কৌতুক দিয়ে দুই বাংলা মাত করে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬-এ যৌথভাবে সেরাদের একজন হয়েছেন তিনি। এ ছাড়া দুই বাংলার দর্শকদের ভোটেও সেরার মুকুট উঠেছে তাঁর মাথায়। এবারের সময়ের তারকা বাংলাদেশের নাটোরের সিংড়া উপজেলার— আবু হেনা প্রথম কৌতুক শুনিয়েছিলাম—বন্ধুদের আড্ডায়। বিভিন্ন কৌতুক নিজের ঘটনা বলে চালিয়ে দিতাম।কৌতুক তৈরির জন্য যে গুণগুলো থাকতে হয়—চোখ-কান খোলা রেখে পরিস্থিতি বুঝে সঠিকভাবে বিষয়টি উপস্থাপন করতে হবে। অনেক সময় সঠিক উপস্থাপনার কারণে অনেক সাধারণ ঘটনা অসাধারণ হয়ে ওঠে।যাদের দেখে হাস্য-রসে আগ্রহী—চার্লি চ্যাপলিন ও বিভিন্ন কার্টুন চরিত্র দেখে।জীবনে প্রথম মঞ্চ—নাটোরের সিংড়া উপজেলার একান্নবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ার সময় স্বরচিত কবিতা আবৃত্তির জন্য মঞ্চে উঠেছিলাম।পুরস্কার ঘোষণা হওয়ার পর যাঁর নাম প্রথম মনে পড়েছে—আমার মা-বাবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সব শিক্ষক ও বন্ধুদের।পুরস্কারটা যাঁদের উৎসর্গ করতে চাই—মা-বাবাকে।মীরাক্কেলে না এলে যা করতাম—অভিনয়।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে থাকে—মুঠোফোন, মানিব্যাগ ও রুমাল।গুনগুন করে গাই যে গান—আমি পথে পথে ঘুরি, আমার নাই যে কোনো ঠিকানা...বাংলাদেশের যে দিকটি বদলাতে চাই—একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে যাতে নিজ নিজ কাজে মনোযোগী হয় এবং আনন্দ করার সময় মন খুলে আনন্দ করে।আলাদিনের দৈত্যের কাছে তিনটি চাওয়া—প্রথম চাওয়া—এমন একটা জিনিস, যাতে চেপে আমি দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পারি। দ্বিতীয় চাওয়া—আমার বাড়িতে পোষার জন্য অসংখ্য কবুতর। শেষ চাওয়া—মনের মধ্যে যাকে সব সময় কল্পনা করি তাঁকে এনে দেওয়া।মঞ্চে ওঠার আগে যা করি—মা-বাবাকে ফোন করি এবং দোয়া চাই।রেগে গেলে—এটা আসলে পরিস্থিতি এবং মানুষের ওপর নির্ভর করে। বড় কেউ হলে নিয়ন্ত্রণ করি, ছোট হলে ঝাড়ি দিই। আর কোনো কিছু না করতে পারলে নিজের আঙুল কামড়াই!যা হতে চেয়েছিলাম—আমি কখনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার-জাতীয় কিছু হতে চাইনি। ছোটবেলায় চিত্রশিল্পী ও গায়ক হতে চেয়েছিলাম। পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অভিনেতা হতে চেয়েছি।‘আশপাশে শুভংকর দা নাই তো’ শুভংকর দা থাকলে কী হতো?—শুভংকর দা সামনে থাকলে তাঁকে নিয়ে ওই কৌতুকটা বলা কঠিন হতো।আমার কৌতুক শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়ার অভিজ্ঞতা—একবার আমার বন্ধু অমির বউ খুব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল। তার মন খুব খারাপ, তাকে স্যালাইন দেওয়া হচ্ছে। আমার বন্ধু ফোন করে অনুরোধ করল, হাসপাতালে গিয়ে তার বউয়ের মন ভালো করে দিতে। আমি গিয়ে কয়েকটি কৌতুক বলার পরই অমির বউ হাসতে হাসতে স্যালাইনের নল খুলে ফেলল। নার্স এসে এই অবস্থা দেখে আমাকে হাসপাতাল থেকে বের করে দিল। অমিও আমার ওপর প্রচণ্ড রাগান্বিত! যাঁর কৌতুক শুনে হাসতে হাসতে পেটে খিল—মৃদুল দা।হাসি নিয়ে শোনা সেরা উক্তি—যারা কোনো বিষয়েই হাসে না এবং যারা সব বিষয়েই হাসে, তাদের কাছ থেকে দূরে থাকা উচিত। সাক্ষাৎকার: রুবেল হাবিব