আবাসিক চিকিৎসক নেই নয় মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আবাসিক চিকিৎসক নেই নয় মাস ধরে। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন চিকিৎসক সুমন বড়ুয়া। কিন্তু তিনি থাকেন চট্টগ্রাম শহরে। ফলে হাসপাতালের অভ্যন্তরীণ বিভাগে চিকিৎসাধীন রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।রোগীদের অভিযোগ, রাতে বেশির ভাগ সময়ই চিকিৎসক পাওয়া যায় না। গত ২৩ জুলাই পুরুষ ওয়ার্ডে ভর্তি হওয়া প্রসেনজিৎ বড়ুয়া (৩৫) বলেন, বিকেলের পর থেকে হাসপাতালে ডাক্তার থাকেন না। এ সময় কোনো রোগীর অবস্থার অবনতি হলে ভরসা সেবিকারা। তাঁরাও অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়া কিছু করতে চান না। ফলে কষ্ট পান রোগীরা।হাসপাতাল সূত্র জানায়, আবাসিক চিকিৎসক আবু হানিফ পদোন্নতি পেয়ে ২০১১ সালের ১৫ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বদলি হন। এরপর থেকে সুমন বড়ুয়া ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু তিনি আবাসিক চিকিৎসকের দায়িত্ব পালন করলেও থাকেন না হাসপাতালের আবাসিক ভবনে, পরিবার পরিজন নিয়ে বসবাস করেন চট্টগ্রাম শহরে। জানতে চাইলে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক সুমন বড়ুয়া বলেন, ‘আমি মাঝেমধ্যে আবাসিক ভবনে থেকে রোগীদের চিকিৎসাসেবা দিই। তবে ভারপ্রাপ্ত হিসেবে সব সময় আবাসিক ভবনে থেকে রোগী দেখতে হবে সে রকম কোনো বাধ্যবাধকতা নেই।’ পরিবার পরিজন নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করার কথা স্বীকার করে তিনি বলেন, আমি না থাকলে অন্য চিকিৎসকেরা অভ্যন্তরীণ বিভাগের রোগীদের সেবা দেন। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, হাসপাতালের অভ্যন্তরীণ বিভাগে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য আবাসিক চিকিৎসককে সার্বক্ষণিক হাসপাতালের আবাসিক ভবনে থাকার বাধ্যবাধকতা রয়েছে। তবে এ দায়িত্বটি পালনে ভারপ্রাপ্তের চেয়ে আবাসিক চিকিৎসকই বেশি অভ্যস্ত। সেক্ষেত্রে আবাসিক চিকিৎসকের পদটি পূরণের কোনো বিকল্প নেই ।