দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ভূমিকা অনেক। এসএমইর জন্য তৈরি হচ্ছে নতুন নতুন ব্যবসায়িক ক্ষেত্র। অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে পুরুষ উদ্যোক্তাদের পাশাপাশি এগিয়ে এসেছেন অনেক নারী উদ্যোক্তাও। বিনিয়োগ করছেন এসএমই খাতে। বাংলাদেশের অর্থনীতিতে তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন ২০০৮ সাল থেকে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা পুরস্কার দিচ্ছে। সম্প্রতি ২০১০ সালের জন্য আবেদনপত্র আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল করির বলেন, ‘সংখ্যার হারে নারী দেশের মোট জনসংখ্যার অর্ধেক হলেও জিডিপিতে তাঁদের ভূমিকা অনেক কম। তার কারণ আমরা তাঁদের দেশের মূলধারার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করতে পারিনি।’ তিনি জানান, এসএমই ফাউন্ডেশন সে চেষ্টাই করছে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং নারীর ক্ষমতায়নের জন্যই এ পুরস্কার দেওয়া হয়।পুরস্কারের ক্ষেত্রসাধারণত চারটি বিশেষ ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের অবদানের জন্য চারটি শ্রেণীতে পুরস্কৃত করা হয়। ২০১০ সালের জন্যও চারটি শ্রেণী রাখা হয়েছে। শ্রেণী বা খাতগুলো হলো বর্ষসেরা নারী উদ্যোক্তা, নারী উদ্যোক্তা পরিচালিত বর্ষসেরা প্রতিষ্ঠান, বর্ষসেরা সৃজনশীল নারী উদ্যোক্তা এবং আজীবন সম্মাননা। প্রতিটির জন্য একটি করে পুরস্কার দেওয়া হবে। আবেদন পদ্ধতিপত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন থেকে জানা যায়, পুরস্কারের জন্য নিবন্ধিত ট্রেড সংগঠন ও আর্থিক প্রতিষ্ঠান তাদের সদস্যদের থেকে আবেদন করতে পারবে। উদ্যোক্তা একাকীও আবেদন করতে পারবেন। আজীবন সম্মাননা পুরস্কারের জন্য কোনো ব্যক্তির পক্ষে যে কেউ আবেদন করতে পারবেন। আবেদনপত্র পাওয়া যাবে এসএমই ফাউন্ডেশন দপ্তরে। আবেদনপত্র জমা দিতে হবে ২৪ আগস্টের মধ্যে। আবেদনপত্রটি সরাসরি বা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে। যাঁরা আবেদন করতে পারবেনবর্ষসেরা নারী উদ্যোক্তা, নারী উদ্যোক্তা পরিচালিত প্রতিষ্ঠান এবং বর্ষসেরা সৃজনশীল নারী উদ্যোক্তার জন্য বিনিয়োগ ন্যূনতম ৫০ হাজার থেকে এক কোটি ৫০ লাখ টাকা হতে হবে। আর শ্রেণীর বৈশিষ্ট্য অনুযায়ী অন্যান্য যোগ্যতাও থাকতে হবে। আজীবন সম্মাননার জন্য এমন একজন নারীকে বিবেচনা করা হবে, যিনি সমাজে প্রতিষ্ঠিত ও সম্মানিত ব্যক্তি। তবে এসএমই নারী উদ্যোক্তাদের জন্য কাজ করছে। পুরস্কারের ধরনবর্ষসেরা নারী উদ্যোক্তা, নারী উদ্যোক্তা পরিচালিত প্রতিষ্ঠান এবং বর্ষসেরা সৃজনশীল নারী উদ্যোক্তা—এ তিনটি ক্ষেত্রে প্রত্যেক বিজয়ীকে নগদ পুরস্কার ও একটি ক্রেস্ট দেওয়া হয়। আর আজীবন সম্মাননার ক্ষেত্রে শুধু ক্রেস্ট দেওয়া হয়। জুরি বোর্ডপুরস্কারের জন্য প্রায় এক হাজারেরও বেশি নারী উদ্যোক্তা আবেদন করতে পারেন। জানান সৈয়দ রেজওয়ানুল করির। প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে পুরস্কার প্রদানের জন্য একটি জুরি বোর্ড গঠন করা হয়। তবে জুরি বোর্ডে কারা থাকবেন, এখনো চূড়ান্ত হয়নি। তবে গতবারের জুরি বোর্ডের সদস্য ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সাবেক দুজন উপদেষ্টা, বিসিক চেয়ারম্যান, বিসিএসআইআরের চেয়ারম্যান, পিকেএসএফ থেকে একজন সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং সদস্যসচিব হিসেবে এসএমই ফাউন্ডেশন থেকে নির্বাচিত একজন প্রতিনিধি। এবারের জুরি বোর্ডও বিশিষ্টজনদের নিয়েই গঠিত হবে বলে জানা যায়। জুরি বোর্ড আবেদনকারীর দেওয়া তথ্যাদি পুঙ্খানুপঙ্খ বিবেচনা করে বিজয়ীদের তালিকা চূড়ান্ত করে থাকে। গতবারের বিজয়ীদের কথাবর্ষসেরা নারী উদ্যোক্তা পুরস্কার ক্যাটাগরিতে গতবারের (২০০৮) বিজয়ী নীলিমা আক্তার চৌধুরী, বর্ষসেরা নারী উদ্যোক্তা পরিচালিত প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল আজিজা খাতুনের ডেকোর আইডি। মনোয়ারা তালুকদার হয়েছিলেন সেরা সৃজনশীল নারী উদ্যোক্তা। মনোয়ারা তালুকদার বলেন, ‘এসএমই ফাউন্ডেশনের সম্মাননা আমাকে অনেক উৎসাহ দিয়েছে। এ পুরস্কারের ফলে ব্যবসায় নানা শ্রেণী থেকে সহযোগিতাও পাওয়া যায়।’ আরেক বিজয়ী নারী উদ্যোক্তা আজিজা খাতুন বলেন, নারীদের নানা কারণে ব্যবসায় প্রতিবন্ধকতায় পড়তে হয়। পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের ব্যাংকগুলো আর্থিক সহযোগিতা দিতেও এগিয়ে আসে। উদ্যোক্তা নীলিমা আক্তার বলেন, ‘পারিবারিক জীবনে নানা প্রতিকূলতা থেকে নিজেকে মুক্ত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে ব্যবসা শুরু করেছিলাম। বেশ কিছু পুরস্কারও পেয়েছি। তবে এসএমই ফাউন্ডেশনের পুরস্কার আমাকে অনেক বেশি প্রেরণা জুগিয়েছে।’ সারা দেশে যেসব নারী উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান রয়েছে, তারা আবেদন করতে পারে। জুরি বোর্ডের বিবেচনায় আপনি নির্বাচিত হয়েও যেতে পারেন।