আবৃত্তিচর্চায় চট্টগ্রাম ঢাকার চেয়ে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগ পেলেই চট্টগ্রামে আসেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। এখানকার সাগর, নদী, পাহাড় মানুষ—সবই তাঁর ভালো লাগে। কথায় কথায় তিনি বলেন, ‘চট্টগ্রাম আমার প্রাণের একটি শহর।’গত শুক্রবার শিল্পকলায় যেভাবে আড্ডা জমিয়েছিলেন তা দেখে বোঝার উপায় নেই তিনি অতিথিশিল্পী বা তিনি এখানে থাকেন না। একবার যার সঙ্গে পরিচয় হয় শিমুল মুস্তাফা তাদের ভোলেন না এবং কেউ যোগাযোগ রাখলে তিনিও সেটা চালিয়ে যেতে চেষ্টা করেন।শিমুল মুস্তাফা বলেন, ‘অনেকেই আমার সঙ্গে কথা বলতে ভয় পায়, মনে করে আমি খুব রাগী, মুডি। কিন্তু আমি আসলে আড্ডা দিতে, মজা করতে অনেক পছন্দ করি।’ এখানকার বিশেষ কোনো খাবারের প্রতি তাঁর লোভ না থাকলেও চট্টগ্রাম এলে চেরাগী পাহাড়ের কাছে একটি রেস্টুরেন্ট থেকে জিরার শরবত খান বলে জানালেন শিমুল মুস্তাফা। তবে একটু আফসোস করে জানালেন, এখনো তাঁর মেজবান খাওয়ার সৌভাগ্য হয়নি।শুক্রবার শিল্পকলার আঙিনায় আড্ডা দিতে দিতে শিমুল মুস্তাফা ব্যক্তিগত বিষয়াদি সম্পর্কে যেমন বলেছেন, তেমনি চট্টগ্রামের আবৃত্তিশিল্পের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, ‘আবৃত্তিশিল্প বিকাশের অনুকূল পরিবেশ আছে চট্টগ্রামে। ঢাকার চেয়েও এখানকার অবস্থা অনেক ভালো। এখানে যাঁরা আবৃত্তি করেন, তাঁদের মনে এখনো বাণিজ্যের ছোঁয়া এসে লাগেনি। প্রেজেন্টার কিংবা ডিজে হওয়ার প্রতিযোগেতায় তাঁরা নেই।’ চট্টগ্রামের শিল্পীদের সম্পর্কে তিনি বললেন, তাঁদের মনে এখনো যান্ত্রিকতার জায়গাটা কম। তাই তাঁদের শিল্পচর্চার সুযোগটা বেশি। পাশাপাশি এখানকার আবৃত্তিচর্চার সীমাবদ্ধতার কথাও বললেন শিমুল মুস্তাফা। তাঁর মতে, আবৃত্তিচর্চার ক্ষেত্রে দুটি সীমাবদ্ধতা আছে। একটি হচ্ছে অর্থনৈতিক, দ্বিতীয়টি মানসিক। এখানে দ্বিতীয় সমস্যাটি নেই। এখানকার মানুষ কিছুটা রক্ষণশীল হলেও সংস্কৃতিমনা। মেয়েরা অনুষ্ঠানে আসছে অভিভাবক নিয়ে; কিন্তু আসছে তো—এটাই বড় আশার কথা। সব শেষে চট্টগ্রামের তরুণ আবৃত্তিকারদের সম্পর্কে তিনি বললেন, তাঁদের অনেক সম্ভাবনা আছে। আবৃত্তিচর্চাটাকে যেন চালিয়ে যায়, লালন করে।