আবারও ভয়ংকর তালেবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালেবান জঙ্গিদের হামলার পর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়
তালেবান জঙ্গিদের হামলার পর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়

গত রোববার রাতে হঠাৎ করেই কেঁপে উঠল পাকিস্তানের বন্দরনগর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর বেশে বিমানবন্দরে ঢুকে তাণ্ডব চালায়। এ সময় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারায় কমপক্ষে ৩৯ জন। তাদের মধ্যে ১০ জনই জঙ্গি। পরদিনও একই জায়গায় হামলা চালায় তালেবান। শুধু তা-ই নয়, জঙ্গিরা হুমকি দিয়েছে যে প্রয়োজনে তারা এর চেয়ে ভয়াবহ হামলা চালাবে।
জঙ্গিদের এই দুঃসাহসী হামলা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পুলিশ কিংবা সেনাবাহিনী পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধানে সম্পূর্ণ ব্যর্থ।
পাকিস্তানি তালেবানের এই ভয়ংকর রূপ দেখে অনেকেই বিস্মিত। ঠিক যখন মনে করা হচ্ছিল যে পাকিস্তানের বিমানবন্দরগুলো জঙ্গিমুক্ত। যখন উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের তালেবানের ঘাঁটিগুলোতে পাকিস্তানি সেনাবাহিনী বোমা বর্ষণ করছে, ঠিক তখনই এই হামলার ঘটনা ঘটল। দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে। তার হাতে একটি শক্তিশালী সেনাবাহিনীও রয়েছে। কিন্তু তার পরও এই জঙ্গি হামলা ঠেকানো যায়নি।
জিন্নাহ বিমানবন্দরে চালানো এই দুই দফা হামলায় মনে হতে পারে, টিটিপির মধ্যে যে বিভক্তি ছিল তা বোধ হয় আর নেই। তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, টিটিপির দুটি গ্রুপের মধ্যে ক্ষমতার লড়াইয়ের ফলস্বরূপ জিন্নাহ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের সাবেক চিফ বিক্রম সুদ বলেন, পাকিস্তানি তালেবানের একটি গ্রুপ অপর গ্রুপের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে যাচ্ছে। এই আধিপত্য বিস্তার চেষ্টার অংশ হিসেবে করাচির বিমানবন্দরে হামলা চালানো হয়েছে।
তবে ভারতের গবেষণা প্রতিষ্ঠান বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পাকিস্তানবিষয়ক পর্যবেক্ষক শুশান্ত সারিন বলেন, এটা স্পষ্ট যে করাচির বিমানবন্দরে দুই দফা হামলা শুধু তালেবানের একটি গ্রুপের অন্য গ্রুপের ওপর আঘাতের চেষ্টা নয়, বরং পাকিস্তানকে অর্থনৈতিকভাবে আঘাত করা এবং তাদের উদ্দেশ্যসাধনের জন্য আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা।
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকা দক্ষিণ ওয়াজিরিস্তানে মেহসুদ নামে একজন উপজাতির নেতৃত্বে গড়ে ওঠে টিটিপি। গত বছরের নভেম্বর মাসে মার্কিন ড্রোন হামলায় তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর টিটিপির নেতৃত্ব চলে যায় সোয়াত এলাকার মোল্লাহ ফজলুল্লাহর হাতে। চলতি বছর পাকিস্তান সরকারের পক্ষ থেকে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হলে টিটিপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়। মেহসুদপন্থীরা চাইছিল শান্তি আলোচনা চালিয়ে যেতে। কিন্তু ফজলুল্লাহপন্থীরা কোনো ধরনের শান্তি আলোচনা চায়নি। মেহসুদপন্থীরা শান্তি চায়। কারণ, জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে তাদেরই। এ নিয়ে দুই সপ্তাহের কিছু সময় আগে দুই ভাগে বিভক্ত হয়ে যায় টিটিপি।
২০০৯ সালে তালেবান অধ্যুষিত এলাকায় সামরিক বাহিনীর অভিযানের ফলে মেহসুদপন্থী তালেবান জঙ্গিরা লাহোর, করাচিসহ বিভিন্ন শহরে চলে যেতে বাধ্য হয়। ওইসব শহরের লোকজন তাদের সন্দেহের চোখে দেখে। তারা কোনো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। এ কারণে তারা সরকারের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যেতে চাইছিল।
অন্তঃকোন্দলের জের ধরে টিটিপির খালিদ মেহসুদ ওরফে খান সাইদ সাজনার নেতৃত্বাধীন মেহসুদ শাখা মোল্লা ফজলুল্লাহ

পন্থীদের শুধু দক্ষিণ ওয়াজিরিস্তান থেকে তাদের উৎখাতই করেনি, তারা করাচিতে টিটিপির শক্ত ঘাঁটিগুলোও দখল করে নেয়।
টিটিপি দুই ভাগ হওয়ার পর বিশ্লেষকেরা বলেছিলেন, জঙ্গি সংগঠনটি বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা হারাবে। তবে বিমানবন্দরে হামলার ঘটনা বিশ্লেষকদের সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এখনো শনাক্ত করতে পারেনি টিটিপির কোন শাখা করাচির বিমানবন্দরে এই হামলা চালিয়েছে। তবে তালেবানের যে অংশই এই হামলা চালাক না কেন, তারা এটা প্রমাণ করেছে যে তারা যেকোনো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্তঃকোন্দল সত্ত্বেও টিটিপি যে এখনো পাকিস্তানের জন্য বিরাট এক হুমকি, এর মাধ্যমে তারা তা জানান দিল।
তালেবান জঙ্গিদের এই শক্তি বৃদ্ধির পেছনের কারণ হলো, উজবেক জিহাদি ও আরও কিছু বিদেিশ দলছুট জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের সখ্য। এর মধ্যে রয়েছে হাক্কানি নেটওয়ার্কও । বিদেশি যোদ্ধাদের মধ্যে রয়েছে চেচেন, আরব, মধ্য এশীয় এবং কিছু পশ্চিমা নাগরিকও। উজবেক জঙ্গিরা ইতোমধ্যে করাচির বিমানবন্দরে হামলায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছে৷ তারা বলেছে, গত মাসে পাকিস্তানের উপজাতি অধ্্যুষিত এলাকাগুলোতে বিমান হামলার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে৷
এখন পাকিস্তান সরকারের দায়িত্ব দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য তালেবানকে কঠোর হাতে দমন করা। আর এ জন্য নিরাপত্তা বাহিনীকে ঢেলে সাজাতে হবে। তা না হলে যুদ্ধ অবশ্যম্ভাবী। আর সেটা কারও জন্যই ভালো হবে না।