আবার হবে তো দেখা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকডাকা ভোরে মানুষের জটলা। শিশু-কিশোর, তরুণ, মাঝবয়সী, বুড়ো—সবাই আছেন সেখানে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢোকার পূর্ব দিকের ফটক। ফটকের সামনের ভাগে বাজছে ঢাকঢোল আর বাঁশি। ভেতরের দিকটা সাজানো হয়েছে রঙিন কাপড় আর ব্যানারে। ব্যাপারটা ঠিক ঠাহর করে ওঠার আগেই চোখ পড়ল বড় একটি ব্যানারে: ‘বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাপুনর্মিলনী ২০১২’। এগিয়ে গিয়ে এর ব্যাপ্তি দেখে অনেকটা অবাক হলাম!বলছিলাম ১৭ ফেব্রুয়ারি বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সারা দিনের জমজমাট এক আয়োজনের কথা। পুনর্মিলনী যে শুধু বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ বা খাওয়াদাওয়া নয়, তা বোঝা গেল শুরুতেই। কারণ, সম্মেলন কেন্দ্রের ভেতরে আয়োজন করে বসানো হয়েছে অস্থায়ী ‘মিনাবাজার’। পোশাক ছাড়াও সেখানে জুয়েলারির পণ্য, জুতা ইত্যাদিও বিকিকিনি চলে দিনভর। এরই এক পাশে প্রাতরাশের খাবার হাতে বেশ কয়েকজন বয়স্ক মানুষ তুমুল আড্ডা দিচ্ছেন। সঙ্গে অনেকের স্ত্রী ছাড়াও আছে নাতি-নাতনি। মিশে যাই ওই আড্ডায়। তাঁদের একজন মোতাহার হোসেন বলেন, ‘আমরা ছিলাম প্রায় ৪০ বছর আগের শিক্ষার্থী। মাঝেমধ্যে দু-একজনের সঙ্গে দেখা হয়। এত দিন পর অনেক বন্ধুকে কাছে পেয়ে আমরা যেন সেই পুরোনো দিনে ফিরে গেছি।’এরই মধ্যে হল অব ফেমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চে চলতে থাকে অতিথিদের শুভেচ্ছা বিনিময় আর বক্তৃতা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জামিলুর রেজা চৌধুরীসহ অনেকে। এরপর মঞ্চে বিগত কয়েক বছরের মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। সম্মেলন কেন্দ্রের হল অব ফেমের বাইরে এসে দেখা মেলে মেধাবী শিক্ষার্থীদের কয়েকজনের সঙ্গে, যাঁরা সবাই এখন শিক্ষক।মেধাবী শিক্ষার্থী হিসেবে ক্রেস্ট পাওয়া নাজিয়া নাফসিন বলেন, ‘মজার ব্যাপার হলো, আমরা এখন শিক্ষক হয়ে গেছি। তার পরও আমার ফলাফলের স্বীকৃতি হিসেবে এই সম্মান বেশ ভালো লাগছে।’ স্থাপত্য বিভাগ থেকে মেধাবী শিক্ষার্থীর সম্মাননা পাওয়া মাতলুবা খান বলেন, ‘পুনর্মিলনী মানেই আনন্দের বিষয়। তার ওপর আমরা আবার বিশেষভাবে সম্মানিত হলাম। এটা তো অনেক বড় একটা পাওয়া।’ ‘আমরা পড়ার সময় অনেক শিক্ষার্থীর নাম শুনতাম শিক্ষকদের মুখে, কিন্তু তাদের দেখতে পাইনি কখনো। পুনর্মিলনীতে এসে তাদের সঙ্গে আড্ডা দেওয়াসহ পরিচিত হওয়ার সুযোগ পেলাম। তা ছাড়া নিজে আবার পুরস্কৃত হলাম। সব মিলিয়ে যা পেলাম, তার মূল্য অনেক।’ বলছিলেন ২০০৮ সালে বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থেকে সেরা শিক্ষার্থী হওয়া শিক্ষক অনিন্দ্য কিশোর দেবনাথ। তাঁর মতো একই অনুভূতি মাজহারুল ইসলাম ও মুক্তাদির বিল্লাহ প্রবালের।আয়োজকদের একজন কাজী আরিফ বলেন, ‘বারো শ অ্যালামনাই ছাড়াও এখানে আছে তাদের পরিবার। সব মিলিয়ে প্রায় তিন হাজার উপস্থিতি।’ পুনর্মিলনীর এই উৎসবে এসে কেউ ব্যস্ত গল্প আর আড্ডায়; কেউ আবার কাছের বন্ধুদের সঙ্গে ছবি তুলে সময় কাটান। উৎসবে আসা বিভিন্ন অ্যালামনাইয়ের সন্তানদের জন্য ছিল ছবি আঁকার প্রতিযোগিতা। সাদা কাগজে রং-তুলির আঁচড়ে তারা ফুটিয়ে তোলে শহীদ মিনার, একুশে, মুক্তিযুদ্ধসহ নানা দৃশ্য। ছবি তোলা, আড্ডা, গল্প আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই বিকেলের সূর্য হারিয়ে যায় রাতের আঁধারে। কিন্তু সেদিকে নজর নেই কারও।