আব্বুকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আব্বু,
আমি তোমাকে এই চিঠিটা লিখছি। আমার লেখা দরকার। ২২ বছর বয়স সত্যি বলতে গেলে বাবা হারানোর জন্য অনেক কম বয়স। তুমি তোমার পরবর্তী প্রজন্মকে দেখে যেতে পারোনি। এখনো বিশ্বাস হয় না, তোমার চলে যাওয়াটা।
সিসিইউতে যখন তুমি ছিলে, আমি ইচ্ছা করেই যাইনি এই ভেবে যে তোমাকে হাসপাতালে ওই অবস্থায় দেখলে আমি অনেক ভেঙে পড়ব। দুই ঘণ্টা আগেও তো ভাবিনি যে তুমি হাসপাতালে থাকবে। বাসা থেকে সুস্থভাবে বের হওয়ার সময় যে কথা হয়েছিল তোমার সঙ্গে, ওগুলোই তোমার সঙ্গে আমার শেষ কথা। কথাগুলো অনেকটা এমন ছিল যে পরশু দিন খুব সকালে এয়ারপোর্টে যেতে হবে আমাদের। তার দুই দিন পরে যুক্তরাষ্ট্রে যাব আমরা ভাই-ভাবির ওখানে। সেটা নিয়ে কত  উচ্ছ্বাস ছিল। তুমি চলে যাওয়ার চার ঘণ্টা আগে সুস্থ শরীরে নিজে গাড়ি চালিয়ে শপিং মলে গেলে, কখনোই তোমার হার্টে সমস্যা ছিল না, কিন্তু এক মুহূর্তে এটা কী হয়ে গেল?
নয় মাস ধরে তুমি আমাদের সঙ্গে নেই। সবকিছু খুব সুন্দরমতোই চলছে, সবকিছু অনেক শান্ত, এমনকি আশপাশের অনেকেই হয়তো আমাদের সামনে তোমার কথা সেভাবে বলে না এই ভেবে যে যদি কেউ মন খারাপ করে তোমার জন্য। কিন্তু আমি মন খারাপ করতে চাই; চাই এই পৃথিবীর সব মানুষ মন খারাপ করুক। তুমি আমার ২৩তম জন্মদিনে ছিলে না, ভাই-ভাবির বিয়েবার্ষিকীতে ছিলে না, ভাই-ভাবির জন্মদিনে ছিলে না, মায়ের জন্মদিনে ছিলে না, এমনকি তোমার ৩৩তম বিয়েবার্ষিকীতেও তুমি ছিলে না। রাগ অনেকটা এ কারণেই। তোমার থাকা উচিত ছিল সবখানেই।
কোনো কিছুই এখন আর ঠিক নেই, আব্বু। আমাদের সবারই জীবন কেমন যেন বদলে গেছে তুমি চলে যাওয়ার পরে। তোমাকে ছাড়া আমরা সত্যিকার অর্থেই ভালো নেই। কোনো দিন মনে কোনো কষ্ট রেখো না, কখনো কষ্ট পেলেও ভুলে যেয়ো। আমরা আমরাই তো? তাই না?

মেহরাব মাসাঈদ হাবীব

সেগুনবাগিচা, ঢাকা