আবেগতাড়িত স্বপ্ন ও রেকর্ড...
চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এর আগেও এই শহরে দু-দুবার মুখোমুখি হয়েছে তারা। সুখের কোনো স্মৃতি স্বাগতিকদের পক্ষে নেই। তার পরও ক্রিকেট ঐতিহ্যের এই শহরে ম্যাচটি নিয়ে শোরগোল পড়েছে। কেউ কেউ আবেগের টানে বাজি ধরেই ফেলছেন ‘চট্টগ্রামে বাংলাদেশ জিতবেই’। আবার সামান্যতম ক্রিকেটের খোঁজখবর রাখা লোকজন রেকর্ড বইয়ের দিকে তাকিয়ে চুপ থাকাকেই নিরাপদ ভাবছেন। তাঁরাও হয়তো মনে মনে ক্রিকেটের চিরায়ত সেই বাণী ‘গৌরবময় অনিশ্চয়তার খেলা’-এর ওপর ভর করে পাকিস্তানের বিপক্ষে আরেকটি অঘটনের স্বপ্ন দেখছেন। বিশ্বের সব কটি বড় বড় ক্রিকেট পরাশক্তির বিপক্ষে বাংলাদেশের জয় আছে। যদিও সেটা ঘটে কদাচিৎ। আর কদাচিৎ ঘটে বলেই ক্রিকেট সমালোচকেরা এই জয়কে অঘটন হিসেবে আখ্যায়িত করেন। এতে করে টাইগারদের কৃতিত্বকে মাঝেমধ্যে খাটো করা হয় না, তা-ও নয়। সেই তর্ক বাদ দেওয়া যাক। এই পাকিস্তানের বিপক্ষেও স্বাগতিকদের একটি অঘটন রয়েছে। ১৯৯৯ সালের ৩১ মে ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৬২ রানের জয়টি টাইগারদের প্রথম বড় সাফল্য। এর আগে কেবল কেনিয়া ও স্কটল্যান্ডের মতো ক্রিকেটের শিশু দলগুলোর বিপক্ষে একটি করে জয়ের স্মৃতি ছিল। তাই পাকিস্তানের মতো দলকে হারানোর পর দেশজুড়ে উল্লাস হয়েছিল। ক্রিকেট বিশ্ব অবাক তাকিয়ে বলেছিল ‘অঘটন’।এরপর ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষেও বাংলাদেশ জিতেছে খুব কম ম্যাচে। কেনিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে তো জেতাটা এখন নিয়মিতই বলা যায়। তাই অঘটনের বদনাম কাটিয়ে আস্তে আস্তে এই সাফল্য নিজেদের সামর্থ্যেরই ফল—এমন দাবিও তোলা হলো। সামর্থ্য হোক আর অঘটনই হোক, এই কৃতিত্বের সাক্ষী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও।এখানেও যে দুটি বড় ক্রিকেটশক্তিকে পরাভূত করেছে বাংলাদেশ। বেশি দিন আগের কথাও নয়। গেল বিশ্বকাপে এখানে এই দলটির বিপক্ষে জয় বিশ্বকাপের দ্বিতীয় পর্ব নিয়ে আশাবাদী করে তুলেছিল দেশবাসীকে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে জয় ছিল আর মাত্র একটি। বিশ্বকাপের পর কদিন আগে আরেক ক্রিকেটশক্তি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় এক দিনের ম্যাচে জয় নিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে রক্ষা পাওয়ার সুখস্মৃতিও এই চট্টগ্রামে। এ নিয়ে এখানে টানা চারটি জয়। ওয়েস্ট ইন্ডিজ দলের মতো ২-০ ব্যবধানে সিরিজ জিতে পাকিস্তান দলও শেষ একদিনের ম্যাচটি খেলার জন্য চট্টগ্রামে এসেছে। তাই তো এই মাঠে টানা চার জয়ের প্রেরণায় উজ্জীবিত হয়ে আবার স্বপ্ন দেখছে আবেগতাড়িত চট্টগ্রাম, আরেকটি অঘটনের। সিরিজটি ২-১ কি হচ্ছে! তবে আবেগে ভেসে যাওয়ার পাশাপাশি একটু রেকর্ড বইয়ের ছোট পরিসংখ্যানটার দিকে তাকান। পাকিস্তান দলের বিপক্ষে ২৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। তার মধ্যে জয় সেই এক যুগ আগের একটিই।