আবুধাবিতে গণপূর্ত মন্ত্রীর সঙ্গে প্রবাসীদের সাক্ষাৎ

কয়েক দিন আগে আবুধাবি সফরে এসেছিলেন বাংলাদেশ সরকারের গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। ২১ আগস্ট বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আবুধাবিপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির কয়েকজন নেতা তাঁর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মোহাম্মদ ইউসুফ। অন্যান্যের মধ্যে ছিলেন শাহ আলম ভুঁইয়া, শহিদুল ইসলাম শহিদ, সোহেল মাঝি ও তোফায়েল আহমেদ সেলিম।
মন্ত্রীর সঙ্গে আলাপকালে প্রতিনিধিরা আমিরাতে বাংলাদেশিদের বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পূর্তমন্ত্রী তাঁদের জানান, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কিছুদিনের মধ্যেই আমিরাত সফরে আসবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সফরের মধ্য দিয়ে ভিসা সমস্যার সমাধান হবে।
মন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারকে প্রবাসীবান্ধব হিসেবে উল্লেখ করে আরও বলেন, প্রবাসীদের আবাসনসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
নিমাই সরকার
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত