আবার হাতে হাতে পলিথিন
আবার হাতে হাতে এসে গেছে পলিথিনের ব্যাগ। বাজারে গেলেই শাকসবজি, মাছ-মাংসসহ প্রতিটি পণ্য ভরে দেওয়া হচ্ছে পলিথিনে। বিশেষ করে কাঁচাবাজারগুলোতে এর ব্যবহার দিন দিন বাড়ছে। এসব পলিথিন বাসাবাড়ি হয়ে আবার ছড়িয়ে পড়ছে রাস্তাঘাটে। ভরে উঠছে নালা-নর্দমা। এভাবে পলিথিনের অতিরিক্ত ব্যবহার এবং তা যত্রতত্র ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ।জানা যায়, পচনশীল না বলে পলিথিন পানি চলাচলে বাধা সৃষ্টি করছে এবং ড্রেনেজ ব্যবস্থাকে স্থবির করে দিচ্ছে। ফলে বর্ষা মৌসুম শুরু হতে না হতেই নগরে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। পরিবেশ অধিদপ্তরের বারবার অভিযানের পরও পলিথিন উৎপাদন এবং এর ব্যবহার বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন পরিবেশবিদেরা।এ প্রসঙ্গে পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা জন উদ্যোগের সমন্বয়কারী পরিবেশবিদ শরীফ চৌহান প্রথম আলোকে বলেন, পলিথিন ব্যবহার বন্ধে সরকারি উদ্যোগ শিথিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পলিথিনবিরোধী অভিযান চালানো হলেও পরিবেশ সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না। কিছু জরিমানা আদায় করেই জড়িত ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পরিবেশ দূষণের বিরুদ্ধে জনগণকে আরও সচেতন এবং সোচ্চার করে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৬ (ক) অনুযায়ী পলিথিন শপিং ব্যাগ বা পলিইথাইলিন বা পলিপ্রোপাইলিনের তৈরি অন্য যেকোনো সামগ্রী পরিবেশের জন্য ক্ষতিকর। এর উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা অমান্যকারী ব্যক্তিকে অনধিক ১০ বছর সশ্রম কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকার অর্থদণ্ড বা উভয়দণ্ড দেওয়ার বিধান রয়েছে। কিন্তু গত শনিবার রিয়াজউদ্দিন বাজার, ষোলশহর দুই নম্বর গেইট কাঁচা বাজার, বহদ্দারহাট কাঁচা বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে দোকানিরা ক্রেতাদের যেকোনো পণ্যই পলিথিনে বেঁধে দিচ্ছেন।নিষেধ থাকা সত্ত্বেও পলিথিন ব্যাগ ব্যবহারের কারণ জানতে চাইলে রিয়াজউদ্দিন বাজারে বাজার করতে আসা মো. গিয়াসউদ্দিন বলেন, ‘বিক্রেতারা দিচ্ছেন তাই আমিও নিয়ে নিচ্ছি।’ এ সময় এসব পলিথিন কোথা থেকে আসে জানতে চাইলে সবজি বিক্রেতা মো. রফিক এ ব্যাপারে কিছু বলতে চাননি।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০০২ সালে পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে সরকার। প্রথমদিকে কিছুদিন এ নিষেধাজ্ঞা কিছুটা কার্যকর থাকলেও পরে খোলাখুলিভাবেই পলিথিনের ব্যবহার চলতে থাকে। এ অবস্থায় ২ মে থেকে দেশব্যাপী পলিথিনবিরোধী বিশেষ অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে চট্টগ্রামের আগ্রাবাদ, বহদ্দারহাট, জেল রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ পলিথিন জব্দ, জরিমানা আদায় ও একাধিক কারখানা বন্ধ ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। সূত্র জানায়, মে মাসের অভিযানে সারা দেশে জরিমানা আদায় হয়েছে ১১ লাখ ২৫ হাজার টাকা। একই সঙ্গে জব্দ করা হয়েছে সাড়ে ২৫ মেট্রিক টন নিষিদ্ধঘোষিত পলিথিন।এর মধ্যে চট্টগ্রাম বিভাগে জব্দ করা হয়েছে ১ দশমিক ৭ মেট্রিক টন পলিথিন। জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৩৫ হাজার টাকা। এ ছাড়া নগরের বিভিন্ন এলাকার ছয়টি পলিথিন উৎপাদন কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের নির্দেশে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।এত অভিযানের পরও পলিথিন উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধ না হওয়ার কারণ জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘উন্নত দেশগুলোতেও পলিথিনের ব্যবহার হচ্ছে অর্থাৎ পলিথিন নিষিদ্ধঘোষিত নয়; কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট ভিন্ন। এখানকার জনগণ পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে সচেতন না হওয়ায় পলিথিনের ব্যবহার পরিবেশের ওপর প্রভাব ফেলছে।’ পলিথিনের নেতিবাচক দিকগুলো তুলে ধরে এর ব্যবহার হ্রাসে সরকারি-বেসরকারিভাবে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর জোর দেন তিনি।