আবাসন কোম্পানির সঙ্গে থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার বেলা তিনটা থেকে নগরের রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে শুরু হচ্ছে চার দিনের আবাসন মেলা। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নবমবারের মতো এ মেলা আয়োজন করেছে।
রিহ্যাব জানায়, সারা দেশের আবাসন প্রতিষ্ঠানের মধ্যে রিহ্যাবের সদস্যসংখ্যা ১ হাজার ১৩৪। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলে আছে ৯২টি প্রতিষ্ঠান। কুমিল্লা থেকে কক্সবাজার পর্যন্ত এলাকা নিয়ে রিহ্যাবের চট্টগ্রাম অঞ্চল। এর মধ্যে মেলায় অংশ নিচ্ছে ৫৪টি প্রতিষ্ঠান। আবাসন প্রতিষ্ঠান ছাড়াও নির্মাণসামগ্রী ও ভবন নির্মাণ–সংশ্লিষ্ট ১২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে মেলায়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টল থাকছে সাতটি।
মেলার উদ্বোধন হবে রেডিসন ব্লু হোটেলের মোহনা হলে দুপুর সাড়ে ১২টায়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
উদ্বোধনের পরই বেলা তিনটায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলা চত্বর উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। টিকিট কেটে মেলায় ঢুকতে হবে।
মেলায় প্রবেশের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ৫০ টাকা। তবে একাধিকবার ঢোকার জন্য টিকিটের দাম ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিটের ওপর প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার। লটারি করে এই পুরস্কার দেওয়া হবে। রিহ্যাবের চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান এস এম আবু সুফিয়ান জানান, প্রকৃত ক্রেতারা যাতে মেলা ঘুরে দেখতে পারে, সে জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
রিহ্যাব কর্তৃপক্ষ জানায়, গত ডিসেম্বরের শেষে ঢাকায় অনুষ্ঠিত মেলায় ১০ শতাংশের কম সুদে গৃহঋণের সুবিধা দিয়েছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ঢাকার পর চট্টগ্রামে মেলায় অনুষ্ঠিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও একই সুুবিধা দিচ্ছে। মেলায় তিনটি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠানের স্টল রয়েছে। এ ছাড়া আবাসন প্রতিষ্ঠানগুলোও এবার মেলায় ফ্ল্যাটের দামে ছাড় দিচ্ছে।
মেলায় আবাসন প্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা ও ঢাকায় ফ্ল্যাট বিক্রির তথ্য তুলে ধরবে। চট্টগ্রামে মেলা অনুষ্ঠিত হওয়ার কারণে নগরের প্রকল্পগুলো প্রাধান্য তুলে ধরবে আবাসন প্রতিষ্ঠানগুলো।
২০০৬ সালের অক্টোবরে চট্টগ্রামে রিহ্যাবের কার্যক্রম শুরু হয়। কার্যক্রম শুরুর পর গত বছর ছাড়া প্রতিবছরই মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলায় শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আগামীকাল শুক্রবার রেডিসন ব্লু হোটেলের মোহনা হলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় অংশগ্রহণকারীদের নিবন্ধনের পর ১০টায় মূল চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হবে।