কবিতা মানুষের মনের দরজার কপাট খুলে দেয়। বড় হয় মন। মানুষ বুঝতে শিখে, স্বপ্ন দেখে। কবিতা যেন আলোকবর্তিকা। এ আলো প্রাণের। সেই আলো প্রতিটি হূদয়ে ছড়িয়ে দিতে আয়োজন করা হয় কবিতা সন্ধ্যার। ৭ জুন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হয়ে গেল কবিতার জমজমাট আয়োজন। চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্র আয়োজন করে আবৃত্তি ও আড্ডা শিরোনামে এই কাব্যিক অনুষ্ঠানের।সন্ধ্যা সাতটায় আয়োজনের শুরুতে ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন শহীদজায়া বেগম মুশতারি শফী। বিশেষ অতিথি ছিলেন জেএস বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান শওকত আকবর খান। সভাপতিত্ব করেন আবৃত্তি চর্চাকেন্দ্রের সভাপতি এহতেশামুল হক। আলোচনা শেষে কবিতার আয়োজন। শুরুতেই চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্রের খুদে শিক্ষার্থীরা মঞ্চে আসে বৃন্দ পরিবেশনা নিয়ে। এর পর একক আবৃত্তি করেন ফারুক তাহের, মিশফাক রাসেল ও কৌশিক দত্ত। একক আবৃত্তি শেষে ‘বড় মানুষ হতে হলে...’ শিরোনামে আবৃত্তি আড্ডা অনুষ্ঠিত হয়। এই আড্ডায় অংশ নেন লেখিকা বেগম মুশতারি শফী, কথাসাহিত্যিক ফেরদৌস আরা আলিম ও আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। বড় মানুষ হতে হলে শিল্প-সংসৃ্কতিকে ভালোবাসতে হবে এমন কথামালা উঠে আসে এই আড্ডায়। আড্ডা শেষে আবার শুরু হয় একক আবৃত্তি পরিবেশনা। একে একে মঞ্চে এসে একক আবৃত্তি করেন মাহবুবুর রহমান, এহতেশামুল হক ও মানস চক্রবর্তী। এরপর আমরা যাব না শিরোনামে তারুণ্যের উচ্ছ্বাস পরিবেশন করে তাদের বৃন্দ পরিবেশনা। প্রমা আবৃত্তি সংগঠন পরিবেশন করে ‘জয় নিপীড়িত জনগণ জয়’ শীর্ষক বৃন্দ পরিবেশনা। সবশেষে চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্রের খুদে সদস্যরা পরিবেশন করে জাতীয় সংগীত। এর মাধ্যমে শেষ হয় কবিতাময় একটি আয়োজনের। অনুষ্ঠান সঞ্চালনায় সেঁজুতি দে ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন প্রণত পাল।