আবেগের বিতর্ক, আবার দেখার বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ থেকে তানভীর, শাইয়ান ও সাকিফ
ছবি: সংগৃহীত

ঢাকার সেন্ট যোসেফ স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বিতর্কে নাম লিখিয়েছিলেন শাইয়ান সাদিক। জীবনের প্রথম বিতর্কে সেমিফাইনালে বাদ পড়ে ভীষণ মনখারাপ হয়েছিল তাঁর। সেই যাত্রা শেষ হলো বিজয়ীর হাসি হেসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই শিক্ষার্থী ইকোনমিক ডেভেলপমেন্টে স্নাতকোত্তর পড়তে যাচ্ছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগোতে। ১০ ডিসেম্বর তাঁর এক যুগের বিতার্কিক জীবনের ইতি হলো। এই দিনে যুক্তির লড়াইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি সংশপ্তককে হারিয়ে বিজয়ী হয় শাইয়ানদের দল ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি অপরাজেয় বাংলা। শেষ বিতর্কে পুরো প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তার স্বীকৃতিও পেয়েছেন শাইয়ান সাদিক।

ইউএসএইডের উদ্যোগে ৪-১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। সহযোগিতায় ছিল বাংলাদেশ ডিবেট ফেডারেশন। ২৪টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দলের অংশগ্রহণে নারীর ক্ষমতায়ন ও নারীর প্রতি সহিংসতাবিরোধী ১৬ দিনব্যাপী প্রচারণার মূল প্রতিপাদ্য ছিল ‘দাও সাড়া তোলো আওয়াজ’।

বিজয়ী হওয়া শাইয়ানের দলের অন্য সদস্যরা হলেন সাকিফ আল এহসান খান ও মো. তানভীর হোসেন। চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয় বনানীর এক রেস্তোরাঁয়। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং ইউএসএইড বাংলাদেশের মিশন ডিরেক্টর ডেরিক এস ব্রাউন উপস্থিত ছিলেন।

শেষ বিতর্কে চ্যাম্পিয়ন এবং শ্রেষ্ঠ বক্তা হয়ে দারুণ রোমাঞ্চিত শাইয়ান। ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির হয়ে ২৩টি ফাইনালে অংশ নিয়েছি। অনেক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু এবারের চ্যাম্পিয়ন হওয়াটা আমার কাছে অন্য রকম। বিতর্ক সব সময় ভালোবাসা ছিল। নিজের প্রেমিকার মতো। শেষটা ভালো হলো। এর বেশি আর কী চাই! শেষ ভালো যার, সব ভালো তার।’ মুঠোফোনে এভাবেই প্রতিক্রিয়া জানান তিনি।

এ বিতর্কের মধ্য দিয়ে প্রায় ১০ মাস পর অনলাইনের পর্দার বাইরে সরাসরি অনুষ্ঠিত হলো ডিবেট ফেডারেশনের বিতর্ক। ‘এই সংসদ মনে করে নারীর উন্নয়নের ক্ষেত্রে পুরুষের ভূমিকাই অগ্রগণ্য’, ‘এই সংসদ নারীদের করমুক্ত আয়ের সীমা পুরুষের দ্বিগুণ করবে’ কিংবা ‘এই সংসদ নারীদের স্বার্থপর হতে শেখাবে’—এমন সব মোশনে যুক্তির ঝড় তুলেছিল ২৪টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল। প্রতি দল প্রাথমিক পর্যায়ে ট্যাব রাউন্ডে ৪টি বিতর্কে অংশ নেয়। এরপর শীর্ষ ৮টি দল নক-আউট পর্বে উত্তীর্ণ হয়। পর্যায়ক্রমে চূড়ান্ত পর্বে বিতর্ক করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ‘অপরাজেয় বাংলা’ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ‘সংশপ্তক’।

প্রতিযোগিতায় রানার আপ হওয়া সংশপ্তকের নেতৃত্ব দিয়েছেন তৌফিক আহমেদ। তাঁর সঙ্গে অংশ নেন মাহদী হাসান ও নাজমুস সাকিব। তৌফিকের কাছে পুরো আয়োজনের অর্জন উৎসবমুখর একটা পরিবেশ পাওয়া। তিনি বলেন, ‘করোনার আগে প্রতি শুক্রবার অফলাইনে
বিতর্ক করতাম আমরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিমের সঙ্গেও বিতর্ক হতো। কিন্তু এত দিন পর সরাসরি বিতর্ক করার সুযোগ পাওয়াটা
আনন্দের। বিতর্ক তো আসলে অনলাইনে ঠিক উৎসবমুখর হয় না। এবার সেটা হলো। সব বিতার্কিকের সঙ্গে দেখা হলো, আড্ডা হলো, এটাই সবচেয়ে বড় পাওয়া।’