আবেদন করেছেন তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণির কর্মকর্তা হওয়ার সুযোগ আবার এসেছে। গত ২৩ সেপ্টেম্বর এক হাজার ৮০৩টি শূন্য পদে নিয়োগ দিতে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আর ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আবেদন-প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর। আবেদনের পুরো প্রক্রিয়া চলছে অনলাইনে (www.bpsc.gov.bd)। এবারই প্রথম প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা হবে ২০০ নম্বরের।

প্রিলিমিনারি পরীক্ষা ২০০ নম্বরের
এবারই প্রথম ২০০ নম্বরের প্রাথমিক বাছাই পরীক্ষা হবে। পরীক্ষার সময় দুই ঘণ্টা। ২০০ নম্বরের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যে ৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্যে ৩৫, বাংলাদেশ বিষয় ৩০, আন্তর্জাতিক বিষয় ২০, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০, সাধারণ বিজ্ঞানে ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ১৫, গাণিতিক যুক্তিতে ১৫, মানসিক দক্ষতায় ১৫ এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে ১০ নম্বর থাকবে।

আবেদন করেছেন তো?
সাধারণ ক্যাডারে ৪৫৫ পদ

পিএসসি সূত্রে জানা গেছে, ৩৫তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৪৫৫টি পদ রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০টি, আনসারে চারটি, নিরীক্ষা ও হিসাবে চারটি, সমবায়ে চারটি, ইকোনমিক ক্যাডারে ৪০টি, পরিবার পরিকল্পনা ক্যাডারে ১০টি, খাদ্যে দুটি, পররাষ্ট্রে ২০টি, পুলিশে ৫০টি, তথ্যে ১১টি এবং ডাকে ১০টি পদ রয়েছে।
কারিগরি ক্যাডারে মোট পদ রয়েছে ৪৮৪টি। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে ৩১৭ জন সহকারী সার্জন ও ৫৪ জন সহকারী ডেন্টাল সার্জনের পদ রয়েছে। এ ছাড়া বিসিএস শিক্ষা ক্যাডারে ৮২৯ জন প্রভাষক ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৩৫ জন প্রভাষক নিয়োগ করা হবে। তবে পদসংখ্যা যেকোনো সময় বাড়তে পারে বলে জানা গেছে।

লিখিত ৯০০, মৌখিকে ২০০
সাধারণ ক্যাডারের প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে বাংলায় ২০০, ইংরেজিতে ২০০, বাংলাদেশ বিষয় ২০০, আন্তর্জাতিক বিষয় ১০০, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০ এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিতে ১০০ নম্বরে পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। কারিগরি ক্যাডারের জন্য বাংলায় ১০০, ইংরেজিতে ২০০, বাংলাদেশ বিষয় ২০০, আন্তর্জাতিক বিষয়াবলি ১০০, গাণিতিক যুক্তি ১০০ এবং সংশ্লিষ্ট পদের বিষয়ে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। উত্তীর্ণদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে।