্রিয় গান ‘দূর হতে তোমাকে দেখেছি’ গাইছিলেন, তখন মুগ্ধ শ্রোতারা স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন। এভাবেই গানে গানে আসর জমিয়ে রাখেন আইয়ুব ভুইয়া, মাহবুবুল আলম, আজাদ বুলবুল, সেবা চৌধুরী, কমরুদ্দিন আহমদ ও মনোজ সরকার।
শুভ্রা বিশ্বাসের সরস ও প্রাণবন্ত উপস্থাপনায় সাংস্কৃতিক পর্বে গানের ফাঁকে ফাঁকে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও স্মৃতিচারণা করেন অভীক ওসমান, ফারুক ইকবাল, ওমর কায়সার, আইনুল কবির, ডেইজি মউদুদ, সাইয়েদা জয়নাব, বিকিরণ বড়ুয়া, সমীর কান্তি দাশ, নাজমুন নাহার, কামরুন নাহার খন্দকার, সৈয়দ মোহাম্মদ সোহেল উদ্দিন, মাইনুদ্দিন জাহেদসহ আরও অনেকে।
মাঝখানে ৩০ মিনিটের একটি আলোচনার আনুষ্ঠানিকতা ছিল। বাংলা সম্মিলনের সভাপতি বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন বিভাগীয় সভাপতি অধ্যাপক নুরুল আমিন, বাংলা সম্মিলনের কার্যকরী সভাপতি আইনজীবী শিহাব উদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউজ্জামান। এ পর্বটি সঞ্চালনা করেন জিন্নাহ চৌধুরী। মশিউজ্জামান বলেন, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও এ অনুষ্ঠান আয়োজন করা ছিল দুরূহ একটি কাজ। দেশের নানা অঞ্চল থেকে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে আসতে পারেননি। তবু সবকিছু উপেক্ষা করে যাঁরা এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তঁাদের ধন্যবাদ দেন তিনি। শিহাব উদ্দিন মাহমুদ তাঁর বক্তব্যে বাণিজ্য অনুষদের ডিন, বাংলা বিভাগের প্রধানসহ শিক্ষকেরা এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তুমুল হৈহুল্লোড়ের ভেতর চৈত্রদিনের সূর্যটা কখন জোবড়া পাহাড়গুলোর আড়ালে হারিয়েছে, টের পায়নি কেউ। আবার সেই ডেমু ট্রেনে ফিরে আসতে আসতে গান গল্প কথার রেশ যেন আর শেষ হয় না। কেউ একজন গেয়ে উঠেছিলেন, ‘আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো ...।’