আবাসন খাতে নানা চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বাড়লেও বাড়েনি জমির পরিমাণ। আর তাই বাড়তি এই মানুষের মৌলিক চাহিদা অর্থাৎ বাসস্থানের জোগান দিতে দিন দিন বড় হচ্ছে দেশের আবাসন খাত। ফলে বাড়ছে এই খাতে চাকরির সুযোগও। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) তথ্যমতে, মাত্র ১১ জন সদস্য নিয়ে ১৯৯১ সালে যাত্রা শুরু করা এ সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা প্রায় এক হাজার ২০০। এ ছাড়া প্রক্রিয়াধীন ও সদস্যবিহীন রয়েছে আরও কয়েক হাজার প্রতিষ্ঠান। এ থেকে বোঝা যায়, গত কয়েক বছরে এ সেক্টরে চাকরির বাজার ও সুযোগ কতটা বেড়েছে। একনজরে দেখে নেওয়া যাক আবাসন খাতে আপনার জন্য কী কী সুযোগ আছে।
বিভাগ অনুযায়ী কাজ: একটি আবাসন বা রিয়েল এস্টেট কোম্পানিতে বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হয়। কাজের ধরন অনুযায়ী এ খাতকে ভাগ করা হয়েছে কয়েকটি ভাগে। আবাসন খাতে যেসব বিভাগে লোক নিয়োগ দেওয়া হয় তার মধ্যে আছে আর্কিটেকচার, সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিসেস, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ। এ ছাড়া অফিসের দায়িত্ব সামলানোর জন্য সুপারভাইজার, হিসাবরক্ষণ কর্মকর্তা, মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা ইত্যাদি পদে লোক নিয়োগ দেওয়া হয়। এর বাইরে বিভিন্ন প্রোজেক্টে ও মার্কেটিংয়ের জন্যও বিশেষ কিছু পদে চুক্তিভিত্তিক এবং পার্টটাইম লোক নিয়োগ দেওয়া হয়ে থাকে।
শিক্ষাগত যোগ্যতা: কাজের ধরন অনুযায়ী নির্ভর করে শিক্ষাগত যোগ্যতা। এ বিষয়ে কনকর্ড গ্রুপের প্রধান মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা মো. শাহেদ হাসান জানান, আবাসন খাতে কাজ করার জন্য শিক্ষাগত যোগ্যতা সবচেয়ে জরুরি। এখানে বিভিন্ন পদের চাকরির জন্য শিক্ষাগত আলাদা আলাদা। আর্কিটেকচারার হিসেবে কাজ করার জন্য প্রয়োজন আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি। এ ছাড়া ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেওয়ার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে স্নাতক থাকতে হবে। সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে যোগদান করার জন্য বিবিএ, এমবিএ করা থাকতে হবে। আর হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য প্রয়োজন ব্যবসায় শিক্ষা বিষয়ে কমপক্ষে স্নাতক, তবে সিএ, এসিসিএ ইত্যাদি ডিগ্রিধারী প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ অগ্রাধিকার। এ ছাড়া প্রজেক্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য বিবিএ, এমবিএর পাশাপাশি সিএ, এসিসিএ থাকা জরুরি। তবে মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য বিবিএ, এমবিএতে মানবসম্পদে মেজর থাকতে হবে।
জরুরি দক্ষতা: শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এ সেক্টরে কাজ করার জন্য সবচেয়ে জরুরি হলো দক্ষতা। এ সম্পর্কে নাভানা রিয়েল এস্টেটের প্রধান মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা মো. মইনুল আলম জানান, আবাসন খাতে কাজ করার জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরও কিছু বিষয়ে বাড়তি যোগ্যতার প্রয়োজন পড়ে। সে ক্ষেত্রে কাজ ও পদ অনুযায়ী একেকজনের দক্ষতা একেক রকম হয়ে থাকে। যাঁরা আর্কিটেকচারে কাজ করতে আগ্রহী, তাঁদের ডিজাইন ও ড্রয়িং সম্পর্কে যেমন ভালো ধারণা থাকতে হবে তেমনি ক্রেতা অথবা প্রতিষ্ঠান তার কাছ থেকে কোন কাজটি কীভাবে চাচ্ছে, সেটিও বোঝার ক্ষমতা থাকতে হবে। প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে নির্মাণকাজের নানা বিষয়ে খুঁটিনাটি জ্ঞান রাখতে হবে। এর পাশাপাশি কর্মচারী চালানোর মতো ক্ষমতা এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকতে হবে। মার্কেটিং বিভাগ একটি আবাসন প্রতিষ্ঠানের মূল কাজটি করে থাকে। গ্রাহকদের সঙ্গে তাঁরা সরাসরি যোগাযোগ করেন আর তাই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তাঁদের হতে হবে স্মার্ট ও মিষ্টভাষী, সেই সঙ্গে রাখতে হবে মানুষকে বোঝানোর ক্ষমতা। পাশাপাশি পণ্য সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে। যাঁদের মধ্যে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এ গুণগুলো থাকে, চাকরির ক্ষেত্রে তাঁরাই অগ্রাধিকার পান বলে জানান নাভানা রিয়েল এস্টেটের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মইনুল আলম।