আবুধাবিতে বইয়ের ওপর আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চে সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ কয়েকজন আলোচক
মঞ্চে সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ কয়েকজন আলোচক

আবুধাবিতে সাবেক রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মারকগ্রন্থ-এর ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্যাসেলস হোটেলের হলরুমে ২৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যার এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে প্রজন্ম বঙ্গবন্ধু নামের সংগঠন।
এতে সভাপতিত্ব করেন এস এম রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন ওসমান সরওয়ার আলমের ছেলে ও বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সাইমুম সরওয়ার কমল। অন্যদের মধ্যে মঞ্চে ছিলেন মোহাম্মদ ইসমাইল হোসেন, মাজহারুল ইসলাম, হাবিব-উল-মোস্তফা, শেখ রুহুল আমিন, নূর মোহাম্মদ ও জাকির হোসেন।
আলোচনায় মুহম্মদ ইমরান বলেন, ওসমান সরওয়ার দূতিয়ালিতে একটা নতুন মাত্রা যোগ করেছেন। তিনি সমাজবান্ধব দূতিয়ালির ধারায় বিশ্বাসী ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা
অনুষ্ঠানে আগত অতিথিরা


সাইমুম সরওয়ার আলম বলেন, ‘আমার বাবা কলেজ, স্কুল, মন্দির, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে মানুষের ভালোবাসা পেয়েছেন। আর আমি তাঁরই উত্তরাধিকারে মানুষকে নিয়ে চলছি।’
অন্য আলোচকেরা প্রয়াত ওসমান সরওয়ারের জীবনকর্মের ওপর আলোচনা করেন। তাঁরা বলেন, বর্ণাঢ্য জীবন ছিল তাঁর। তিনি মানুষ, সমাজ ও বন্দী মানব আত্মার জন্য আলো জ্বালাতে পাড়ি দিয়েছেন দুর্গম পথ। তাঁর জীবনকে তাঁরা সুকান্তের কাব্যচরিত্রের সঙ্গে বঞ্চিত আত্মবিমুখ বাতিওয়ালার সঙ্গে তুলনা করে বলেন, নিজের ঘরকে প্রাধান্য না দিয়ে পথে পথে বাতি জ্বালিয়েছেন তিনি।
আলোচনা করেন ড. রেজা খান, ড. হাবিব-উল-হক খন্দকার, ইফতেখার হোসেন, মীর আনিসুল হাসান, ড. রায়হান জামিল, খালেদ ইয়ার, ইমরাদ হোসেন, শওকত আকবর, কাওসার-নাজ-নাসের, আজিম ফজলুল কাদের, মোহাম্মদ আলী ও নিমাই সরকার প্রমুখ।
পরে প্রজন্ম বঙ্গবন্ধুর পক্ষ থেকে আমিরাতপ্রবাসী ছয় গুণীজনকে ‘গুণীজন সম্মাননা ২০১৪’ দেওয়া হয়। ছয় গুণীজন হলেন: ড. রেজা খান, ড. হাবিব-উল-খন্দকার, মীর আনিসুল হাসান, ইফতেখার হোসেন, খালেদ ইয়ার ও হাজি মরহরম আলী। শুরুতে স্বাগত বক্তব্য দেন শেখ মোহাম্মদ সেলিম। অনুষ্ঠান উপস্থাপন করেন আবুল মনসুর।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সদস্যরা ছাড়াও বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত