শিল্প–সমালোচক আবুল মনসুর রচিত শিল্পকথা শিল্পীকথা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ২ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের বাতিঘর বই-বিপণিকেন্দ্রে অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত এই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী অনুপম সেন। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ফয়েজুল আজিম এবং বিস্তার আর্ট সেন্টারের পরিচালক আলম খোরশেদ।
সভায় অধ্যাপক অনুপম সেন বলেন, আবুল মনসুর দেশের শিল্প-সমালোচনাকে উঁচু স্তরে নিয়ে গেছেন। তাঁর রচিত শিল্পকথা শিল্পীকথা বইয়ের ৯০টি প্রবন্ধে উঠে এসেছে বাংলাদেশের শিল্পের নান্দনিকতা, ত্রুটি ও বৈশিষ্ট্য।
লেখক আবুল মনসুর বইটি প্রকাশের ক্ষেত্রে সদ্য প্রয়াত সংস্কৃতি সচিব রণজিৎ বিশ্বাসের উদ্যোগের কথা স্মরণ করেন। পাশাপাশি বই প্রকাশের সহযোগিতার জন্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে ধন্যবাদ জানান তিনি।
আলোচনা অনুষ্ঠান শুরু হয় সংগীতের মধ্য দিয়ে। সংগীত পরিবেশন করেন সত্যজিৎ ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোজাম্মেল মাহমুদ। বিজ্ঞপ্তি।