আব্বাকে বলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার সব চাওয়া-পাওয়া, বায়না ধরা মাকে ঘিরেই। একান্তই যেটা আব্বার কাছ থেকে চেয়ে পাওয়ার, সেটাও আমি মায়ের মাধ্যমে আব্বার কাছ থেকে আদায় করতাম। তাই খুব ছোটবেলা থেকেই আব্বার সঙ্গে একটা দূরত্ব ছিল আমার।

আমার আব্বার নাম চানমিয়া তালুকদার, ফরিদপুর জেলার সদরপুর থানার চরকুমারিয়া গ্রামের একজন সাধারণ কৃষক। সাংসারিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আব্বা আমাকে সময় দিতেন খুবই কম। তখন মনে হতো আব্বা বুঝি আমাকে ভালোই বাসেন না।

আমার প্রতি আব্বার ভালোবাসা প্রথম বুঝতে পারি আমার এসএসসির ফলাফলের দিন। ফলাফল নিয়ে বাড়ি ফেরার আগেই আব্বা আমার ভালো ফলের খবর পেয়ে যান। বাড়ি ফিরে যখন শুনি আমার রেজাল্টের কথা শুনে আব্বা আনন্দে অঝোরে কেঁদেছেন, তখন আমিও চোখের জল ধরে রাখতে পারিনি। সেদিন আমার গরিব কৃষক আব্বা নিজ হাতে আমাদের পাড়ার সবাইকে মিষ্টি খাইয়েছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ঢাকায় চলে আসার পর এখন বাড়িতে ফোন করলে সবার সঙ্গে কথা বলে যখন আব্বা ফোন ধরেন, তখন টের পাই ওপাশে আব্বার চোখ ছলছল করছে। আমার চোখেও তখন নীরবে জল গড়িয়ে পড়ে। এমন অনুভূতি আর কারও ক্ষেত্রেই হয় না আমার। আব্বার কাছে টাকা চেয়ে ফোন করলে কখনো জানতে চান না টাকা কিসের জন্য। আমার প্রতি আব্বার এই বিশ্বাস আমাকে সৎ হতে অনুপ্রাণিত করে। এখন বুঝি আব্বার কঠোর পরিশ্রম, চোখের জল শুধু আমারই জন্য। এখন বুঝি আব্বা আমাকে কতটা ভালোবাসেন। আব্বার ভালোবাসার কথা বুঝলেও আব্বাকে কখনো আমার ভালোবাসার কথা বলা হয়নি। আজ বাবা দিবসে বলি, ‘আব্বা, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি।