আবারও পানিতে কালারপুল সেতু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় বাসিন্দাদের কাছে কালারপুল নামে পরিচিত এই সেতুর সরকারি নাম আখতারুজ্জামান চৌধুরী সেতু। পশ্চিম পটিয়ার শিকলবাহা খালের ওপর অবস্থিত এই সেতু দিয়ে পটিয়ার লাখ খানেক মানুষ যাতায়াত করতেন। সেতুটি ধসে পড়ায় এখন নৌকায় পারাপার করতে হচ্ছে তঁাদের l  প্রথম আলো
স্থানীয় বাসিন্দাদের কাছে কালারপুল নামে পরিচিত এই সেতুর সরকারি নাম আখতারুজ্জামান চৌধুরী সেতু। পশ্চিম পটিয়ার শিকলবাহা খালের ওপর অবস্থিত এই সেতু দিয়ে পটিয়ার লাখ খানেক মানুষ যাতায়াত করতেন। সেতুটি ধসে পড়ায় এখন নৌকায় পারাপার করতে হচ্ছে তঁাদের l প্রথম আলো

নয় বছর আগে মালবাহী নৌযানের আঘাতে ভেঙে পড়েছিল চট্টগ্রামের পশ্চিম পটিয়ার শিকলবাহা খালের ওপর নির্মিত কালারপুল সেতু। সংস্কার শেষে ২০১৪ সালে সেতুটি পুনরায় খুলে দেওয়া হয়। কিন্তু গত বছরের ২ আগস্ট আবারও সেতুর একটি পিলার দেবে যায়। যান চলাচল বন্ধ রেখে সেটির সংস্কার করার সময়ই ঘটে সর্বশেষ দুর্ঘটনা। ৩০ মার্চ সেতুর একাংশ খালের পানিতে ধসে পড়ে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, খালের ঠিক মাঝখানে সেতুটির একাংশ ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দারা পারাপার করছেন নৌকায়। সেতুর এই দশা নিয়ে নৌকার যাত্রীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, এই সেতু দিয়ে পটিয়ার পাঁচটি ইউনিয়নের মানুষজন যাতায়াত করেন। এ ছাড়া বোয়ালখালী ও রাঙ্গুনিয়ার বহু মানুষেরও যোগাযোগের ভরসা এই সেতু। বারবার সেতুটি বিধ্বস্ত হলেও এখানে স্থায়ী পাকা সেতু নির্মিত হয়নি।
সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ শিকলবাহা খালের ওপর কালারপুল বেইলি সেতু নির্মাণ করে। সেতুটির দৈর্ঘ্য ছিল ৫৭০ ফুট ও প্রস্থ ১২ ফুট। এরপর ২০০৭ সালে সেপ্টেম্বর মাসে একটি মালবাহী বার্জের আঘাতে সেতুটির একাংশ বিধ্বস্ত হয়। ২০১৩ সালে চার কোটি টাকা ব্যয়ে সেতুটি সংস্কার করা হয়। ২০১৪ সালে এটি উদ্বোধন করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তখন প্রয়াত রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরীর নামে সেতুটির নামকরণ করা হয়। এরপর গত বছরের ২ আগস্ট সেতুর সংস্কার করা অংশে আবারও একটি পিলার দেবে যায়। ওই দিন থেকে সেতুতে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়। এক মাস ধরে সেতুতে সংস্কারকাজ চলছিল। সংস্কারকাজ চলার সময় ২০ মার্চ আবারও খালের পানিতে ধসে পড়ে সেতুটি।
স্থানীয় যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই সেতু পটিয়ার শিকলবাহা ও কোলাগাঁও ইউনিয়নের সীমানায় অবস্থিত। এর ওপর দিয়ে পটিয়ার শিকলবাহা, কোলাগাঁও ও হাবিলাসদ্বীপ, জিরি ও কুসুমপুরা ইউনিয়নের প্রায় দেড় লাখ লোক নিয়মিত যাতায়াত করেন।
সওজের পটিয়া উপবিভাগীয় প্রকৌশলী বিনয় কুমার পাল বলেন, ধসে যাওয়া পিলারের পাশ দিয়ে লোহার পাইপ স্থাপনের মাধ্যমে সেতু মেরামতের প্রক্রিয়া চলছিল এক মাস ধরে। কাজ চলার সময় দুর্বল পিলারসহ সেতুর একাংশ ভেঙে খালে পড়ে যায়। এ সময় দুই শ্রমিক গুরুতর আহত হন।
স্থানীয় কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামশুল ইসলাম জানান, সেতুটিতে দীর্ঘদিন যাবৎ যানবাহন চলাচল বন্ধ থাকায় বাধাগ্রস্ত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। সেতুর আশপাশের এলাকায় সাত থেকে আটটি শিল্পকারখানা, ২০ থেকে ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, চারটি বিদ্যুৎকেন্দ্র এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। সেতু বন্ধ থাকায় এসব প্রতিষ্ঠানে কর্মরত মানুষজন যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। বিঘ্ন ঘটছে পণ্য ও মালামাল পরিবহনে। তিনি বেইলি সেতুর পরিবর্তে ইটের পাকা সেতু নির্মাণের দাবি জানান।
দোহাজারী সওজের নির্বাহী প্রকৌশলী তোফায়েল মিয়া বলেন, শিকলবাহা খালের ওপর পাকা সেতু নির্মাণের জন্য চলতি বছরের জানুয়ারি মাসে ২১ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, গত সোমবার বিকেলে পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী ভেঙে যাওয়া সেতুটি সরেজমিনে দেখে গেছেন। এরপর সেতুটি সংস্কারে তিনি মন্ত্রণালয়ে যোগাযোগও করেছেন।