পুনঃতফসিল অনুযায়ী এক সপ্তাহ পর ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী নির্বাচনে অংশ নিতে প্রচারণা শুরু করেছে মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম প্যানেল। কিন্তু নির্বাচনের সময় ঘনিয়ে এলেও প্রচারণায় নামছেন না মোরশেদ মুরাদ ইব্রাহীম প্যানেলের প্রার্থীরা। বিষয়টি নিয়ে আবারও কয়েকজন ভোটার দ্বারস্থ হয়েছেন আদালতের নির্দেশনার। জানা গেছে, মোরশেদ মুরাদ ইব্রাহীম প্যানেল এখন আদালতের নতুন নির্দেশনার অপেক্ষায় সময় পার করছেন। অপরদিকে মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম প্যানেল প্রতিদিনই নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। নির্ধারিত তারিখে নির্বাচনের ব্যাপারে আশাবাদী এই প্যানেল। নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দুই পক্ষের দুই রকম অবস্থান ব্যবসায়ী মহলে আলোচনার জম্ম দিয়েছে। নির্বাচন নিয়ে এই জটিলতা শুরু হয় ভোটার তালিকা সংশোধন করা না করা নিয়ে। গত বছরের ৬ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আদালতের নির্দেশনার কারণে নির্ধারিত তারিখে নির্বাচন হয়নি। বিষয়টি নিয়ে আদালতে তিনটি রিট মামলাও হয়। তবে আদালতের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন না করে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করলে নির্বাচন নিয়ে আবার জটিলতা দেখা দেয়। কারণ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান নতুন তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত হয়নি বলে জানান। অপরদিকে তিন সদস্যের বোর্ডের অপর দুই সদস্য বলেন, বোর্ডের সিদ্ধান্তেই পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে বোর্ডের মধ্যকার বিরোধ গড়িয়ে পড়ে প্রার্থী ও ভোটারদের মধ্যেও। এই বিরোধ গড়ায় আদালতে। পুনঃতফসিল ঘোষণা করার পর আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন দুইজন ভোটার। দুই-একদিনের মধ্যে আদালতে যাচ্ছেন সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি এরশাদ উল্লাহও। জানতে চাইলে এরশাদ উল্লাহ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করেই নির্বাচনের তারিখ ঘোষণা করায় দুইজন ভোটার এরই মধ্যে আদালতের নির্দেশনা চেয়েছেন। আমিও আজ-কালের মধ্যে আদালতের দ্বারস্থ হচ্ছি।’ তিনি বলেন, রাজস্ব বোর্ড থেকে বিপুল সংখ্যক ভোটারের কর শনাক্তকরণ নম্বর জাল বলে শনাক্ত করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন হওয়ার কথা। কিন্তু এসব কিছু বাস্তবায়ন না করে নির্বাচনের তারিখ ঘোষণা করার ব্যাপারে আদালতের নির্দেশনা চাইব।’ নির্বাচনী প্রচারণায় অংশ না নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে মোরশেদ মুরাদ ইব্রাহীম প্রথম আলোকে বলেন, ‘আদালতের স্পষ্ট নির্দেশনা ছিল-ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের তারিখ ঘোষণা করার। কিন্তু আদালতের নির্দেশনা না মেনে তফসিল ঘোষণা করায় আমরা নির্বাচনে অংশ নিচ্ছি না।’ মোরশেদ মুরাদ প্যানেল আদালতের নির্দেশনার অপেক্ষায় থাকলেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন মাহবুবুল আলম প্যানেল। এ প্রসঙ্গে মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী বোর্ড নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। নির্ধারিত তারিখে নির্বাচনে অংশ নিতে আমরা প্রতিদিন প্রচারণা চালিয়ে যাচ্ছি। নির্বাচন বোর্ড নিশ্চয় সবকিছু যাচাই-বাছাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।’