অনেক শিক্ষার্থী হলগুলোতে আবাসিক সুবিধা নেওয়ার পরও হলে না থেকে শহরে থাকেন। ফলে অনেক শিক্ষার্থীই সকালের ক্লাস এবং অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে পারেন না। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। তাই শিক্ষার্থীরা যেন সঠিকভাবে লেখাপড়া করা এবং এসব শিক্ষার্থীদের আবাসিক সুবিধা নিশ্চিত করতে কিছু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হল কর্তৃপক্ষ। এর ফলে আবাসন সমস্যা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকট আকার ধারণ করলেও ভিন্ন চিত্র দেখা যায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) হলগুলোতে। বরং আবাসন সুবিধা থাকার পরও হলে না থাকলে জরিমানা ও হলের আসন বাতিলসহ বিভিন্ন শাস্তির মুখোমুখি হতে হয় শিক্ষার্থীদের।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আবাসিক হলের স্বল্পতার কারণে একসময় আবাসন সমস্যা প্রকট আকার ধারণ করেছিল চুয়েটে। ক্যাম্পাস চট্টগ্রাম শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে। ক্যাম্পাসের আশপাশে কোনো ব্যাচেলর বাসা না থাকায় প্রচুর ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। এ সমস্যা সমাধানের জন্য আগের তিনটির সঙ্গে ছাত্রদের জন্য একটি ও মেয়েদের জন্য একটি নতুন হল নির্মাণ করে চুয়েট কর্তৃপক্ষ। ফলে বর্তমানে চুয়েটে ছাত্রদের জন্য চারটি ও ছাত্রীদের জন্য একটি আবাসিক হল রয়েছে। বর্তমানে চুয়েটে ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকেই পুরোপুরি আবাসন সুবিধা ভোগ করেন। হল প্রাধ্যক্ষ সূত্রে জানা যায়, হলে আসন বরাদ্দ থাকার পরও বেশ কিছু শিক্ষার্থী হলে থাকে না। ফলে পড়াশোনার উৎকর্ষের জন্য ও শিক্ষার্থীদের পুরোপুরি আবাসন সুবিধা নিতে বাধ্য করাতে হল কর্তৃপক্ষ বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। এগুলোর আওতায় কোনো শিক্ষার্থী এক মাস হলে না খেলে অর্থাৎ হলে না থাকলে ১০০ টাকা জরিমানা করা হয়। আবার কোনো শিক্ষার্থী যদি পরপর তিন মাস হলে না খান তাহলে আসন বাতিল করা হয়। আবাসন সুবিধা বিষয়ে নতুন হলের প্রাধ্যক্ষ আশুতোষ সাহা প্রথম আলোকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ভর্তি হওয়ার পর থেকেই পুরোপুরি আবাসিক সুবিধা দিতে সচেষ্ট। শিক্ষার্থীরা যাতে ভালোমতো লেখাপড়া করতে পারে সে জন্য আমরা কিছু কঠোর পদক্ষেপ নিয়েছি। শিক্ষার্থীরা সম্পূর্ণ আবাসিক সুবিধা পেলে সঠিক এবং শান্তিপূর্ণভাবে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে।’ এ বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সিরাজুল ইসলাম জানান, ‘ভর্তি হওয়ায় আগে আমি খুবই চিন্তিত ছিলাম হলে জায়গা পাব কি না। কারণ অনেক দূর থেকে এসেছি। কিন্তু ক্লাস শুরুর প্রথম দিনই হলে জায়গা পাওয়ায় আমি খুবই আনন্দিত। কিন্তু খারাপ লাগে যদি কোনো কারণে এক মাস খাবার টোকেন না নিতে পারি তাহলে ১০০ টাকা জরিমানা করে হল কর্তৃপক্ষ। আমার মনে হয়, এ নিয়ম তাঁদের জন্য করা উচিত যাঁরা দীর্ঘদিন হলে থাকেন না।’