আবেদনপত্র নিতে এসে নাকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটি, পত্রিকা বিছিয়ে বাসা থেকে চেয়ার এনে খোলা আকাশের নিচে শুয়ে-বসে রাত কাটাতে হয়েছে। অনেকে দুপুর ও রাতের খাবার সেরে নেন আশপাশের রেস্তোরাঁয়। ভর্তি পরীক্ষার আবেদনপত্র সংগ্রহ করতে এসে এভাবে নাকাল হতে হয় অভিভাবকদের। ২৪ নভেম্বর রাত আটটায় সরেজমিনে দেখা যায়, নগরের জামালখান সেন্ট মেরিস বিদ্যালয় থেকে সরকারি হাজী মুহম্মদ মুহসীন উচ্চবিদ্যালয় পর্যন্ত সড়কের পাশে আবেদনপত্রের জন্য অপেক্ষা করছেন শত শত অভিভাবক। দুর্ভোগের কারণে একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন অনেকে। ২৫ নভেম্বর ছিল নগরের জামালখান সেন্ট মেরিস বিদ্যালয়ে কেজি ওয়ানের ভর্তি পরীক্ষার আবেদনপত্র সংগ্রহের দিন।জানা যায়, নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদনপত্র সংগ্রহের ব্যবস্থা থাকলেও বেশির ভাগ বেসরকারি বিদ্যালয়ে সরাসরি এবং ব্যাংকের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ২৫ নভেম্বর নগরের জামালখান সেন্ট মেরিস বিদ্যালয়ে কেজি ওয়ানের ভর্তি পরীক্ষার আবেদনপত্র সংগ্রহ করতে অভিভাবকেরা আগের দিন সকাল আটটা থেকেই লাইনে দাঁড়ান। এ রকম লাইনে দাঁড়ানো খাতুনগঞ্জের ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াছ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কী করব, উপায় দেখছি না। সকাল আটটা থেকে দুপুর দুইটার মধ্যে ফরম সংগ্রহ করতে হবে। তাই যথাসম্ভব আগে ফরম পেতে সকালে এসে লাইনে দাঁড়িয়েছি। দুপুরের খাবার সেরেছি আশপাশের হোটেলেই। রাতটাও দেখছি এখানেই কাটাতে হবে।’ তাঁর মতে, কর্তৃপক্ষ যদি ওয়েবসাইট কিংবা ব্যাংকের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফরম পাওয়ার ব্যবস্থা করত, তাহলে অভিভাবকদের এত দুর্ভোগ পোহাতে হতো না। জানা যায়, অনেক বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের দুর্ভোগ কমানোর জন্য ব্যাংকের মাধ্যমে ফরম ছাড়ছেন। কিন্তু তাতে তেমন সুফল মেলেনি। গত সোমবার থেকে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের ভর্তি পরীক্ষার ফরম ছাড়া হয় আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের তিনটি শাখার মাধ্যমে। জিইসি মোড়, জুবিলি রোড এবং আগ্রাবাদ শাখার মাধ্যমে পঞ্চম, ষষ্ঠ ও কেজি ওয়ানের ফরম দেওয়া হয় এসব শাখা থেকে। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ফরম জমা দেওয়ার শেষ তারিখ ৩ ও ৪ ডিসেম্বর। কেজি ওয়ানের ফরম ছাড়া হবে ১, ৪ ও ৫ ডিসেম্বর। জমা দিতে হবে ৫, ৭ ও ৮ ডিসেম্বর। ভর্তি পরীক্ষার তারিখ জানানো হবে ফরম জমা দেওয়ার পর। গতকাল (সোমবার) সকালে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের জিইসি মোড় শাখা থেকে ইস্পাহানী পাবলিক স্কুলের ভর্তি পরীক্ষার ফরম নিতে এসেছিলেন অভিভাবক আশরাফুল হাসান। তিনি বলেন, ব্যাংকের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফরম ছাড়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের দুর্ভোগ কমেছে—অভিভাবকদের দুর্ভোগ কমেনি একটুও। লাইনে দাঁড়িয়ে ফরম নিতে যে সময় লাগে ব্যাংক থেকে ফরম নিতেও একই সময় এবং শ্রম ব্যয় হচ্ছে। এ বিষয়ে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আলম চৌধুরী বলেন, ‘আগামী বছরেই আমরা অনলাইনে ফরম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এ প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে।’ বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারা বেগম বলেন, ‘মূলত ফরম সংগ্রহে ভোগান্তি কমাতেই ব্যাংকের মাধ্যমে আমরা ফরম ছেড়েছি। কলেজ পর্যায়ে অনলাইনে ফরম ছাড়া হলেও বিদ্যালয়-পর্যায়ে এখানো ফরম ছাড়তে পারিনি। তবে সেটা করার চিন্তাভাবনা চলছে।’এদিকে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজেও নার্সারি, ষষ্ঠ ও নবম (ব্যবসায় শিক্ষা) শ্রেণীতে ভর্তির ফরম ছাড়া হয়েছে ২৭ নভেম্বর থেকে। পাওয়া যাবে ৫ ডিসেম্বর পর্যন্ত। জমা দেওয়ার শেষ তারিখ ৭, ৮ ও ১০ ডিসেম্বর। নার্সারিতে প্রাথমিক বাছাই হবে ১৭, ১৮ ও ২০ ডিসেম্বর। ষষ্ঠ ও নবম শ্রেণীতে ভর্তি পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর।কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কাশেম আশা প্রকাশ করেন অনলাইনে ফরম বিতরণ আগামী বছর থেকে চালু করা হবে।জানা যায়, নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণীর ভর্তির আবেদনপত্র অনলাইনে দেওয়া হবে ৭ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। জমা নেওয়া হবে ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ নভেম্বর।সূত্রমতে, জেলা প্রশাসনের ভর্তি কমিটি এবার নয়টি স্কুলকে ক ও খ দুই ভাগে ভাগ করেছে। ক বিভাগে রয়েছে কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় (নাসিরাবাদ)। খ বিভাগে রয়েছে সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয় ও বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়।সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জিয়াউল হায়দার প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে নয়টি সরকারি স্কুলের ওয়েবসাইট থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলোড করার সুবিধা রাখা হয়েছে। পরে স্কুলে এসে আবেদনপত্র ফিসহ জমা দিলেই চলবে।’