আবারও হালদার বালুমহাল ইজারার সিদ্ধান্ত
হালদা নদীর বিভিন্ন স্থানে চিহ্নিত বালুমহালগুলো আবারও ইজারা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ এসব বালুমহাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা একে পরিবেশের ওপর মারাত্মক আঘাত বলে মন্তব্য করেছেন। তাঁরা এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামার কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন।সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হালদা নদীসহ বিভিন্ন এলাকার বালুমহাল ইজারা দিতে দরপত্র আহ্বান করে। পরিবেশদূষণ প্রতিরোধ, নদী, পানি রক্ষা আন্দোলনের নেতারা এর প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। হালদাপারের বাসিন্দারাও প্রতিরোধ আন্দোলনের কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন। তাঁরা মনে করেন, এতে পরিবেশ বিপর্যয় ঘটবে। নতুন এলাকা ভাঙনের কবলে পড়বে। হালদা নদীর বর্তমান পরিবেশ ও প্রতিবেশের ওপর কার্যকর পরিকল্পনা (অ্যাকশন প্লান) তৈরির কাজ শুরু করছে পিআরডি (পিপলস রিভার ডিফেনডার) নামের একটি প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী হালদার বালুমহাল ইজারা দেওয়ার সিদ্ধান্তকে দুঃখজনক মন্তব্য করে বলেন, ‘পৃথিবীতে এখন চলছে পানির তীব্রসংকট। ভবিষ্যতে সংকট তীব্রতর হওয়ার আশঙ্কায় এখন বিশ্বজুড়ে পরিবেশবিদ, বিজ্ঞানী সবাই উত্কণ্ঠিত। ঠিক এই সময়ে হালদার পরিবেশের ওপর অশুভ প্রভাব সৃষ্টি করবে এমন একটি সিদ্ধান্ত সচেতন কেউ মেনে নিতে পারেন না।’ তাঁর সংগঠনের পক্ষ থেকে নদী ও পানি রক্ষার প্রয়োজনে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি। হালদা নদী ও মৎস্যসম্পদ নিয়ে গবেষণা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। তিনি প্রতিক্রিয়ায় বলেন, ‘দেশের প্রাকৃতিক মৎস্যভান্ডার হালদা নদী। সরকার এই সম্পদ রক্ষায় বড় ধরনের একটি প্রকল্প চালু রেখেছে। এর বিপরীতে এই নদীর বালুমহাল ইজারা দেওয়া স্ববিরোধী নীতিরই বহিঃপ্রকাশ।’ তিনি হালদার প্রাকৃতিক সম্পদ রক্ষার কথা বিবেচনা করে বালুমহাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা উচিত বলে মন্তব্য করেন। হালদা নদী থেকে বছরের পর বছর বালু ও মাটি তুলে পরিবেশ বিপর্যয় ত্বরান্বিত করা হচ্ছে—এমন অভিযোগ করেছে রাউজান পরিবেশদূষণ প্রতিরোধ আন্দোলন কমিটির যুগ্মসম্পাদক প্রদীপ শীল। তিনি অবিলম্বে নতুন করে হালদার বালুমহাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না হলে অন্দোলন শুরু করার ঘোষণা দেন। সমপ্রতি নদীর বিভিন্ন স্থানে দেখা গেছে, হালদার মুখ (কর্ণফুলীর সংযোগ) এলাকায় শক্তিশালী ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে বড় বড় যান্ত্রিক নৌযানে। ওসব বালি স্তূপ করে রাখা হচ্ছে কালুরঘাট, মদুনাঘাটসহ বিভিন্ন এলাকায়। এখান থেকে নিয়ে যাওয়া হয় সিডিএর আবাসিক প্রকল্প অনন্যাসহ বিভিন্ন এলাকা ভরাটের কাজে। হালদাপারের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীর বিভিন্ন স্থান থেকে বছরের পর বছর ড্রেজার চালিয়ে বালু ও মাটি তোলার কারণে নদীভাঙন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। নোয়াপাড়া ইউনিয়নের সাকরদা গ্রামটি অনেক আগেই নদীতে বিলীন হয়েছে। নোয়াপাড়া, পশ্চিম গুজরা, গহিরা, উরকিরচর ইউনিয়নের আরও কয়েকটি গ্রাম নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কায় রয়েছে। নাপিতেরঘাট এলাকায় করিম শাহ ব্রিক নামের একটি প্রতিষ্ঠান নদীর পাড় কেটে ইটের মাটি জোগান দিচ্ছে। এখান থেকে কয়েকটি নৌকায় শ্যালো পাম্প লাগিয়ে বালু তোলা হচ্ছে। কাগতিয়া কাছিমনগর এলাকার একটি ইটভাটায় মাটি কাটা হচ্ছে একই ভাবে। পরিদর্শন কালে দেখা গেছে, ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের স্থাপিত কয়েক কোটি টাকার পাথর ব্লক তলিয়ে যাচ্ছে নদীর গভীরে। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ ইলিয়াছ বলেছেন, বছরের পর বছর হালদার মুখ থেকে ড্রেজারের মাধ্যমে বালু তোলার ফলে প্রায় অর্ধশতাব্দী কাল আগে জেগে ওঠা একটি বিশাল চরের একাংশ এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে। দিন দিন চরটি সংকুচিত হয়ে যাচ্ছে। স্থানীয় মোকামিপাড়া গ্রামের বাসিন্দা আজিজুর রহমান জানিয়েছেন, ভাঙনকবলিত গ্রামটি রক্ষায় দুই বছর আগে দেওয়া পাথরের ব্লক এখন নদীতে তলিয়ে যাচ্ছে। সমপ্রতি রাউজান উপজেলা সমন্বয় সভায় হালদা থেকে বালু তোলার প্রতিক্রিয়া জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি এর প্রতিকার চেয়েছেন গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর কাছে। জানা গেছে, উপজেলা ভূমি কর্মকর্তার মাধ্যমে স্থানীয় বালুমহালগুলো চিহ্নিত করে ইজারার জন্য জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়। সেই তালিকার সূত্রে জেলা প্রশাসন বার্ষিক ইজারার জন্য দরপত্র আহ্বান করে। বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) সমীরণ দেওয়ান তাঁর কার্যালয়ের দেওয়া তালিকা অনুসারে বালুমহাল ইজারার দরপত্র আহ্বান করা হয়েছে বলে স্বীকার করেন। এতে কোনো প্রতিক্রিয়া হতে পারে—এমন ধারণা তাঁর ছিল না বলে জানান।