আবিষ্কৃত হলো গায়েবি ধূমকেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

খবর ১ : বগুড়ায় ‘গায়েবি’ মামলায় ৬০০ জনকে আসামি। (সূত্র: প্রথম আলো, ১৫ সেপ্টেম্বর ২০১৮)
খবর ২ : গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম ছেলের চিকিৎসার জন্য গত সোমবার সকাল আটটায় সিঙ্গাপুরে যান। ওই দিন বেলা ১১টায় জেলা শহরে বিএনপির নেতা-কর্মীদের মানববন্ধনে লাঠিপেটা করে পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে যানবাহন ভাঙচুরের অভিযোগে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে রাতে মামলা করে পুলিশ। সেই মামলায় সিঙ্গাপুরে যাওয়া ওই নেতাকেও আসামি করা হয়। (সূত্র: প্রথম আলো, ১২ সেপ্টেম্বর ২০১৮)

একটি গায়েবি ধূমকেতুর আগমনে পাল্টে গেছে পৃথিবীর অনেক কিছু, গবেষণা করে এমন তথ্যই জানিয়েছে মাদাগাস্কারের একদল গবেষক। নাম বললে চাকরি থাকবে না, তাই ধূমকেতুটির নাম বিজ্ঞানীদের কাছ থেকে জানা যায়নি। অনেক দিন ধরেই কোয়ান্টাম ফিজিকস আমাদের জানিয়ে আসছে যে একটি পরমাণু একই সময়ে ভিন্ন দুটি স্থানে থাকতে পারে। ভিন্ন স্থান দুটি যদি মহাবিশ্বের অন্য প্রান্তেও হয়, তবুও তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারে। দু-চার দিন এসব নিয়ে গবেষণা করেই নিজেদের গবেষক বলে দাবি করা মাদাগাস্কারের দলটি জানিয়েছে, পরমাণুর মতো মানুষও এখন থেকে একই সময়ে দুই বা ততোধিক স্থানে অবস্থান করতে পারে।

সম্প্রতি পৃথিবীর পাশ দিয়ে একটি বিশেষ ধূমকেতু চলে যাওয়ার পর যুগান্তকারী এই তত্ত্বটির প্রমাণ পাওয়া গেছে। ধূমকেতুটি যখন পৃথিবীর পাশ দিয়ে যাচ্ছিল, তখন পৃথিবীতে রিয়েলিটির পাশাপাশি একটি বিশেষ ডার্ক জোন তৈরি হয়। সেই ডার্ক জোনে যারা পা রেখেছে, তারাই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে মুহূর্তেই। চলে গিয়ে কেউ নতুন করে ভালোবেসেছে, কেউ গান গেয়েছে, কেউ কাচ্চি বিরিয়ানি খেয়েছে, কেউ কারওয়ান বাজার থেকে বাজার করে বাসায় ফিরেছে। আবার কেউ কেউ নানা রকম নাশকতা করে দ্রুত ফিরে গেছে পৃথিবীর অন্য প্রান্তে।

এই তত্ত্বের প্রমাণ চাইলে মাদাগাস্কারের গবেষক দলটি রস+আলোর কাছে ৩৩ হাজার পৃষ্ঠার একটি গবেষণাপত্র পাঠিয়েছে, যা এখন পর্যন্ত কেউ ছুঁয়েও দেখেনি।

তবে গোপন সূত্রের খবর, গবেষণাপত্রে প্রমাণ হিসেবে বাংলাদেশের পুলিশের করা কিছু মামলার কথা উল্লেখ করা হয়েছে। সেসব মামলার কয়েকজন আসামি একই সময়ে দেশে এবং বিদেশে ছিলেন। তাদের দেশে থাকা পরমাণুগুলো বিভিন্ন নাশকতা করে উধাও হয়ে গেছে। অন্যদিকে বিদেশে থাকা পরমাণুগুলো এমন ভাব ধরেছে যেন তারা কিছুই জানে না! কিন্তু পুলিশের চোখ তারা ফাঁকি দিতে পারেনি, ফলে তাদের নামে মামলা হয়েছে।

এই গবেষণা নিয়ে জানতে চাইলে পুলিশের একজন ছোট কর্মকর্তা সেদ্ধ ডিম দিয়ে নাশতা খেতে খেতে বলেন, ‘এই সব গবেষণা আমরা বহুত আগেই করে ফেলছি। গাধাগুলা এত দিনে বিষয়টা ধরতে পারছে। মাদাগাস্কার পুলিশের উচিত সব কয়টাকে নাশকতার মামলায় জেলে ঢুকিয়ে রাখা।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব কোয়ান্টাম ফিজিকস, ডার্ক জোন, ব্ল্যাক হোল, অণু-পরমাণু ইত্যাদি সবই গুজব, এসবে কান না দিয়ে সিনেমা
হলে গিয়ে ‘দ্য নান’ সিনেমাটি দেখাই হবে বুদ্ধিমানের কাজ।