আবাসিকের নিরাপত্তায় অবরুদ্ধ সড়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের ও আর নিজাম আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে লোহার ফটক বসিয়ে স্থায়ীভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। ফলে ওই সড়কে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। জিইসি, গোলপাহাড় ও প্রবর্তক মোড়ের যানজট এড়াতে সহজ যাতায়াতের জন্য আগে অনেকেই এই সড়ক ব্যবহার করতেন। প্রতিবন্ধকতার বিষয়টি না জেনে এখনো চলে আসেন অনেকে। ছবিটি গত মঙ্গলবার বেলা একটায় তোলা l সৌরভ দাশ
নগরের ও আর নিজাম আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে লোহার ফটক বসিয়ে স্থায়ীভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। ফলে ওই সড়কে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। জিইসি, গোলপাহাড় ও প্রবর্তক মোড়ের যানজট এড়াতে সহজ যাতায়াতের জন্য আগে অনেকেই এই সড়ক ব্যবহার করতেন। প্রতিবন্ধকতার বিষয়টি না জেনে এখনো চলে আসেন অনেকে। ছবিটি গত মঙ্গলবার বেলা একটায় তোলা l সৌরভ দাশ

নগরের ও আর নিজাম আবাসিক এলাকার ৪ নম্বর সড়ক। জিইসি কিংবা প্রবর্তক মোড়ের যানজট এড়াতে অনেকেই এই সড়কটি বিকল্প হিসেবে ব্যবহার করতেন। কিন্তু গত ফেব্রুয়ারি মাস থেকে সড়কটিতে সাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে স্থায়ীভাবে। আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে সড়কের শেষ প্রান্তে লোহার ফটক (গেট) দিয়ে তৈরি করা হয়েছে প্রতিবন্ধকতা।
সমিতির দাবি, আবাসিক এলাকার নিরাপত্তার জন্য এই ফটক দেওয়া হয়েছে। কারণ, জিইসি কিংবা প্রবর্তক এলাকায় ছিনতাই করে অপরাধীরা এই সড়ক হয়ে পালিয়ে যায়।
গত ৩০ মার্চ হিলভিউ আবাসিক এলাকার মো. জাহাঙ্গীর আলম নামের এক বাসিন্দা ও আর নিজাম আবাসিক এলাকার চার নম্বর সড়কের লোহার ফটকটি অপসারণের জন্য সিটি করপোরেশনের মেয়রকে চিঠি দেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, শিশু একাডেমির অধিকাংশ শিক্ষার্থী-অভিভাবক, দ্য চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি ও হিলভিউ এলাকার বাসিন্দারা এই সড়ক ব্যবহার করে জিইসি মোড় ও আশপাশের এলাকায় আসা-যাওয়া করতেন। কিন্তু গত ১৮ ফেব্রুয়ারি থেকে এই সড়কে লোহার ফটক নির্মাণ করে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
শুধু ও আর নিজাম আবাসিক এলাকা নয়, দীর্ঘদিন ধরে নগরের কাতালগঞ্জ, নাসিরাবাদ হাউজিং, আমিরবাগ, খুলশী, পাঁচলাইশ ও চান্দগাঁও আবাসিক এলাকায় ফটক দিয়ে সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছে। এসব আবাসিকের প্রতিটি সড়কে স্থাপন করা হয়েছে লোহার ফটক। দিনের বেলায় মূল ফটক খোলা থাকলেও রাতে তা বন্ধ থাকে। এ ছাড়া দিনের বেলাও আবাসিক এলাকা সমিতির স্টিকার ছাড়া বাইরের গাড়ি ঢুকতে দেওয়া হয় না বলে অভিযোগ পাওয়া গেছে। মূল সড়কে গাড়ির চাপ বাড়লে কিংবা যানজট এড়াতে অনেকেই বিকল্প হিসেবে এসব সড়ক ব্যবহার করতেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের অর্থায়নে আবাসিক এলাকার সড়কগুলো সংস্কার করা হয়। কিন্তু করপোরেশনের কোনো ধরনের অনুমতি না নিয়ে এসব এলাকায় সড়কের ওপর একের পর এক গেট নির্মাণ করা হয়েছে। এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কাজী মোহাম্মদ শফিউল আলম বলেন, আবাসিক এলাকার সড়কগুলোর প্রবেশমুখে গেট স্থাপনের বিরোধিতা করে অনেকেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মৌখিক ও লিখিত অভিযোগ দিয়েছেন। ঈদের পরেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব গেট অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিকল্পিতভাবে আবাসিক এলাকা গড়ে না ওঠায় এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক স্থপতি জেরিনা হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, সড়কের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করে গেট নির্মাণ করা কোনোভাবেই উচিত না। যেসব প্রতিষ্ঠানের এসব দেখার কথা তারাও তা দেখছে না। ফলে দীর্ঘদিন ধরে এই নৈরাজ্য চলে আসছে।
সড়কগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সবাই এখন মূল সড়ক ধরেই চলাচল করছেন। ফলে মেহেদীবাগ, প্রবর্তক, বহদ্দারহাট ও পাঁচলাইশ এলাকায় যানজট বেড়েছে। ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান প্রথম আলোকে বলেন, ‘আবাসিক এলাকার সড়কের ভেতর দিয়ে গেট দিয়ে সাধারণ যান চলাচলে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, তাহলে এটি অন্যায় এবং অবশ্যই যানজটের অন্যতম কারণ। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

মেহেদীবাগের আমিরবাগ আবাসিক এলাকায় ঢোকার মুখে লোহার ফটক। আবাসিক এলাকার স্টিকার ছাড়া অন্য গাড়ি ঢুকতে দেওয়া হয় না এই সড়কে। সার্সন সড়ক, চট্টেশ্বরী ও চকবাজার মোড়ে যাওয়ার জন্য সড়কটি ব্যবহার করতেন নগরবাসী। গতকাল দুপুর সাড়ে ১২টার চিত্র l প্রথম আলো
মেহেদীবাগের আমিরবাগ আবাসিক এলাকায় ঢোকার মুখে লোহার ফটক। আবাসিক এলাকার স্টিকার ছাড়া অন্য গাড়ি ঢুকতে দেওয়া হয় না এই সড়কে। সার্সন সড়ক, চট্টেশ্বরী ও চকবাজার মোড়ে যাওয়ার জন্য সড়কটি ব্যবহার করতেন নগরবাসী। গতকাল দুপুর সাড়ে ১২টার চিত্র l প্রথম আলো


সরেজমিনে দেখা যায়, নগরের ও আর নিজাম আবাসিক এলাকায় প্রতিটি প্রবেশমুখে ফটক রয়েছে। এ ছাড়া বন্ধ রয়েছে আবাসিক এলাকার চার নম্বর সড়কের যানবাহন চলাচল।
বেসরকারি চাকরিজীবী শামসুল আলম বলেন, এক সময় জিইসি মোড় থেকে ও আর নিজাম আবাসিক এলাকা হয়ে প্রবর্তক মোড়ে ১০ মিনিটের মধ্যে আসা-যাওয়া করা যেত। কিন্তু আবাসিক এলাকার মধ্যে প্রতিবন্ধকতা দেওয়ায় এখন গোলপাহাড় ঘুরে আসতে হয়। এই সড়কে প্রায় সময় দীর্ঘ যানজট থাকে।
ও আর নিজাম আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক চৌধুরী প্রথম আলোর কাছে দাবি করেন, নিরাপত্তাজনিত কারণে আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের মাথায় প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে। জিইসি মোড় ও ২ নম্বর গেট এলাকায় ছিনতাইকারীরা ছিনতাই করে পালিয়ে যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করে আসছিল। তাই নগর পুলিশকে অবহিত করে সেখানে প্রতিবন্ধকতা দেওয়া হয়। তিনি দাবি করেন, আবাসিক এলাকার অন্যান্য সড়কগুলোতে স্টিকার ও নন স্টিকার গাড়ি চলাচলে কোনো বাধা নেই। প্রতিবন্ধকতা দেওয়ার বিষয়টি স্থানীয় কমিশনারকে জানানো হয়েছে।
ও আর নিজামের আধা কিলোমিটার দূরত্বের আমিরবাগ আবাসিক এলাকাও মেহেদীবাগ ও বাদশা মিঞা সড়ক প্রান্তে দুটি ফটক রয়েছে। এসব ফটকের পাশে সার্বক্ষণিক নিরাপত্তারক্ষী দায়িত্বরত থাকে। স্টিকারবিহীন গাড়িগুলোকে আবাসিক এলাকার মধ্যে চলাচলের সুযোগ দেন না নিরাপত্তারক্ষীরা। অথচ এই সড়ক ব্যবহার করে নগরের গোলপাহাড় মোড় থেকে চটেশ্বরী, সার্সন রোড ও চকবাজার সহজেই যাওয়া যায়।
আমিরবাগ আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘আমিরবাগ আবাসিক এলাকার দুটি গেট দিয়ে স্টিকারবিহীন কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হয় না। মূলত নিরাপত্তার স্বার্থে প্রায় ছয় বছর আগে এসব গেট স্থাপন করা হয়। এক সময় বাইরের ছেলেরা এসে এখানে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ত।’ গেট ও সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা স্থাপনের কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন তিনি। এসব বিষয়ে নগর পুলিশের অনুমতি নেওয়া হয়েছে বলে দাবি করেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টচার্য প্রথম আলোকে বলেন, ‘নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। সে জন্য নগরে পুলিশের নিয়মিত টহল রয়েছে। তবে এসব গেট নির্মাণে পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কি না তা আমার জানা নেই। একটি গেটের কারণে যদি নিরাপত্তা নিশ্চিত হয়, তাহলে বাধা দেওয়ার কী আছে? এ জন্য আমরাও খুব একটা বাধা দিইনি।’