অন্যান্য দিনের মতো সে দিনও ভার্সিটি গিয়েছিলাম। শুধু পার্থক্য ছিল ক্লাস নয়, গিয়েছিলাম একে অন্যকে বিদায় জানাতে। বলছিলাম ২ ফেব্রুয়ারির কথা। সে দিন ছিল আমাদের আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (অস্ট) বিবিএর ২৩তম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান। চার বছর আগে এই আমরা যারা অনেক অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম, সেই আমরা আজ চলে যাচ্ছি স্বপ্ন বাস্তবায়নের মূলমন্ত্র আর কিছু সুখময় স্মৃতি নিয়ে। আর দিয়ে যাচ্ছি ভালো কিছু করার অঙ্গীকার।সকাল ১০টা। ভার্সিটি ক্যাম্পাসে সবার আনাগোনা। মুখে হাসি, সেই হাসির মাঝে কিছু হারানোর বেদনা। শতাধিক ছাত্রছাত্রী যে যার মতো শেষ মুহূর্তের স্মৃতি ধরে রাখায় ব্যস্ত। বন্ধুত্ব মানে মনের মিল। তাই তো মেয়েদের একটা গ্রুপ একই রকম ড্রেস পরে তাদের মনের মিলকে সবার কাছে তুলে ধরছে। ১০টার কিছু সময় পর শুরু হলো টি-শার্ট কালেকশন। আকাশি টি-শার্টে লেখা ছিল আমাদের ব্যাচ কোড ০৯.০১.০২ আর সাদা টি-শার্টের তো বিশেষ মাহাত্ম্য আছে। এই টি-শার্টে একে অপরকে উইস করে কিছু লিখছে, কেউ হয়তো বন্ধুকে মনে রাখার কথা লিখছে। এই করে সারা সকালটা পার করে দিলাম ক্যাম্পাসে। দুপরের পর ঢাকার আগারগাঁওয়ের জাতীয় গ্রন্থাগারে জুনিয়ররা আমাদের বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করল। প্রথম একটা ব্যান্ড চার-পাঁচটা গান গাইল, তারপর জুনিয়রদের নৃত্য আর চমৎকার হাস্যরসাত্মক উপস্থাপনায় আমাদের বিকেলটা কীভাবে যে কেটে গেল জুনিয়ররা বুঝতেই দিল না। সন্ধ্যার পর সেই বিশেষ মুহূর্ত কেক কাটা আর ক্রেস্ট বিতরণ। সময় যত যাচ্ছে, সবাই কেমন যেন আবেগে আপ্লুত হয়ে পড়ছে। সারা দিনের আনন্দ ম্লান হতে শুরু করল। এত দিনের বন্ধুত্ব, এত হাসি-কান্নার সঙ্গী এই বন্ধুদের আর একসঙ্গে পাব না জেনে চোখের জল আর বাধা মানছিল না। শেষ মুহূর্তে এসে অনেক স্মৃতি হাতড়ে বেড়াচ্ছে। লিখে হয়তো বোঝাতে পারব না কতটা মিস করব। সত্যি তোদের অনেক অনেক বেশি মিস করব। আমাদের এই বিষাদময় পরিবেশকে চাঙা করতে সেপ্টেম্বর ব্যান্ড তাদের কিছু রক গান দিয়ে পরিবেশটাকে হালকা করার চেষ্টা করল। হয়তো কোলাহল কিছুটা বেড়েছে কিন্তু মনের মাঝে শুধু একটা কথাই বাজে, বিদায়ের সময় এসেছে। আমরা সত্যিই অনেক কৃতজ্ঞ আমাদের জুনিয়রদের প্রতি এত দায়িত্ব নিয়ে পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করার জন্য। তাদের প্রতি রইল অনেক দোয়া আর ভালোবাসা। শেষ মুহূর্তে শুধু চেয়ে থাকা আর নিজেদের একই বন্ধনে সারা জীবন বেঁধে রাখার অঙ্গীকার করার মাধ্যমে শেষ হলো আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিবিএ ২৩তম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান।হয়তো অনেকের সঙ্গেই আর কখনো দেখা হবে না। জীবন আর ব্যস্ততার নানা কারণে। কিন্তু তোদের সবাইকে কি কখনো ভুলে থাকা যাবে? এসব ছোট ছোট ভালো লাগা, ভালোবাসার মুহূর্ত কি কখনো ভুলে থাকা সম্ভব? এই চার বছরে তোদের সঙ্গ পেয়েছিলাম বলেই হয়তো একদিন নিঃসঙ্গতায় ভুগব...সবাইকে বলছি, তোরা সবাই যেখানেই থাকিস, অনেক ভালো থাকিস, তোদের সবাইকে অনেক মিস করব...।