আবাসন মেলা কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত চার দিনের আবাসন মেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের আবাসন মেলায় অংশ নিচ্ছে ৮১টি আবাসন প্রতিষ্ঠান। মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক জানান, আগামীকাল বিকেলে চট্টগ্রাম ক্লাবের টেনিস কোর্ট প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আব্দুল মান্নান খান। উদ্বোধনী দিনে পুলিশ বাহিনীকে তাদের কাজের সুবিধার জন্য একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হবে। এ ছাড়া আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে ‘রিহ্যাব ওয়ার্ড’ নামে একটি নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ ওয়ার্ড) উদ্বোধন করা হবে একই দিনে। মেলা উপলক্ষে ১০ ফেব্রুয়ারি সকালে চারুকলা ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।মেলা আয়োজক সূত্রে জানা গেছে, এ মেলার মূল লক্ষ্য গৃহনির্মাণ প্রতিষ্ঠান ও ক্রেতাদের মধ্যে যোগাযোগ বাড়ানো, যাতে তাঁরা যাচাই-বাছাই করে নিজেদের পছন্দের ফ্ল্যাট বা প্লট কেনার সুযোগ পান। ২০০১ সাল থেকে প্রতিবছর আবাসন মেলার আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে ঢাকায় ১১টি ও চট্টগ্রামে পাঁচটি মেলা হয়েছে। এবার ষষ্ঠবারের মতো মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া দেশের বাইরেও ইতিপূর্বে ১৪টি মেলা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে নয়টি, কানাডায় একটি, যুক্তরাজ্যে একটি, দুবাইয়ে একটি, ইতালিতে একটি ও অস্ট্রেলিয়ার সিডনিতে একটি মেলার আয়োজন করা হয়।সূত্রমতে, এবারের মেলায় ৮১টি স্টল থাকবে। মেলার কো-স্পন্সর আর এফ বিল্ডার্স, এপিক প্রোপার্টিজ, ইটার্নাল ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টস, কোরাল রিফ প্রোপার্টিজ, ট্রাস্ট অ্যালাইয়েন্স টেকনোলজি, ডিভাইন হোল্ডিংস, নাভানা রিয়েল এস্টেট, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস, মাওলানা ডেভেলপমেন্ট কোম্পানি, মিশম্যাক ডেভেলপমেন্টস ও মিশন ডেভেলপার্স। মেলা উপলক্ষে প্রবেশ টিকিটের ওপর র‌্যাফেল ড্র এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে। প্রতিদিন সন্ধ্যায় মেলার বিভিন্ন দিক নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। ১২ ফেব্রুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র এম মন্জুর আলম।