দুই পরিবারের মধ্যে তিনি ছিলেন একমাত্র পুরুষ সদস্য। তাই দুই দিকে তাঁকে সময় দিতে হতো। উভয় পরিবারের বিপদে-আপদে এগিয়েও যেতেন তিনি। তেমনি মায়ের অসুস্থতার কথা শুনে প্রবল বর্ষণ উপেক্ষা করে রাতে ওষুধ কিনতে বের হন তিনি। পানির স্রোতে তিনি তলিয়ে যান ডোবায়। ৩০-৩২ ঘণ্টা পর হালিশহর পিডিবি কারখানার পাশে ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। মুকিতের স্ত্রী নওরীন ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘আমার মা ও শাশুড়ি—এই দুই পরিবারের মধ্যে আমার স্বামী একমাত্র পুরুষ সদস্য ছিলেন। তিনি ছিলেন আমার বেঁচে থাকারও অবলম্বন। তাঁকে হারিয়ে আমি যেমন নিঃস্ব, তেমনি আমাদের দুই পরিবারের মাথা থেকে যেন একটি ছাতা সরে গেছে। কারণ, বিপদে-আপদে তিনি দুই পরিবারের সহযোগিতায় এগিয়ে আসতেন।’ ঘটনার বর্ণনা দিয়ে নওরীন আরও বলেন, ‘হালিশহরে আমার মা ও শাশুড়ির বাসার অবস্থান কাছাকাছি। আমি মায়ের কাছে থাকলে আবীর আমাকে দেখতে আসতেন। পরে রাতে তিনি তাঁর মায়ের বাসায় গিয়ে আমাকে ফোন করতেন। ১ অক্টোবর রাত একটায় তিনি আমার শাশুড়ির জন্য ওষুধ কিনতে বের হন। পরে আমি তাঁকে মুঠোফোনে কল দিই। তাঁর ফোনটি বন্ধ পাই। ওই রাতে আমার ননদের কাছে ফোন করি। সে আমার কল রিসিভ করেনি। পরদিন সকালে ননদের সঙ্গে আমার কথা হয়। একপর্যায়ে আমি আবীরের অবস্থান সম্পর্কে জানতে চাই। আমার ননদ জানায় যে আবীর রাতে বাসায় ফেরেনি। তখনই আমি বিচলিত হয়ে পড়ি।’ জানা গেছে, ১ অক্টোবর সকালে বিমা কর্মকর্তা মুকিত আকতার ওরফে আবীরের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ এটিকে হত্যাকাণ্ড মনে করেছিল। যদিও তাঁর শরীরের কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে গতকাল পর্যন্ত ময়নাতদন্তের কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘পারিপার্শ্বিক অবস্থা ও আরও কিছু বিষয় তদন্ত করে আমরা নিশ্চিত হই যে মুকিত পা পিছলে ডোবায় পড়ে মারা যান। ওই সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। তাঁর মৃত্যু নিছক দুর্ঘটনা। আসলে মায়ের অসুস্থতার কথা শুনে রাত একটার দিকে তিনি শাশুড়ির বাসা থেকে বের হন। এর আগে তিনি ফুফুশাশুড়ির সঙ্গে মুঠোফোনে একটি মামলা নিয়ে কথা বলেন। শাশুড়ির বাসা থেকে বের হওয়ার পর তিনি ওষুধ কিনে মায়ের বাসার দিকে রওনা হন।’ ওসি জাহিদুল আরও বলেন, ‘যে ডোবায় পড়ে তাঁর মৃত্যু হয়েছে তা অনেক গভীর ছিল। ওই ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করি আমরা। পকেটে মায়ের ওষুধ, মানিব্যাগ ও মুঠোফোন সেটও আমরা তাঁর শার্ট ও প্যান্টের পকেট থেকে উদ্ধার করেছি। এসব পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমরা মোটামুটি নিশ্চিত যে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু।’ বিমা কর্মকর্তা মুকিত স্ত্রী, মা ও ছোট বোনকে নিয়ে তিনি হালিশহর থানাধীন তাসফিয়া কমিউনিটি সেন্টারের পাশে আনন্দিপুর এলাকার একটি বাসায় থাকতেন। তিনি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির আগ্রাবাদ শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জের বারইখালী এলাকায়। গত ২৯ সেপ্টেম্বর রাতে মায়ের জন্য ওষুধ কিনতে হালিশহরের সোনালী কমপ্লেক্সে শাশুড়ির বাসা থেকে বেরিয়ে যান। মুকিতের শাশুড়ির বাসায় কোনো পুরুষ সদস্য নেই। সেখানে শাশুড়ি ও শ্যালিকা একসঙ্গে থাকেন। মাঝেমধ্যে তাঁর স্ত্রী বেড়াতে যেতেন শাশুড়ির বাসায়। ঘটনার সময় শাশুড়ির বাসায় স্ত্রী ছিলেন।