লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র সংগ্রহ, আবার জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়ানো। সেই সঙ্গে নির্ভুলভাবে আবেদনপত্র পূরণ করতে হবে এবং সংযুক্তিও থাকছে আরও গোটা পাঁচেক। ঝক্কিটা কি কম হয়? তবে আপনাকে সৌভাগ্যবানই বলতে হয়; কেননা, এই ঝক্কি-ঝামেলা থেকে মুক্ত আপনি। এখন বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয় মুঠোফোনের মাধ্যমে, যেখানে জানাতে হয় গুটি কয়েক তথ্য। আবেদনের জন্য আপনাকে খুদেবার্তা পাঠাতে হবে টেলিটক অপারেটর থেকে ১৬২২২ নম্বরে। এখানে আপনাকে জানাতে হবে বিশ্ববিদ্যালয়ের কোড নাম, যেমন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য RU, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় CUET—এ রকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা বিশ্ববিদ্যালয় কোড। এরপর স্পেস দিয়ে টাইপ করতে হবে এইচএসসির শিক্ষা বোর্ডের কোড নাম। এটিও ঠিক একই রকম, যেমন: ঢাকা বোর্ডের জন্য DHA, রাজশাহী RAJ, দিনাজপুর DIN, কুমিল্লা COM, সিলেট SYL, যশোর JES, বরিশাল BAR, চট্টগ্রাম CHI, মাদরাসা MAD এবং কারিগরি শিক্ষ বোর্ড VOC। এইচএসসি পরীক্ষার রোল নম্বর, স্পেস দিয়ে যুক্ত করতে হবে এইচএসসি পাসের সাল। এবার স্পেস দিয়ে উল্লেখ করতে হবে এসএসসির শিক্ষা বোর্ড, রোল নম্বর ও পাসের সাল। সব শেষে যে অনুষদে কিংবা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, তার কোড। তবে মনে রাখতে হবে, যে বিশ্ববিদ্যালয়ে একাধিক অনুষদ কিংবা ইউনিটে নেই, তাদের ইউনিট কোড লাগবে না। এবং আরেকটি তথ্য জেনে নেওয়া দরকার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এসএসসির কোনো তথ্য উল্লেখ করতে হবে না। আর কোটায় আবেদনের ক্ষেত্রে সব শেষে যুক্ত করতে হবে কোটার কোড, যেমন: মুক্তিযোদ্ধার জন্য FFQ, আদিবাসী TQ, অ-আদিবাসী NTQ, শারীরিক প্রতিবন্ধী PDQ। এ তো গেল প্রথম দফার প্রক্রিয়া। এই খুদেবার্তা পাঠানোর পর ফিরতি খুদেবার্তায় আপনাকে একটি পিন নম্বর এবং ভর্তি পরীক্ষার ফি জানিয়ে সম্মতি চাওয়া হবে। আপনাকে সম্মতি জানিয়ে পুনরায় খুদেবার্তা পাঠাতে হবে। এতে উল্লেখ করতে হবে বিশ্ববিদ্যালয়ের কোড নাম ও স্পেস দিয়ে YES লিখে আরও একটি স্পেস দিয়ে ফিরতি খুদেবার্তায় পাঠানো পিন নম্বরটি লিখে পুনরায় একটি স্পেস দিয়ে আপনার মুঠোফোন নম্বরটি লিখতে হবে; যে নম্বটিতে পরবর্তী সময়ে যোগাযোগ করা হবে এবং পরীক্ষার রোল নম্বর পাঠানো হবে। এসব খুদেবার্তায় সব তথ্য বড় হাতের অক্ষরে লিখতে হবে এবং সম্মতি দিয়ে ফিরতি খুদেবার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার মুঠোফোন থেকে ভর্তি ফি কেটে নেওয়া হবে।এ ক্ষেত্রে শুধু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম। এখানে প্রথম দফায় খুদেবার্তা পাঠাতে হয়। আপনি ভর্তি পরীক্ষার যোগ্য বিবেচিত হলে ফিরতি খুদেবার্তায় ভর্তি পরীক্ষার রোল নম্বর আসবে এবং মুঠোফোন থেকে ভর্তি ফি কেটে নেওয়া হবে। প্রবেশপত্র সংগ্রহের ক্ষেত্রে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। আর বেশ কটির প্রবেশপত্র পরীক্ষার হলেই পাওয়া যাবে। এ জন্য লাগবে দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। তথ্যসংক্রান্ত যেকোনো বিভ্রান্তি দূর করার জন্য ঢুঁ মারা যাবে বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট ও বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফোন নম্বরে।