আবারও, আমি বাংলাদেশ
গত ১০ অক্টোবর ‘আমি বাংলাদেশ’ স্লোগান নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপর আবারও আমি বাংলাদেশ বুকে ধারণ করে আমরা হাজির হচ্ছি মৌচাকে বন্ধুসভা জাতীয় মহাসমাবেশ ২০১৬তে। বারবার আমরা ভেবেছি, স্লোগান নিয়ে ভোটাভুটিও হয়েছে। নতুন স্লোগানের কথা নিয়ে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত আমি বাংলাদেশ-ই আমাদের তৃতীয় জাতীয় সমাবেশের স্লোগান হিসেবে টিকে থাকল।
ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো সিএ ভবন মিলনায়তনে ছিল স্বল্প পরিসরে সম্মেলন। আর গাজীপুরে হচ্ছে বৃহৎ পরিসরে। বড় আয়োজনের মধ্য দিয়ে। কিন্তু বাংলাদেশটা আমাদের বুকে থাকছে, থাকবে, সব সময়ই বৃহৎ পরিসরে। সেই বাংলাদেশটা বুকে নিয়ে, আমি বাংলাদেশ, হয়ে আমরা এগিয়ে যাচ্ছি গাজীপুর, মৌচাকের দিকে স্কাউট মাঠে।
সমাবেশকে ঘিরে নানা পরিকল্পনা। হঠাৎ হঠাৎ বৈঠক। দেয়ালিকা তৈরি, কে আসবে, কে আসছে না ইত্যাদি নিয়ে বন্ধুরা এখন ব্যস্ত। বন্ধুদের সংখ্যা বাড়ানোর প্রস্তাব। কত কিছু। আমরা এবার মঞ্চে বন্ধুসভার সেরা পারফরম্যান্সটাই দেখতে চাই। সমাবেশ সম্পর্কে আজ, রোববার ও আগামীকাল সোমবার যেকোনো বন্ধু পরামর্শ, মতামত, পরিকল্পনা দিতে পারেন। এগুলো আমরা বিবেচনায় নিতে চাই।
এর আগের লেখায় উল্লেখ করেছিলাম সমাবেশ হবে তিন দিন। দুঃখিত বন্ধুরা, সমাবেশ শুরু হবে ১ জানুয়ারি শুক্রবার এবং শেষ হবে পরের দিন ২ জানুয়ারি বিকেল পাঁচটায়। নির্ধারিত কয়েকটি বিষয়ে বিরতি ছাড়া অনুষ্ঠান চলবে বিরতিহীনভাবে।
যাঁরা আসছেন: তাঁদের নাম, ফোন, ই-মেইল পাঠাতে হবে ২৫ ডিসেম্বরের মধ্যে। প্রতিটি বন্ধুসভার টিমে এক-তৃতীয়াংশ নারী সদস্য থাকতে হবে।
বিস্তারিত পাওয়া যাচ্ছে বন্ধুসভার ফেসবুক পেজে। যাবতীয় তথ্য পেতে পারেন বন্ধুসভার নির্ধারিত ফোেন (০১৯৫৫৫৫২০৮৮)।
সমাবেশে প্রবেশের পর থেকে নিজের কাজ নিজে বুঝে নিতে হবে। নিজের কাজ নিজেকে করতে হবে। অন্যের সহায়তায় এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে সমাবেশটি সবার। বৃহৎ বন্ধুসভা পরিবারের, কেউ সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকছে না। সবাই প্রথম আলো বন্ধুসভা পরিবারভুক্ত সদস্য। আমরা আশা করছি, সবার সহায়তায় এবারের সমাবেশ দীর্ঘদিনের জন্য আমাদের মনে ঠাঁই করে নেবে। আর যাঁরা আসতে পারছেন না সমাবেশে, দূর থেকে নিশ্চয় তাঁদের শুভকামনা আমরা পাব। তাঁদের কথাও স্মরণ করব সমাবেশে।
জয় হোক বাংলাদেশের। বাংলাদেশের জয় অব্যাহত থাকবেই। বাংলাদেশটা তো দুর্জয়। কেননা আমরা সবাই যে, আমি বাংলাদেশ।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।