আবুতোরাব বিদ্যালয়ে শুধুই শোক
আয়তাকার একতলা ৩০ কক্ষবিশিষ্ট বিদ্যালয় ভবনের মাঝখানে এক চিলতে সবুজ চত্বর। শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে আট শর মতো। প্রতিদিন প্রায় সাড়ে ছয় শ শিক্ষার্থীর পদচারণে মুখরিত থাকে বিদ্যালয় প্রাঙ্গণ। টানা ৯৭ বছর ধরে এটাই ছিল আবুতোরাব উচ্চবিদ্যালয়ের স্বাভাবিক চিত্র। কিন্তু গত সোমবারের দুর্ঘটনার পর থমকে গেছে সবকিছু।গত চার দিন ধরে এই বিদ্যালয়ে কোনো ক্লাস হচ্ছে না। ক্লাস করার মতো মানসিকতা নেই ছাত্র-শিক্ষক কারোরই। শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীরা বিদ্যালয় চত্ব্বরে আসছেন শোকসভা, মিলাদ মাহফিল আর স্মৃতিচারণা অনুষ্ঠানে যোগ দিতে। উপজেলা প্রশাসনঘোষিত তিন দিনের শোক আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। তবে এলাকাবাসীর পক্ষে এই শোক কাটিয়ে ওঠা সহজ নয়। ৩৫ জন ছাত্রের অকালে চলে যাওয়ার মতো ঘটনা এর আগে এলাকাবাসী দেখেননি, শোনেনওনি। গত সোমবার সকালে আরও অনেকের সঙ্গে দুর্ঘটনার শিকার ছাত্ররা উপজেলা সদরে মিরসরাই স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে গিয়েছিল। দুপুরে আবুতোরাব বাজারে ফিরে আসার পথে তাদের বহনকারী ট্রাকটি উল্টে সড়কের পাশে ডোবায় পড়লে মোট ৪৪ জন মারা যায়। তাদের মধ্যে ৩৫ জনই আবুতোরাব উচ্চবিদ্যালয়ের ছাত্র।বিদ্যালয়সূত্রে জানা গেছে, ওই দিন আবুতোরাব উচ্চবিদ্যালয়ের কোনো খেলা ছিল না। খেলা ছিল আবুতোরাব প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে পাশের ইউনিয়ন মঘাদিয়া আঞ্জুমাননেসা প্রাথমিক বিদ্যালয়ের। উচ্চবিদ্যালয়ের ছাত্ররা দর্শক হয়ে ওই খেলায় গিয়েছিল কনিষ্ঠদের সমর্থন জোগাতে। এ জন্য তারা বিদ্যালয়ও ফাঁকি দেয়। ওই দিন কোনো কোনো শ্রেণীর আট থেকে ১০ ছাত্র একসঙ্গে অনুপস্থিত থাকায় শিক্ষকেরাও বিষয়টি বুঝতে পেরেছিলেন। কিন্তু ফুটবলের প্রতি শিক্ষার্থীদের অনুরাগের বিষয়টি বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কঠোর ব্যবস্থা নেওয়ার চিন্তা করেনি বলে জানা যায়।বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা বুঝতে পেরেছিলাম ছাত্ররা খেলা দেখতে গেছে। সে জন্য একটি দিনের জন্য তাদের মাফ করে দিতে চেয়েছিলাম। কিন্তু তারা যে চিরদিনের জন্য মাফ চেয়ে নেবে, সেটা তো বুঝতে পারিনি।’জানা গেছে, বিদ্যালয় কর্তৃপক্ষ নিহত ৩৫ ছাত্রের মধ্যে এখন পর্যন্ত ৩৩ জনের পরিচয় জানতে পেরেছে। তাদের মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঁচজন করে, অষ্টম শ্রেণীর ১১ জন, নবম শ্রেণীর ১০ জন এবং দশম শ্রেণীর দুইজন ছাত্র রয়েছে। ষষ্ঠ শ্রেণীর নিহত ছাত্ররা হলো: জাহেদুল ইসলাম, নূর মোহাম্মদ, তোফাজ্জল হোসেন, জাহেদুল ইসলাম ও রাজিব হোসেন। সপ্তম শ্রেণীর নিহত ছাত্রদের মধ্যে ছিল সাখাওয়াত হোসেন, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম, মনজুর মোরশেদ ও সাইফুল ইসলাম।নিহত ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি ছিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তারা হলো: ধ্রুব নাথ, লিটন দাস, আমিন শরীফ, তাকিবুল্লাহ মো. সাকিব, তারেক হোসেন, আল মোবারক, উজ্জ্বল চন্দ্র নাথ, রূপম চন্দ্র নাথ, মেজবাহ উদ্দিন, টিটু জলদাস ও শুভ চন্দ্র নাথ।নবম শ্রেণীর নিহত ছাত্ররা হলো: সূর্য চন্দ্র নাথ, আরিফুল ইসলাম, আবু সুফিয়ান, ইমরান হোসেন, শরিফ উদ্দিন, মিঠু নাথ, শামছুদ্দিন, তারেক হোসেন, তারেক রহমান ও তারিক হোসেন।দশম শ্রেণীর সামছুদ্দিন ও আনন্দ দাস নামের দুজন ছাত্র ওই ঘটনায় প্রাণ হারায় বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।