আবুধাবিতে জাতীয় শোক দিবস পালন

শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নেওয়ার দৃপ্ত শপথে নানা

কর্মসূচির মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৫ আগস্ট সকালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে রাষ্ট্রদূতের সভাপতিত্বে দূতাবাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। বাণীগুলো যথাক্রমে পাঠ করেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ শাহাদাত হোসেন, শ্রম কাউন্সিলর লতিফুল হক কাজেমী ও প্রথম সচিব জসিম উদ্দিন।
আলোচনা করেন শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবীবুল্লাহ খন্দকার, বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর আনিসুল হাসান, আমিরাতে জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ ইসমাইল, বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক সালমান হায়দার, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদারসহ তৌহিদুল আলম, মোহাম্মদ আলমগীর প্রমুখ।
বক্তারা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় আবুধাবির বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীসহ অনেক প্রবাসী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ সব শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বঙ্গবন্ধু পরিষদ

বঙ্গবন্ধু পরিষদ মোসাফফা (আবুধাবি) শাখা যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে। এ উপলক্ষে ১৫ আগস্ট পরিষদের উদ্যোগে আবুধাবির শিল্পনগর মোসাফফায় এক সভার আয়োজন করা হয়। স্থানীয় রেডচিলি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে প্রবাসেও আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা বন্ধ রয়েছে। শিগগিরই এই সমস্যার সমাধান হবে। এ নিয়ে দুই দেশের আলোচনা চলছে।
পরিষদের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, আমিরাত জনতা ব্যাংকের সিইও ইসমাইল হোসেন, মোহররম আলী ও আজিজুল হক।
প্রধান বক্তা ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার। এতে আরও বক্তব্য দেন মোহাম্মদ আজিম শিকদার, জাহাঙ্গীর সেলিম, শহীদুল ইসলাম শহীদ, মোহাম্মদ মামুন, মইন উদ্দিন, ইসমাইল হোসেন ও তৌহিদুল আলম প্রমুখ। সভা পরিচালনা করেন মোহাম্মদ আলমগীর চৌধুরী।
সভার শুরুতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাতসহ দেশ, জাতি ও প্রবাসীর কল্যাণ কামনা করা হয়।
এম আবদুল মন্নান
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।