তীব্র আবাসন-সংকটে ভুগছেন ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের ছাত্রীরা। তিন হাজারের বেশি শিক্ষার্থীর এই কলেজে মাত্র ১০০ শয্যার একটি ছাত্রী নিবাস রয়েছে। এতে দুই শতাধিক শিক্ষার্থী থাকেন গাদাগাদি করে। ছাত্রী নিবাসে থাকার সুযোগ না পেয়ে জেলার প্রত্যন্ত অঞ্চলের অনেক ছাত্রীকে চরম ভোগান্তির মধ্যে কলেজে যাওয়া-আসা করতে হচ্ছে। এতে অনেকে পড়ালেখায় পিছিয়ে পড়ছেন।কলেজ সূত্র জানায়, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজটি ১৯৭৯ সালে বেসরকারি উদ্যোগে স্থাপিত হয়। ১৯৮৮ সালে এটিকে সরকারীকরণ করা হয়। বর্তমানে এ কলেজে প্রায় তিন হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। কলেজে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ইতিহাসসহ তিনটি বিষয়ে স্নাতক (সম্মান) এবং দুটি বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যন্ত লেখাপড়ার ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, এ কলেজে তাঁদের মূল সমস্যা আবাসন-সংকট। বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন হাজার শিক্ষার্থী এখানে এসে পড়ালেখা করছেন। শুরুতে এখানে কোনো ছাত্রী নিবাস ছিল না। অনেক লেখালেখির পর ২০০৪ সালে মাত্র ১০০ শয্যার একটি ছাত্রী নিবাস নির্মাণ করা হয়, যা শিক্ষার্থীদের চাহিদার তুলনায় নগণ্য। বর্তমানে এখানে গাদাগাদি করে প্রায় ২০০ ছাত্রী থাকছেন। এতে তাঁদের স্বচ্ছন্দে থাকা এবং লেখাপড়া ব্যাহত হচ্ছে।অন্যদিকে ছাত্রী নিবাসে থাকার সুযোগ না পাওয়ায় কলেজের অধিকাংশ শিক্ষার্থীকে দূর-দূরান্তের গ্রামাঞ্চল থেকে আসা-যাওয়া করে পড়ালেখা করতে হয়, যা খুবই ব্যয়বহুল। সদর উপজেলার বিরলী গ্রামের আবু আহমদ জানান, শিক্ষার্থীদের কলেজে আসা-যাওয়ার সুবিধার জন্য বিএনপি সরকারের সময় একটি বাস দেওয়া হয়। সেটি এখন লক্কড়ঝক্কড় হয়ে পড়েছে। এ বাসে কিছু শিক্ষার্থী আসা-যাওয়ার সুযোগ পেলেও অধিকাংশ শিক্ষার্থীকে সাধারণ বাস, টেম্পো বা সিএনজিচালিত অটোরিকশায় করে আসা-যাওয়া করতে হয়। আবার অনেক অভিভাবক যাতায়াত সমস্যার কারণে পড়ালেখা ব্যাহত হওয়ার কথা বিবেচনা করে শহরে বাসাভাড়া নিয়ে পরিবারসহ থাকতে বাধ্য হচ্ছেন। এতে পরিবারের খরচ চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। কিছু শিক্ষার্থীকে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে আত্মীয়স্বজনের বাসায় থাকতে হচ্ছে। কলেজ সূত্র জানায়, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে প্রতিবছর ভর্তিযুদ্ধের পর শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ছাত্রী নিবাসের আসন বরাদ্দ পাওয়ার প্রতিযোগিতায় নামতে হয়। প্রতি আসনের জন্য গড়ে আবেদনপত্র জমা পড়ে অন্তত ১০টি। ফলে শুরু হয় তদবির। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, কলেজ ছাত্রী নিবাসে প্রথম বর্ষসহ উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রতি আসনে দুজন ছাত্রীকে থাকতে হচ্ছে। শুধু সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীর কিছু শিক্ষার্থী একক আসনে থাকার সুযোগ পান। সোনাগাজী উপজেলার একজন শিক্ষার্থীর অভিভাবক সাহাবুদ্দিন অভিযোগ করেন, তাঁর মেয়ে ছাত্রী নিবাসে থাকার সুবিধা পেলেও পড়ালেখার সুযোগ তেমন পাচ্ছেন না। কারণ, কোনো কোনো কক্ষে আট-নয়জন শিক্ষার্থীকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। আর একটি কক্ষে বাতি দেওয়া হয়েছে মাত্র একটি। কক্ষে বৈদ্যুতিক পাখার ব্যবস্থাও নেই। এ অবস্থায় সুষ্ঠুভাবে লেখাপড়া করা সম্ভব হয় না।কলেজের অধ্যক্ষ ডি এ বিলকিস আরা চৌধুরী প্রথম আলোকে জানান, কলেজের ছাত্রী নিবাসে থাকার জন্য দূর-দূরান্তের ছাত্রীদের আগ্রহ খুব বেশি। শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ অনুরোধ এবং মানবিক কারণে ১০০ শয্যার ছাত্রী নিবাসে অনেক বেশি শিক্ষার্থীকে থাকার সুযোগ দিতে হয়েছে। এতে অনেকের কষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে আরও ছাত্রী নিবাস নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন জানানো হয়েছে বলেও অধ্যক্ষ জানান।