রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং, মাচালং ও শিজকের সংরক্ষিত বনাঞ্চলে নির্বিচারে চলছে বৃক্ষ নিধন। বনাঞ্চল উজাড় হওয়ায় আবাস হারাচ্ছে বন্য প্রাণী। হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক ভারসাম্য। সূত্র জানায়, শিজক সংরক্ষিত বনের আঁধারমানিক, দোসর, গবছড়ি, কচুছড়ি, নবছড়া, তাংগুমাছড়া, কাচালংয়ের উলুছড়ি, উগলছড়ি, মারিশ্যা, পতেঙ্গাছড়া, পাকজ্যাছড়ি, রুপকারী, দুই কিলোমিটার থেকে ১০ নম্বর এলাকা ও মাচালং সংরক্ষিত বনের ছোট-বড় গাছ কেটে জোত পারমিটের আড়ালে চলছে পাচার। এ ছাড়া মারিশ্যা-দীঘিনালা সড়কের দুইপাশে সৃজন করা সেগুন বাগান থেকেও কচি গাছ কেটে দীঘিনালা ও খাগড়াছড়িতে বিক্রি করা হয়। স্থানীয় লোকজন জানান, সংরক্ষিত বনাঞ্চল উজাড় হওয়ায় বন্য প্রাণীদের আবাসস্থল ক্রমেই ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে তারা লোকালয়ে বিচরণ করছে। গত ১৭ এপ্রিল শিজক এলাকায় হানা দেয় বন্যহাতির পাল। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় ফসলি জমি ও বাগানে। ওই সময় গ্রামবাসী প্রতিরোধ করলে দুটি হাতি মারা যায়। এ ছাড়া জুন মাসে কদমতলী গ্রামে একটি, সারোয়াতলীতে দুইটি, তাংগুমাতে তিনটি ও খাগড়াছড়ি গ্রামে চারটি হরিণ গ্রামে ঢুকে পড়লে গ্রামবাসীরা পিটিয়ে হত্যা করে হরিণগুলো। কদমতলী গ্রামের বাসিন্দা আনন্দ লাল চাকমা (৭০) বলেন, ‘সংরক্ষিত বনে এখন আর কোনো বন নেই। ফলে বন্যপ্রাণীরা গ্রামে ঢুকে পড়ছে। কিছু দিন আগে আমাদের গ্রামে একটি হরিণ ঢুকে পড়েছে। সেটাকে গ্রামবাসীরা পিটিয়ে হত্যা করে মাংস ভাগ করে নেয়। বনপ্রাণী গ্রামে ঢুকলে আবার যদি বনে যায় তাহলে গ্রামের অশুভ হয়। সেজন্য বন্য প্রাণী ঢুকলে গ্রামবাসীরা হত্যা করে।’বন বিভাগের মারিশ্যা বিট কর্মকর্তা শাহ নেওয়াজ বলেন, ‘বাঘাইছড়িতে তিনটি এলাকায় সংরক্ষিত বন রয়েছে। ওই সব বন থেকে শান্তি চুক্তির পর থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে। সদর থেকে অনেক দূরে সেখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। নিরাপত্তার জন্য কোনো অস্ত্রও নেই। এভাবে নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে বন্য প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে।’ তিনি বলেন, ‘বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণের একটি বিভাগ রয়েছে। কিন্তু নিরাপত্তার অভাবে বনে ঢুকে দেখতে পারি না। বিভিন্ন গ্রামে বন্য প্রাণী হত্যা করছে এটা সত্য। তবে আমরা খবর পেলেই ঘটনাস্থলে যাচ্ছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া বলেন, ‘সংরক্ষিত বন সংরক্ষণের জন্য বন বিভাগ রয়েছে। কোনো সংরক্ষিত বন থেকে যেন গাছ কাটতে না পারে সেজন্য জোত পারমিটের ব্যাপারে প্রশাসন থেকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। শুনেছি বাঘাইছড়ি উপজেলায় আর আগের মতো বন নেই। সব উজাড়ের পথে।’