স্বপ্নের চাকরি বিসিএস কর্মকর্তা। এবার শুরু হচ্ছে ৩৬তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষা। আগামী রোববার থেকে এ পরীক্ষার আবেদন গ্রহণ করা শুরু হবে। চলবে আগামী ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদনের পুরো প্রক্রিয়া চলবে অনলাইনে (www.bpsc.gov.bd)। আবেদনের জন্য মুঠোফোন অপারেটর টেলিটকের মাধ্যমে ৭০০ টাকা জমা দিতে হবে। তবে প্রতিবন্ধী ও আদিবাসীদের জন্য ফি ১০০ টাকা।
কোন ক্যাডারে কত পদ:
৩৬তম বিসিএসে মোট ২ হাজার ১৮০টি পদের মধ্যে সাধারণ ক্যাডারে ৫৪২টি পদ রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০টি, পুলিশে ১২০টি, কর ক্যাডারে ৪৩টি, তথ্যে ৩৭টি ও পররাষ্ট্রে ২২টি পদ রয়েছে। এ ছাড়া সমবায় ক্যাডারে ২২টি, আনসারে ১৯টি, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ১৫টি, খাদ্যে সাতটি, ইকোনমিক ক্যাডারে চারটি, ডাকে দুটি এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে একটি পদ রয়েছে।
কারিগরি ক্যাডারের পদের সংখ্যা ৭৪০টি। এর মধ্যে কৃষি ক্যাডারে ৩৯৭টি, স্বাস্থ্যে ১৮৭টি। এ ছাড়া বিসিএস সাধারণ শিক্ষায় ৮৭১টি, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য ২৩টি ও কারিগরি কলেজগুলোর জন্য চারটি পদ রয়েছে।