
খরগোশ ও কচ্ছপের দৌড়ের সেই গল্পটা মনে আছে? ইশপের সেই গল্প, কচ্ছপের ধীরলয়ে হাঁটা নিয়ে একদিন বেশ ব্যঙ্গ করেছিল খরগোশ। আর তাতেই চ্যালেঞ্জ ছুড়ে বসে কচ্ছপ। মামুলি লক্ষ্য ভেবে দৌড়ের একটা সময় ঘুমিয়ে কাটাল খরগোশ। আর কচ্ছপ ধৈর্য ধরে হেঁটে বিজয়ের হাসি হাসল। ভাবছেন, এত দিন পরে এসে সেই পুরোনো গল্প শোনানোর কী আছে! এ জন্য আপনাকে জানতে হবে নিক সিনা নামের এক ব্যক্তির দেওয়া ভিডিও সম্পর্কে।
১০ অক্টোবর নিক সিনা তাঁর ইউটিউব অ্যাকাউন্টে ছেড়ে দেন একটি ভিডিও। যেখানে দেখা যায় একটি কচ্ছপ ও খরগোশের দৌড় প্রতিযোগিতা। সে আয়োজনও হয়েছিল বেশ ঘটা করে। দৌড় প্রতিযোগিতার জন্য তৈরি ট্র্যাক, ওদিকে প্রস্তুত কচ্ছপ ও খরগোশ। একসময় উপস্থিত দর্শকদের উল্লাসধ্বনি ছাপিয়ে শুরু হয় দৌড়!
প্রতিযোগিতার শুরুতেই দৌড়ে খরগোশটি মাঝামাঝি চলে আসে। কচ্ছপটি তখনো নিজ গতিতেই হাঁটছে। একসময় দেখা যায় খরগোশটি আয়েশ করে গুটিসুটি মেরে বসে গেল। এদিকে কচ্ছপ চলছে তার মতো। সময় গড়াতে থাকে, শেষ প্রান্তের একদম কাছে চলে আসে কচ্ছপ। দর্শকদের মধ্যে তখন চাপা উত্তেজনা। সে উত্তেজনা বেরিয়ে আসে উল্লাসধ্বনি হয়ে। কিন্তু তখনো একই জায়গায় আয়েশ করে বসে থাকে খরগোশটি। আর এদিকে প্রান্ত ছুঁয়ে ফেলে কচ্ছপ।
ফেসবুকসহ ইন্টারনেটে সামাজিক মাধ্যমগুলোতে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ভিডিও (https://youtu.be/90stI9UWVtk)। যদিও প্রতিযোগিতাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। তবে তাতে কী, নতুন করে আবার সেই পুরোনো প্রবাদের প্রমাণ তো হলো, ধীর ও স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়লাভ করে!
সূত্র: ডেইলি মেইল