আব্বা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্বা, কত দিন হয়ে গেল তোমাকে খুব কাছে থেকে আব্বা বলে ডাকি না। কিন্তু তুমি আমাদের ছেড়ে চলে যাওয়ার পর এমন একটা দিনও পার করিনি যে তোমাকে মনে মনে ‘আব্বা-আব্বা’ বলে ডাকিনি। যেদিন তুমি পৃথিবীর মায়া কাটিয়ে আমাদের ছেড়ে চলে গেলে, সেদিন ছিল ৭ এপ্রিল।আব্বা সাংবাদিক মোহাম্মদ হোসেন ছিলেন আমাদের ‘বন্ধু’। আপনজনদের নিয়ে স্মৃতিকথা লেখা খুব কঠিন কাজ। দুচোখের পানি সমস্ত লেখা ঝাপসা করে দেয়। আম্মার সঙ্গে যে কথাগুলো আলোচনা করতে পারতাম না, সেগুলো নিয়ে তোমার সঙ্গে আলাপ করতাম অবলীলায়। কী মিষ্টি ছিল তোমার কথা বলার ধরন। কথার ফাঁকে ফাঁকে রসিকতা করতেও ছাড়তে না। কখনো উচ্চস্বরে কোনো কথা বলতে শুনিনি তোমাকে আব্বা। আজকাল যখন কোথাও দেখি কোনো বাবা দুই মেয়ের হাত ধরে রাস্তা পার হচ্ছেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। অঝোরে কাঁদি। আমাদের দুই বোনের স্মৃতিতে এই ছবিটা যে ভীষণ উজ্জ্বল। আজ জীবনের চলার পথে একা একাই চলছি আব্বা। অতি কাছের মানুষটিকেও পাশে পাই না তোমার মতো করে।আব্বা, মনে পড়ে, তোমার সঙ্গে কখনো রিকশায় বেড়াতে গেলে আমাদের কখনো ডান দিকে বসতে দিতে না। ছোট ছিলাম, না বুঝে বহুবার প্রশ্ন করেছি। তুমি বলতে, তোমরা বাবা-মা হও, তখন বুঝবে। আসলে সত্যিই আব্বা, এখন আমি ছেলেদের নিয়ে রিকশায় উঠলে নিজে ডান দিকে বসি। মা হয়েছি তো, সন্তানের মূল্য বাবা-মায়ের কাছে কতটুকু, তা বুঝতে শিখেছি আব্বা। কিন্তু তুমি বেঁচে থাকতে সেই মূল্যবান দুজনের মূল্য কতটুকু, তা কি অনুধাবন করতে পেরেছিলাম?আব্বা, কিছু কিছু মানুষ তার নিজের নামের রূপ ধারণ করে পৃথিবীতে আসে। তোমার ডাক নাম ছিল ‘মানিক’। আসলেই তুমি মানিকের মতো দ্যুতি ছড়িয়ে গেছো আমাদের সবার মাঝে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে কেবল মানুষ হিসেবে মূল্যায়ন করতে শিখিয়েছিলে আমাদের। মনে পড়ে আব্বা, একটি মাত্র ছেলের জন্য মেয়ে দেখতে তোমাকে সঙ্গে নিতে পারিনি। তোমার ওই একই কথা, ‘আল্লাহর সৃষ্ট কোনো বান্দাকে দেখে আমি বলতে পারব না যে তাকে আমার পছন্দ হয়নি’—এত সুন্দর যুক্তিযুক্ত কথা কেবল তোমার মতো সুন্দর মনের মানুষের মুখেই মানায় আব্বা। গান শেখার সময় রবীন্দ্রনাথের গানের কোনো কথা ভুল হলে তুমি সঙ্গে সঙ্গে গীতবিতান ঘেঁটে, সঠিক শব্দটি মেলে ধরতে আমাদের দুবোনের সামনে। সে ব্যাপারে কোনো ক্লান্তি ছিল না তোমার। বরং নিজের ছেলের বৌকে বলতে, ‘বৌমা, তুমিও আমার মেয়েদের সঙ্গে গান শিখতে শুরু করো তো।’ যেন সেও তোমার আরেকটি মেয়ে।আব্বা, তোমার ছায়া খুঁজে ফিরি পরিবারের অন্য সব সদস্যের মাঝে। তোমার যে সুন্দর মূল্যবোধগুলো, সেই মূল্যবোধের বাঁধনে ওদের আমরা বাঁধতে চাই। আমাদের এই ইচ্ছেটুকু যেন অপূর্ণ না থাকে। আমাদের স্মৃতিপটে আঁকা তোমার যে উজ্জ্বল ছবি, তা যেন ছড়িয়ে দিতে পারি আমাদের ছেলেমেয়েদের মধ্যে।আমাদের মনোজগতের আনাচকানাচে তুমি ছড়িয়ে আছো। কত স্মৃতি, কথা কথা। মৃত্যুর প্রগাঢ় অন্ধকার তোমাকে ছিনিয়ে নিলেও, আব্বা, তুমি নতুন আলোর দিশারি হয়ে জ্বলজ্বল করবে আমাদের মানসপটে। ফারাহ বিপাশাগুলশান, ঢাকা।