আবারও ‘পকেট ভোটে’ চেম্বার নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ‘পকেট ভোটে’ নির্বাচন হয়ে গেল চট্টগ্রাম চেম্বারের। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে মূলত ‘পকেট ভোট’ বেশি থাকায় বর্তমান সভাপতি এবং আওয়ামী লীগের সাংসদ এম আবদুল লতিফের সমর্থনপুষ্ট চট্টগ্রাম চেম্বার পরিষদের নিরঙ্কুশ বিজয় হয়। অবশ্য তাঁর প্রতিপক্ষ বলে পরিচিত সাবেক চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর সমর্থনপুষ্ট ব্যবসায়ী পরিষদ প্যানেল একজনের একাধিক ভোট বন্ধের দাবি তুলে নির্বাচন শুরুর পর সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। চেম্বার নির্বাচনের সুদীর্ঘকালের ইতিহাস পর্যালোচনায় দেখা গেছে, প্রতিবারই মূলত পকেট ভোটের ওপর ভিত্তি করে সমঝোতার নির্বাচন হতো। এতে সাজানো নির্বাচনে একটি প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হতো। এই বিজয়ী পরিচালকদের মধ্য থেকে আবারও সমঝোতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে চেম্বার সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতির মতো পদগুলো ঠিক করা হতো। আগের দুই মেয়াদে এম আবদুল লতিফ এবং তারও আগে তিন মেয়াদে সাইফুজ্জামান চৌধুরী এ কায়দায় চেম্বার সভাপতি হয়েছিলেন বলে জানা যায়। সেই সময় লতিফ ও জাবেদের মধ্যে সমঝোতা হয়েছিল।কিন্তু এবারই প্রথম ব্যবসায়ীদের দুটি পক্ষ সরাসরি আলাদা প্যানেল নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে ব্যবসায়ী নেতাদের মধ্যে যাঁদের কাছে বেশি পকেট ভোট আছে তাঁরা দ্বিধাবিভক্ত হয়ে পড়লে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে। কিন্তু শেষমুহূর্তে ব্যবসায়ী পরিষদ যখন বুঝতে পারে জেতার সম্ভাবনা কম ঠিক তখনই তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায় বলে জানা গেছে। সূত্র জানায়, চেম্বারের নেতৃত্ব ধরে রাখতে নেতৃত্বস্থানীয় কয়েকজন নেতা দীর্ঘদিন ধরে এ পকেট ভোট নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ আছে। বড় ব্যবসায়ী না হয়েও অন্তত ১০টি থেকে শতাধিক প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধি হিসেবে ভোটার তালিকায় একজনের নাম থাকার বিষয়টি পকেট ভোট হিসেবে পরিচিত। ভোটার তালিকায় দেখা গেছে, একজন ব্যবসায়ীই ১০৭টি প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধি। আবার ৪৯টি প্রতিষ্ঠানের ঠিকানায় ব্যবহার করা হয়েছে একটি নম্বর। নির্বাচনে ভোটার বাড়াতে এ ধরনের নামসর্বস্ব প্রতিষ্ঠানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেন প্রার্থীরা। অভিযোগ আছে, এবার পকেট ভোটের পাল্লা ভারী চেম্বার পরিষদের দিকে। এ কারণেই নির্বাচনে পকেট ভোট যাতে না পড়ে সেজন্য আপত্তি জানিয়ে আসছে ব্যবসায়ী পরিষদ। এ বিষয়ে জানতে চাইলে এম আবদুল লতিফ বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান হচ্ছে চেম্বারের সদস্য। আর এ প্রতিষ্ঠান যাঁকে মনোনীত করবে তিনিই ভোট দিতে পারবেন। একজনের একাধিক প্রতিষ্ঠান থাকলে তিনি একাধিক ভোট দিতে পারবেন। এ প্রথা চলে আসছে যুগ যুগ ধরে।তবে সাইফুজ্জামান চৌধুরী বলেন, একজন কীভাবে ১০৭টি প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধি হতে পারেন? ভোটার বাড়াতে নামসর্বস্ব প্রতিষ্ঠানকে চেম্বারের সদস্য করার কারণে একজনই এ রকম অসংখ্য প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধি হয়েছেন।