আবুধাবিতে ঈদ

প্রবাসে সবাই ঈদের ছুটি পান না। ঈদের নামাজ পড়ে কাউকে ছুটতে হয়েছে কর্মক্ষেত্রে। আবার কেউ পুরো দিনই ছিলেন কাজে। কর্মক্ষেত্রেই তাঁকে ঈদের নামাজ আদায় করতে হয়েছে। তবে বেশির ভাগই ছুটি পেয়েছেন।
যাঁরা ঈদের ছুটি পেয়েছেন, তাঁরা অনেকে ঘরে সুস্বাদু খাবার রান্না করে বন্ধুদের ডেকে একসঙ্গে খেয়েছেন। খাওয়ার পর ঘুরে বেড়িয়েছেন এখান থেকে ওখানে। কিংবা দেশে প্রিয়জনের সঙ্গে কথা বলেছেন ফোনে। আবার কেউ কিছুই করেননি। নিরানন্দেই কেটেছে তাঁদের দিনটি। ঈদের দিন বিকেলে আবুধাবির বিভিন্ন স্থানে কথা হলো কয়েকজন বাংলাদেশির সঙ্গে।

প্রথমে কথা হলো শফিউল আজম ও মমিনুর রহমানের সঙ্গে। তাঁরা দুজন এইচএসবিসি টাওয়ারে কাজ করেন। শফিউলের বাড়ি নোয়াখালী জেলার অভিরামপুরে। তিনি নিরাপত্তাকর্মী (ওয়াচম্যান)। বললেন, দিনটি ভালোই কেটেছে তাঁর। আরও জানালেন, তাঁর ছোটবেলার কথা। দল বেঁধে সাথিদের সঙ্গে কত ঘুরেছেন ঈদের দিন। নতুন জামা পরেছেন। কী সুন্দর দিনই না ছিল তখন।

মমিনুর রহমানের বাড়ি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জে। তিনি কাজ করেন রক্ষণাবেক্ষণ বিভাগে। জানালেন, ঈদের নামাজ আদায় করেছেন খুব সকালে। দেখলাম তাঁর মনটা একটু ভার। কেন, এর উত্তরে বললেন, প্রিয়জনের থেকে আলাদা হয়ে ঈদ করার মধ্যে তেমন আনন্দ নেই। আরও বললেন, মা-বাবা, ভাইবোন এবং যাঁদের স্ত্রী ও সন্তান আছে, তাঁদের দূরে রেখে ঈদে কতটা সুখী একজন প্রবাসী!
পরে কথা হলো স্যান্ড মেরিন রেস্তোরাঁর আপ্যায়ন কর্মী শফিউল ইসলামের সঙ্গে। বগুড়ার গাবতলী উপজেলার সন্তান তিনি। ঈদের দিন রেস্তোরাঁ খোলা। ফলে দিনটি তাঁর যাচ্ছে ব্যস্ততার মধ্যে দিয়ে। জানালেন, ভালোই লাগছে তাঁর। ঈদের দিনেও মানুষের খেদমত করছেন। ব্যস্ততার মধ্যে দিয়ে পরিবার-পরিজনের কথা ভুলে থাকতে পারছেন। তা ছাড়া দেশে তাঁরা ভালোই আছেন। তাই তাঁদের নিয়ে তেমন চিন্তা হচ্ছে না তাঁর।
এক স্থানে দেখা হলো কয়েকজন বাংলাদেশির সঙ্গে। তাঁদের সবার বাড়ি চট্টগ্রামে এবং তাঁরা বন্ধু। একসঙ্গে তাঁরা ঈদের আয়োজন করেছিলেন। তাঁদের একজনের নাম আবু তাহের। জানালেন, ঈদের আগের দিন রাত দুটো পর্যন্ত জেগে তিনি পিঁয়াজ, আদা, রসুন, মসলা ইত্যাদি প্রস্তুত করে রেখেছিলেন। ফাঁকে তাঁর বন্ধু এমদাদ হোসাইন বললেন,

কোরবানি দেওয়ার জন্য তাঁরা খাসি কিনেছেন পশুর বিশেষ বাজার মিনা থেকে। ঈদের নামাজ পড়ে মিউনিসিপ্যালিটির ব্যবস্থাধীন কসাইখানার মাধ্যমে জবাইয়ের পর প্রস্তুত করে এনেছেন। ঈদের দিন খাসির মাংস ছাড়াও তাঁদের আয়োজনে ছিল সেমাই, মিষ্টিসহ তৃপ্তিকর নানা খাবার।
এদের আরেক বন্ধু জামালউদ্দিন রাশেদ বললেন, প্রবাসে ঈদে কোরবানি দেওয়া ভাগ্যের ব্যাপার। শুধু শুধু পশু হত্যা নয়। এর মাধ্যমে আমরা নিজেদের পশুত্বকে পরিত্যাগ ও আল্লাহর নৈকট্য লাভ করি। মনিরুল ইসলাম বললেন, আজ বাংলাদেশের কথা মনে পড়ছে বারবার। মঈনুল আলম চৌধুরী বললেন, বন্ধু সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছি।
পরে দেখা হলো বরিশালের সোহেল মাঝির সঙ্গে। তাঁর পরনে আকর্ষণীয় পাঞ্জাবি। ঈদ ঈদ ভাব তাঁর পুরো চেহারায়। সোহেল জানালেন, ঈদের নামাজের দোয়ায় তিনি নিজের পাশাপাশি সবার জন্যও মঙ্গল কামনা করেছেন।
নিমাই সরকার
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত